Advertisement
E-Paper

টুকরো খবর

স্নাতকোত্তর স্তরে ভর্তির ফর্মের দাম কমানো-সহ কয়েক দফা দাবিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আবেদন জানাল এসএফআই। বুধবার এসএফআইয়ের রাজ্যে কমিটির সদস্য বিনোদ ঘোষ, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য চন্দন সোম ও সৌমেন কার্ফা উপাচার্য স্মৃতিকুমার সরকারের সঙ্গে দেখা করেন। এসএফআইয়ের দাবি, বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর স্তরের ভর্তির ফর্মের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে দিয়ে ৪০০ টাকা করেছে।

শেষ আপডেট: ০৫ জুন ২০১৪ ০০:৩৮

বর্ধমান বিশ্ববিদ্যালয়

ফর্মের দাম কমানোর দাবি
নিজস্ব সংবাদদাদাতা • বর্ধমান

স্নাতকোত্তর স্তরে ভর্তির ফর্মের দাম কমানো-সহ কয়েক দফা দাবিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আবেদন জানাল এসএফআই। বুধবার এসএফআইয়ের রাজ্যে কমিটির সদস্য বিনোদ ঘোষ, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য চন্দন সোম ও সৌমেন কার্ফা উপাচার্য স্মৃতিকুমার সরকারের সঙ্গে দেখা করেন। এসএফআইয়ের দাবি, বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর স্তরের ভর্তির ফর্মের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে দিয়ে ৪০০ টাকা করেছে। এরফলে শুধুমাত্র আর্থিক কারণে অভাবি পরিবারের অনেক ছাত্রছাত্রী ভর্তির ফর্ম কিনতে পারবেন না। ফলে তাঁদের উচ্চশিক্ষার পথ বন্ধ হয়ে যাবে। বাম ছাত্র সংগঠনটির আরও দাবি, বিশ্ববিদ্যায়ের দুরশিক্ষা বিভাগে স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য মেধা তালিকা তৈরি করতে হবে। ছাত্রছাত্রীদের পড়ার খরচে আংশিক ও পুরো ছাড় দেওয়ার আগে আরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আরও সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করছে এসএফআই। তাদের অভিযোগ, এমন অনেক ছাত্রছাত্রী আর্থিক ছাড়ের সুযোগ পাচ্ছেন, যাঁরা প্রকৃত অর্থে দুঃস্থ পরিবার থেকে উঠে আসেননি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হস্টেলের ছাত্রছাত্রীদের গভীর রাত পর্যন্ত রাস্তায় ঘুরতে দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেছে এই ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। এসএফআইয়ের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি নেতা সন্তু ঘোষ ও দীপক পাত্র বলেন, “এই দাবিগুলি আমাদের পুরনো দাবি। এই দাবির ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের কাছে বার কয়েক স্মারকলিপি জমা দিয়েছি আমরা। ফর্মের দাম কমানোর বিষয়টি মেনে নেওয়া হয়েছে। তারপরেও নিজেদের অস্তিত্বরক্ষার তাগিদে এসএফআই ওই পুরনো দাবিগুলি নিয়ে আন্দোলন করতে চাইছে।” উপাচার্য স্মৃতিকুমার সরকার জানান, দাবিগুলি সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে। হস্টেলের ছাত্রছাত্রীদের গভীর রাতে রাস্তায় ঘোরার প্রমাণ চাওয়া হয়েছে।

Advertisement

অবস্থান উঠল ডিভিসি-র গেটে
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর

জট কাটার ইঙ্গিত মিলেছিল মঙ্গলবারের বৈঠকেই। বুধবার থেকে কেটে গেল গত দু’দিন ধরে চলা ডিভিসি-র প্রকল্পের অচলাবস্থা। এ দিন থেকে স্বাভাবিক ভাবে কাজ হয়েছে রঘুনাথপুরের ওই তাপবিদ্যুত্‌ প্রকল্পে। প্রকল্পের মুখ্য বাস্তুকার হিরন্ময় চট্টোপাধ্যায় জানান, এ দিন মূল গেট আটকে বিক্ষোভ-অবস্থানে বসেননি গ্রামবাসী বা কোনও রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা। ফলে, প্রকল্পস্থলে ঢুকতে বাধা পাননি কর্মীরা। ঝাড়খণ্ডের খনি থেকে কয়লা নিয়ে আসা ট্রাকগুলিও প্রকল্পে ঢুকেছে। বিদ্যুত্‌কেন্দ্রের নিরাপত্তার কারণে নিতুড়িয়ার ভালডুবি গ্রামের কাছে প্রকল্পে ঢোকার ছোট একটি গেট সোমবার থেকে বন্ধ করে দিয়েছিলেন ডিভিসি কর্তৃপক্ষ। তার ফলে শ্রমিক ও বাসিন্দাদের ঘুরপথে প্রকল্পে যেতে হচ্ছিল। ওই গেট খোলার দাবিতে প্রকল্পের মূল গেট আটকে গত সোম ও মঙ্গলবার দিনভর বিক্ষোভ-অবস্থান করেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকেরা। যার জেরে টানা দু’দিন ওই প্রকল্পের নির্মাণকাজ। কর্মীরা ঢুকতে পারেননি। আটকে পড়েছিল কয়লার ট্রাকগুলিও। মঙ্গলবার পুরুলিয়ায় জেলা পরিষদ ভবনে সভাধিপতি সৃষ্টিধর মাহাতোর উপস্থিতিতে দীর্ঘ আলোচনা হয় ডিভিসি কর্তৃপক্ষ ও রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের মধ্যে। ঠিক হয়, আপাতত ভালডুবি গ্রামের কাছের ছোট গেটটি বন্ধ থাকবে। যখন ঘুটিতোড়া গ্রামের দিকের বড় গেট বন্ধ করবে ডিভিসি, সেই সময়ে পরিবর্তে পাশে একটি ছোট গেট খুলে দেওয়া হবে শ্রমিকদের যাতায়াতের সুবিধার জন্য। হিরন্ময়বাবু বলেন, “বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছিল। ফলে সমস্যা মিটে গেছে। ডিভিসি কর্তৃপক্ষ সব সময়েই আলোচনায় উঠে আসা সিদ্ধান্ত কার্যকর করে। এ বারও তার ব্যতিক্রম হবে না।”

বৈদুতিক সরঞ্জাম চুরির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি

কয়েকদিন আগে লাভপুরের একটি গুদাম থেকে লক্ষাধিক টাকার বৈদ্যুতিক সরঞ্জাম ট্রাক ভর্তি হয়ে বোলপুরের দিকে যাচ্ছিল। সেই গাড়ি আটক করে পুলিশ। নামানো হয় ট্রাকে থাকা সরঞ্জামগুলি। কিন্তু ওই ট্রাকটিকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এর ফলে ক্ষোভ প্রকাশ করেছেন জেলা বিদ্যুত্‌ দফতরের কর্মীরা। জেলা বিদ্যুত্‌ দফতরের একটি সংগঠনের চিফ অ্যাডভাইজার মিলন মুখোপাধ্যায়ের অভিযোগ, “এ ব্যাপারে থানায় কোনও অভিযোগ করা তো হয়নি, ট্রাকচালক বা মালিককে ডেকে কোনও জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হইনি।” এ ব্যাপারে জেলা বিদ্যুত্‌ বণ্টন দফতরের সার্কেল ম্যানেজারের কাছে জবাব চাইতে একটি স্মারকলিপি দেওয়া হবে বলে জানিয়েছেন মিলনবাবু। তাঁদের আরও অভিযোগ, কয়েক মাস আগে বিদ্যুত্‌ দফতরের বিভিন্ন ঠিকাদারের গুদাম থেকে প্রচুর বৈদ্যুতিক সরঞ্জাম পাওয়া গিয়েছিল। তা নিয়েও কোনও ব্যবস্থা নেওয়া হইনি। সংশ্লিষ্ট দফতরের (বণ্টন) সার্কেল ম্যানেজার তপন দে বলেন, “আমি দায়িত্ব নেওয়ার আগে ওই সব ঘটনা ঘটেছে বলে শুনেছি। আর সম্প্রতি যে বৈদ্যুতিক সরঞ্জামগুলি পাওয়া গিয়েছে সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং যে সরঞ্জামগুলি উদ্ধার হয়েছে সেগুলি বোলপুর এলাকায় কাজে লাগানো হবে।”

থানায় বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • পাড়ুই

বেসরকারি একটি অর্থলগ্নি সংস্থার স্থানীয় এজেন্টদের মারধর করা, বাজার থেকে তোলা অর্থ আত্মসাত্‌ করা এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ওই সংস্থারই অন্যতম এক কর্তার বিরুদ্ধে। এই মর্মে ওই এজেন্টরা পাড়ুই থানায় বুধবার লিখিত অভিযোগ জানিয়েছেন। এ দিন এজেন্টদের একাংশ পাড়ুই থানায় বিক্ষোভও দেখান। এ দিন স্থানীয় এজেন্ট মনিরুল মোল্লা বলেন, “২০১২ সালের নভেম্বর মাস থেকে আমরা কাজ করছি। বাজার থেকে টাকা তুলেছি। আমানতকারীদের প্রচুর টাকা তোলার পর ওই সংস্থা টাকা দিতে অস্বীকার করে। ফলে ২০১৩ সালের জুন মাস নাগাদ ওই সংস্থার কর্তাকে আটকে রেখে আমাদের দেনাপাওনা মেটানোর আর্জি জানানো হয়। কিন্তু আমাদের ওই স্থংস্থার স্থানীয় এক কর্তা শেখ আয়েজুদ্দিন সমস্ত টাকা আত্মসাত্‌ করেছেন। ওই টাকা দেওয়ার জন্য এ দিন সমস্ত এজেন্টদের ডেকেছিলেন তিনি। পরিকল্পিতভাবে আটকে রেখে আমাদের মারধর করা হয়েছে।” এই ঘটনায় আহত এজেন্টরা এ দিন বিকেলে পাড়ুই থানায় যান। অভিযুক্ত শেখ আয়েজুদ্দিনের বাড়ি পাড়ুই থানার মহুলারার গ্রামে। তাঁর সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। পুলিশ জানায়, অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে।

বালকের দেহ
নিজস্ব সংবাদদাতা • পাত্রসায়র

বাড়িতেই মিলল এক স্কুলছাত্রের ঝুলন্ত দেহ। বুধবার সকালে পাত্রসায়র থানার বালসি গ্রামের ঘটনা। মৃতের নাম অরুণ মাঝি (১২)। বালসি হাইস্কুলের পঞ্চম শ্রেণির এই ছাত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নামে। বালসি গ্রামের আমগোড়েপাড়ার বাসিন্দা, পেশায় রং মিস্ত্রি সঞ্জয় মাঝির দুই ছেলের মধ্যে বড় জন ছিল অরুণ। এ দিন সকাল ৮টা নাগাদ বাড়ির লোকের নজর এড়িয়ে অরুণ ঘরের কড়িকাঠ থেকে গলায় শাড়ির ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। তার মা শ্যামলীদেবীর নজরে পড়তেই তিনি চিত্‌কার শুরু করেন। ছুটে আসেন পড়শিরা। খবর পেয়ে বালসি ২ পঞ্চায়েতের প্রধান বুদ্ধদেব পাল এসে অরুণকে পাত্রসায়র ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছনোর আগে রাস্তাতেই অরুণ মারা যায়। পুলিশের অনুমান, পারিবারিক কোনও কারণে ছেলেটি আত্মঘাতী হয়েছে।

সাইকেল বিলি
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর

তপশিলি উপজাতি সম্প্রদায় ভূক্ত ছাত্রীদের সাইকেল দিল প্রশাসন। বুধবার রঘুনাথপুর ১ ব্লক কার্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে ২৬৬ জন ছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন বিডিও এবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রিনা বাউরী। রঘুনাথপুর ১-এর বিডিও সুনীতিকুমার গুছাইত জানান সাইকেল দেওয়া হয়েছে অনগ্রসর শ্রেণি কল্যান দফতরের অর্থসাহায্যে। পঞ্চায়েত সমিতি এলাকা ও রঘুনাথপুর পুরসভার ১৬টি স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের এ দিন সাইকেল দেওয়া হয়েছে।

শোকমিছিল
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তপন শিকদারের স্মরণে বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে বুধবার দিনভর শোকমিছিল করল বিজেপি। বাঁকুড়া শহরের একটি মিছিলে উপস্থিত ছিলেন দলের রাজ্য সহ সভাপতি সুভাষ সরকার, জেলা সভাপতি জয়ন্ত মণ্ডল সহ অনেকে । দলের জেলা সাধারণ সম্পাদক অজয় ঘটক বলেন, “গত দু’দিনে জেলার প্রায় সব কটি ব্লকেই শোক মিছিল করেছি আমরা।”

জামাইষষ্ঠী উপলক্ষে বুধবার সকালে পুজো দিচ্ছেন বাড়ির বধূরা।
সঙ্গে রয়েছে কোলের শিশুও। বোলপুরে ছবিটি তুলেছেন বিশ্বজিত্‌ রায়চৌধুরী।

বেলুনওয়ালা। বিষ্ণুপুরে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy