৩৮ বছরে পা দিল রামপুরহাটের নাট্যসংস্থা ‘প্রবাহ নাট্যম’। ওই উপলক্ষে সংস্থা সংস্থা একটি নাট্য মেলার আয়োজন করেছে। শুক্রবার সন্ধ্যায় সংস্থার পঞ্চম এই নাট্যমেলার শুরু হল স্থানীয় রক্তকরবী পুরমঞ্চে। উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, অধ্যাপক সৌমিত্র বসু। প্রথম দিন সংস্থার শিশুশিল্পীরা নাটক ‘তোতা কাহিনী’ মঞ্চস্থ করে। সৌমিত্র বসুর নির্দেশনায় এ দিনের দ্বিতীয় নাটক ‘কার কপালে’র মঞ্চস্থ করে কলকাতার অর্ন্তমুখ সংস্থা। নাট্যমেলার দ্বিতীয় দিনের প্রথম নাটক আয়োজক সংস্থার ‘ধম্ম যখন ছোঁয়ালেন হুজুর’। তার পরেই হবে হালিশহরের ‘ইউনিটি মালঞ্চ’ সংস্থার নাটক ‘ঘুম ভাঙার গান’। তৃতীয় দিন নাট্যমেলার বিশেষ আকর্ষণ বাংলাদেশের নাট্যদল ‘শব্দ নাট্যচর্চা’। তারা মঞ্চস্থ করবে ‘তৃতীয় একজন’ নাটক। তবে, বাংলাদেশের ওই প্রযোজনার আগে বর্ধমানের ‘কুশীলব’ নাট্যসংস্থা নিবেদন করবে ‘শেষ কথা’ নাটক। উদ্যোক্তারা জানান, প্রতিটি নাটক মঞ্চস্থ হওয়ার পরে দর্শকেরা কলাকুশলীদের সঙ্গে অভিনীত নাটক নিয়ে প্রশ্নোত্তর পর্বে যোগ দিতে পারবেন।