Advertisement
E-Paper

টুকরো খবর

জলের দাবিতে বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। মঙ্গলবার মানবাজার ১ ব্লক অফিসে ঘণ্টাখানেক বিক্ষোভ-অবস্থান করেন স্থানীয় রজকপাড়ার বাসিন্দারা। তাঁদের দাবি, মাসখানেক ধরে তাঁদের এলাকায় পাইপ লাইনে জল সরবরাহ বন্ধ রয়েছে। পরে বিডিও-র আশ্বাসে বিক্ষোভ ওঠে। মানবাজারের বিডিও সায়ক দেব বলেন, “রজকপাড়ার বাসিন্দারা জল পাচ্ছেন না বলে আমাকে অভিযোগ জানিয়েছেন। এ বিষয়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরের সঙ্গে কথা বলেছি।

শেষ আপডেট: ১৪ মে ২০১৪ ০০:৪৫

জলের দাবি

নিজস্ব সংবাদদাতা • মানবাজার

জলের দাবিতে বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। মঙ্গলবার মানবাজার ১ ব্লক অফিসে ঘণ্টাখানেক বিক্ষোভ-অবস্থান করেন স্থানীয় রজকপাড়ার বাসিন্দারা। তাঁদের দাবি, মাসখানেক ধরে তাঁদের এলাকায় পাইপ লাইনে জল সরবরাহ বন্ধ রয়েছে। পরে বিডিও-র আশ্বাসে বিক্ষোভ ওঠে। মানবাজারের বিডিও সায়ক দেব বলেন, “রজকপাড়ার বাসিন্দারা জল পাচ্ছেন না বলে আমাকে অভিযোগ জানিয়েছেন। এ বিষয়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন বুধবার দফতরের কর্মীরা এলাকায় গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”

Advertisement

স্কুল-ছুটের বিয়ে বন্ধ

নিজস্ব সংবাদদাতা • বলরামপুর

স্কুল-ছুট এক ছাত্রীর বিয়ে রুখল প্রশাসন। বলরামপুর ব্লক এলাকার ঘটনা। সোমবার ছিল ওই মেয়েটির বিয়ের দিন। বলরামপুর এলাকার পাত্রের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল। খবর পেয়ে বলরামপুরের বিডিও সুচেতনা দাস-সহ আধিকারিকরা নাবালিকার বাড়িতে গিয়ে তার অভিভাবকদের বোঝান, মেয়েটির এখনও বিয়ের বয়স হয়নি। বিডিও বলেন, “মেয়েটি সপ্তম শ্রেণিতে পড়তে পড়তে সম্প্রতি স্কুল ছেড়ে দেয়। কন্যাশ্রী প্রকল্পের সুবিধার কথা তার পরিবারকে জানাই। আমরা মেয়েটিকে ও তাঁর অভিভাবকদের বলেছি পড়তে চাইলে প্রশাসন সাহায্য করবে।” তিনি জানান, ওই নাবালিকা তাঁদের কাছে লিখিত ভাবে জানিয়েছেন, আপাতত সে বিয়ে করবে না।

পথ দুর্ঘটনায় মৃত্যু দু’জনের

দুর্ঘটনায় মৃত্যু হল বিশ্বভারতীর শিক্ষাসত্রের দশম শ্রেণির এক ছাত্র-সহ দু’জনের। পুলিশ জানায়, মৃতেরা হলেন বর্ধমানের ভেদিয়ার বাসিন্দা আকাশ প্রামাণিক (২২) ও দশম শ্রেণির ছাত্র সৌগত দলুই। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে ভেদিয়া পঞ্চায়েত অফিসের পাশে। আকাশের বাড়ি বর্ধমানে হলেও কর্মসূত্রে বাবা-মা ও স্ত্রীকে নিয়ে শ্রীনিকেতনে নিজের বাড়িতে থাকতেন। শনিবার তাঁর বিয়ে হয়েছে। সে জন্য বর্ধমানের বাড়িতে মঙ্গলবার অনুষ্ঠানের আয়োজন ছিল। মোটরবাইকে করে দুই বন্ধু সৌগত ও সন্তোষ কুমারের সঙ্গে বেরিয়েছিল আকাশ। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইকটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় সৌগতর। সঙ্কটজনক অবস্থায় আকাশ ও সন্তোষকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা আকাশকে মৃত বলে জানিয়ে দেন। অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান পাঠানো হয় সন্তোষকে।

কলেজে বিক্ষোভ

পরীক্ষা বাবদ বেশি ফি নেওয়ার অভিযোগে রাজ্যের মন্ত্রী নুরে আলম চৌধুরী প্রতিষ্ঠিত নলহাটির সফিয়া গার্লস কলেজে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত ফি বৃদ্ধির প্রতিবাদে অধ্যক্ষের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করেন কলেজের বিএ প্রথম বর্ষের শতাধিক পড়ুয়া। ফি বৃদ্ধির ব্যাপারে কলেজের অধ্যক্ষ জগন্নাথ রায়চৌধুরীর সঙ্গে ফোনে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। সদুত্তর পাওয়া যায়নি কলেজের অন্য কর্মীদের কাছ থেকেও। অন্য দিকে, ছাত্রীদের অভিযোগ, এলাকার অন্য কলেজগুলিতে বিএ প্রথম বর্ষের পাশ পড়ুয়াদের জন্য যেখানে ৬০০ টাকা নেওয়া হচ্ছে তাঁদের কলেজে ১২০০ টাকা করে নেওয়া হচ্ছে। অনার্সের ক্ষেত্রে অন্য কলেজেগুলিতে ৮০০ টাকা করে নেওয়া হচ্ছে, সেখানে সফিয়া গার্লস কলেজে ১৬০০ টাকা নেওয়া হচ্ছে। মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে মন্তব্য করতে চাননি।

ক্লাবে বিস্ফোরণ

বিস্ফোরণে ভেঙে গেল কাঁকরতলার ভবানীগঞ্জ গ্রামের সুভাষ সঙ্ঘ নামে ক্লাবঘরের দেওয়াল। চাঙড় ছিটতে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লাবের পাশে থাকা একটি পুলকার। হতাহতের খবর নেই। সোমবার রাতে ঘটনাটি ঘটে। তবে হজরতপুর পঞ্চায়েতের নির্বাচিত সদস্য ফব-র প্রবীর ঘোষ বিষয়টি তদন্ত করে দেখতে লিখিত ভাবে থানায় জানিয়েছেন। কে বা কারা কী উদ্দেশ্যে বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন, এসপি রশিদ মুনির খান। এলাকায় উত্তেজনা থাকায় মঙ্গলবার কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছে বলে জানা গিয়েছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy