বেশ কয়েক জন তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে রাতে বোমাবাজির অভিযোগ উঠল নানুরে। তাঁরা সকলেই বিধায়ক কাজল শেখের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত। সিসি ক্যামেরার ফুটেজে কয়েক জনকে বোমা ছুড়ে পালাতেও দেখা গিয়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করছেন স্থানীয়দের একাংশ। তবে তৃণমূলের দাবি, অভিযুক্তদের বহু দিন আগের দুর্নীতিতে জড়িত থাকার কারণে দল থেকে বার করে দেওয়া হয়েছে। তাঁরা এখন বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন বলে নিজেরা দাবি করেন। বিজেপির সঙ্গে ওই ব্যক্তিদের যোগ নেই বলেই জানান তৃণমূল কর্মীদের একাংশ।
অভিযোগ, শনিবার রাত ১১টা নাগাদ নানুরের থুপসারা অঞ্চলের তাখোরা গ্রামে তৃণমূল কর্মী বাপ্পা চৌধুরী, আলো চৌধুরী, রাহুল শেখ, শেখ ফিরোজ, শেখ নাজির, আবুল হোসেন শেখের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। স্থানীয় সূত্রে খবর, ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে ৩০ থেকে ৪০টি বোমা ছোড়া হয়েছে। একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, আলোর বাড়িতে বোমা মেরে বেশ কয়েক জন থলে হাতে ছুটে পালাচ্ছেন।
স্থানীয় তৃণমূল কর্মী আরিফ আলি বলেন, ‘‘যারা বোমা মেরেছে, তারা তোলাবাজি করত। তৃণমূল থেকে তাদের বার করে দেওয়া হয়েছিল। এখন তারা দাবি করে, তারা বিজেপির সঙ্গে যুক্ত। প্রশাসন না এলে বাচ্চাদেরও প্রাণ যেত।’’ বোমা ছোড়া হয়েছে তৃণমূল কর্মী বাপ্পার বাড়ি লক্ষ্য করে। সেই বাপ্পা বলেন, ‘‘বোমা যারা মেরেছে, তাদের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। দুর্নীতির কারণে দল থেকে বার করে দেওয়া হয়েছিল।’’ পাশাপাশি তিনি এ-ও বলেন, ‘‘বিজেপির সঙ্গে কোনও শত্রুতা নেই আমাদের। বিজেপি কর্মীদের সঙ্গে কোনও ঝামেলা নেই।’’ আর এক তৃণমূল কর্মী শেখ ফিরোজ বলেন, ‘‘অভিযুক্তেরা গালিগালাজ করে। বাচ্চা, মহিলাদের লক্ষ্য করে বোমা মারে। আমরা তৃণমূল করি বলে এ সব করল। ওরাও করত। সকলকেই চিনি।’’