Advertisement
E-Paper

টুকরো খবর

যুগ্ম-বিডিওকে হেনস্থার প্রতিবাদে কিছু দিন আগে মিছিল করেছিলেন এলাকার সরকারি কর্মীরা। এ বার তার পাল্টা মিছিল করল তৃণমূল। মঙ্গলবার বোরো গ্রামের ওই মিছিলে সামিল শাসকদলের কর্মী-সমর্থকদের মুখে শোনা গেল মানবাজার ২-এর বিডিও এবং স্থানীয় পুলিশের বিরুদ্ধে স্লোগানও। যুগ্ম-বিডিওকে হেনস্থার প্রতিবাদে কিছু দিন আগে মিছিল করেছিলেন এলাকার সরকারি কর্মীরা। এ বার তার পাল্টা মিছিল করল তৃণমূল।

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৪ ০০:২৭

পাল্টা মিছিল কর্মীদের

নিজস্ব সংবাদদাতা • বোরো

যুগ্ম-বিডিওকে হেনস্থার প্রতিবাদে কিছু দিন আগে মিছিল করেছিলেন এলাকার সরকারি কর্মীরা। এ বার তার পাল্টা মিছিল করল তৃণমূল। মঙ্গলবার বোরো গ্রামের ওই মিছিলে সামিল শাসকদলের কর্মী-সমর্থকদের মুখে শোনা গেল মানবাজার ২-এর বিডিও এবং স্থানীয় পুলিশের বিরুদ্ধে স্লোগানও। সম্প্রতি যুগ্ম-বিডিওকে হেনস্থা করা হয়েছে অভিযোগে বিডিও পার্থ কর্মকার এক মহিলা এবং তৃণমূলের ব্লকস্তরের এক নেতা-সহ ৯ জনের বিরুদ্ধে থানায় এফআইআর করেন। মঙ্গলবার অভিযুক্তেরা পুরুলিয়া আদালতে গিয়ে জামিন পান। তৃণমূলের জেলা কমিটির সদস্য, বেলডি গ্রামের বাসিন্দা শ্রীপতি মাহাতোর দাবি, “হেনস্থার ঘটনায় বিডিও পরিকল্পিত ভাবে আমাদের দলের নেতা ও কর্মীদের নাম দিয়েছিলেন লিখিত অভিযোগে।” অভিযুক্তদের অন্যতম, বোরো গ্রামের বাসিন্দা উমাকান্ত মাহাতো বলেন, “অভিযোগ প্রত্যাহার না হলে আমাদের আন্দোলন বড় আকার নেবে।” বিডিও (মানবাজার ২) পার্থ কর্মকার অবশ্য বলেন, “আইন মেনেই আমি অভিযোগ জানিয়েছি। ওঁরা বিক্ষোভ জানাতেই পারেন।”

Advertisement

প্রশিক্ষণ শিবির

নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

দু’মাসের ফুটবল ও অ্যথলেটিক্স প্রশিক্ষণ শিবির সোমবার শেষ হল পুরুলিয়ায়। পশ্চিমবঙ্গ রাজ্য ক্রীড়া পর্ষদের উদ্যোগে হওয়া এই শিবিরের পর্যবেক্ষক শেখ আলি হোসেন জানিয়েছেন, ফুটবলের প্রশিক্ষণ শিবিরটি বসেছিল কাশীপুরে এবং অ্যাথলেটিক্সের শিবিরটি ছিল পুরুলিয়া মানভূম ক্রীড়া সংস্থার মাঠে। কাশীপুরের বিধায়ক স্বপন বেলথরিয়ার উদ্যোগে এখানে টানা তিন মাস ধরে পুরুষ ও মহিলা ফুটবল প্রতিযোগিতার আসর বসেছিল। তাই রাজ্য ক্রীড়া দফতর ফুটবলের শিবিরটি এখানেই করার অনুমতি দিয়েছিল বলে আলি হোসেন জানান। তিনি বলেন, “এই দু’টি শিবির থেকেই বেশ কয়েক জন প্রতিভা আমরা খুঁজে পেয়েছি। রাজ্যস্তরে বাছাই পর্বে পাঠানো হবে।”

নাবালিকার বিয়ে রুখলেন বিডিও

নিজস্ব সংবাদদাতা • বোরো

খবর পেয়ে এক নাবালিকার বিয়ে রুখলেন বিডিও। রবিবার বোরো থানার বেলডি গ্রামের ঘটনা। মেয়েটি স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণির পরে পড়া ছেড়ে দেয়। কিন্তু ১৮ বছর হওয়ার আগেই তার বিয়ে দিয়ে দেওয়া হচ্ছিল। রবিবারই বিয়ে হওয়ার কথা ছিল একই থানার খেড়াড়ি গ্রামের ভরত মাহাতোর সঙ্গে। মানবাজার ২ ব্লকের বিডিও পার্থ কর্মকার বলেন, “মেয়েটির বাবা প্রশাসন লিখিত মুচলেকা দিয়ে জানিয়েছেন, মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত তার বিয়ে দেবেন না।”

বাড়ি বাড়ি গিয়ে প্রচারেই নজর রামচন্দ্র ডোমের

দিন চারেক আগে জেলার মধ্যে থাকা বোলপুর লোকসভা কেন্দ্র এলাকায় সিপিএম প্রার্থী রামচন্দ্র ডোম-এর হয়ে প্রচার শুরু করে দিয়েছেন কর্মী-সমর্থকেরা। বোলপুর ব্লক এলাকায় তিনি এখনও প্রচার শুরু করেননি। তার আগে মঙ্গলবার বোলপুর লোকসভা কেন্দ্রের আওতায় থাকা বর্ধমান জেলার মঙ্গলকোট, আউশগ্রামে নিজে হাজির হয়ে বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রচার করলেন রামবাবু। প্রসঙ্গত, বীরভূম জেলায় দু’টি লোকসভা কেন্দ্রের মধ্যে বোলপুরে এখনও কংগ্রেস তাদের প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। তবে এই এলাকায় উন্নয়নের কাজের নিরিখে বা মানুষের পাশে দাঁডানোই হোক অথবা চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এটা ধরে নিয়েই, দফায় দফায় নির্বাচনী প্রচারের জন্য নকশা তৈরি করতে বৈঠক করছে সিপিএম। সোমবার বোলপুরের জোনাল কমিটি কার্যালয়ে সিপিএম প্রার্থী রামবাবুকে নিয়ে ঘণ্টা তিনেক বৈঠক করছে দল। মঙ্গলবারও একটি বৈঠক করেছে সিপিএম। দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য গৌতম ঘোষ বলেন, “আমরা প্রার্থীকে নিয়ে ইতিমধ্যে মঙ্গলকোট ও আউশগ্রামে প্রচার করেছি। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছি লাভপুর এবং নানুর ব্লকেও। দলের পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে বোলপুর লোকসভাকেন্দ্র এলাকায় নির্বাচনী প্রচার, দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। তবে এই শহরে এবং লাগোয়া পঞ্চায়েত এলাকাগুলিতে দিন কয়েকের মধ্যে আমরা প্রার্থী নিয়ে নির্বাচনী প্রচারে নামব।” দলীয় সূত্রে খবর, আগামী ১৭ মার্চ থেকে রামবাবুকে সঙ্গে নিয়ে বোলপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে এবং লাগোয়া রাইপুর-সুপুর এবং রূপপুর পঞ্চায়তে বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রাচারে যাবে সিপিএম। গৌতমবাবু জানান, নানুর, কীর্ণাহার, চৌহাট্টা, থিবা, ধান্যসড়া, সুরুল, ফুলডাঙা-সহ বোলপুর লোকসভা কেন্দ্রের বহু জায়গায় দেওয়াল লিখনের কাজ পুরোদমে চলছে।

দেহ উদ্ধার

এক তরুণের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম মিঠুন সরেন (১৮)। বাড়ি ময়ূরেশ্বরের নবগ্রামে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিদির বাড়ি যাচ্ছি বলে মিঠুন সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। মঙ্গলবার সকালে স্থানীয় রসুনপুর মোড় এলাকায় তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বাবা হরি সরেন বলেন, “মুখে জল দিতেই হেঁচকি উঠতে থাকে। তার পরে ছেলে নেতিয়ে পড়ে।” প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত মদ্যপানের কারণেই ওই তরুণের মৃত্যু হয়ে থাকতে পারে। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

সংঘর্ষে জখম ৬

গমের জমিতে সেচের জল দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জখম হল উভয় পক্ষের ছ’জন। সোমবার রাতে মাড়গ্রাম থানার তপন গ্রামের ঘটনা। আহতদের মধ্যে এক মহিলা আছেন। আহতদের রাতে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মুদ্দিন শেখ নামে এক যুবককে রাতেই বর্ধমান মেডিক্যালে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন দুপুরে গ্রামের মাঠে গম জমিতে সেচের জল দেওয়াকে কেন্দ্র করে মুদ্দিন শেখের আত্মীয় সেপটু শেখের সঙ্গে পড়শি দিলীপ শেখের বচসা হয়। রাতে তা সংঘর্ষের চেহারা নেয়।

খুদেদের ক্রীড়া প্রতিযোগিতা

রবি ও সোমবার মানবাজারের গোপালনগর শুভায়ন ক্লাবের উদ্যোগে গোপালনগরে খুদে ও কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। ক্লাবের সম্পাদক বদনচন্দ্র মাহাতো বলেন, “এলাকায় ছোটদের মধ্যে খেলাধুলোর প্রসার ঘটানোর লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।”

সেতুবন্ধন কমিটি

ছান্দার পঞ্চায়েতের ১৩৮টি স্বনির্ভর গোষ্ঠীকে নানান সরকারি প্রকল্পগুলিতে সাহায্য করতে একটি সেতুবন্ধন কমিটি গঠন করা হল। পঞ্চায়েতের তরফে এই উপলক্ষে সোমবার ওই পঞ্চায়েতে একটি অনুষ্ঠান করা হয়েছে। কমিটিতে মোট পাঁচ জন সদস্য রয়েছে।


ভোটারের হেঁসেলে প্রার্থী। মঙ্গলবার থেকে প্রচার শুরু করলেন বিষ্ণুপুরের বামফ্রন্ট প্রার্থী সুস্মিতা বাউরি।
গ্রামের পথে ঘুরলেন। ঢুকলেন বাড়িতেও। বিষ্ণুপুরের লয়া গ্রামে ছবিটি তুলেছেন শুভ্র মিত্র।

সহজ পাঠ

পাথরচাপুড়ির একটি স্কুলে পড়ুয়াদের চিত্র প্রদর্শনী। —নিজস্ব চিত্র।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy