Advertisement
E-Paper

ডিজের ‘তাণ্ডব’ রুখতে গিয়ে পুরুলিয়ায় বাধা পেল পুলিশ! ভাঙচুর গাড়িও, গ্রেফতার দু’জন

ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০০ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। আটক করা হয়েছে সাউন্ড সিস্টেম বোঝাই গাড়িগুলি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৮:০৩

— প্রতীকী চিত্র।

এ বার পুরুলিয়ায় শিব গাজনের অনুষ্ঠানে ডিজের তাণ্ডব রুখতে গিয়ে বাধা পেল পুলিশ। পুলিশকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ দেওয়ার অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, ভেঙে দেওয়া হয় পুলিশের গাড়ির কাঁচ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিবার দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতেরা হলেন সমীর মাহাতো ও মলয় মাহাতো।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে হুড়া থানার বাথানডি গ্রামে দু’টি গাড়িতে বক্সে গান বাজানো হচ্ছিল। কে বেশি জোরে গান বাজাতে পারে, তা নিয়ে দুই গাড়ির মধ্যে প্রতিযোগিতা চলছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাদের গান বন্ধ করতে বলে। অভিযোগ, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। ভাঙচুর করা হয় তাদের গাড়ি। পরে আরও পুলিশকর্মী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ জানিয়েছে, ধৃতদের বাড়ি হুড়া থানার বাথানডি গ্রামে। রবিবার তাদের পুরুলিয়া আদালতে হাজির করানো হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০০ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। আটক করা হয়েছে সাউন্ড সিস্টেম বোঝাই গাড়িগুলি। শব্দদূষণ এবং পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলা সম্পাদক মধুসূদন মাহাতো।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy