কেন্দ্রীয় সরকারের সাফল্য তুলে ধরতে কর্মীদের বাড়িবাড়ি প্রচারে র উপরে জোর দিতে বললেন বিজেপি-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা বাঁকুড়া জেলার পর্যবেক্ষক গৌতম চৌধুরী। রবিবার গঙ্গাজলঘাটির দুর্লভপুরের লটিয়াবনী অঞ্চল উচ্চ বিদ্যালয়ে দলের একটি প্রশিক্ষণ শিবিরে এ কথা বলেন তিনি।
গৌতমবাবুর কথায়, “আসন্ন বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারের উন্নয়ণ মূলক কাজের প্রচারে আরও জোর দিতে হবে। এক্ষেত্রে প্রতিটি বুথে বুথে মানুষের বাড়ি গিয়ে কেন্দ্রের কাজকর্ম তুলে ধরতে হবে।’’ প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি জয়ন্ত মণ্ডল, দলের মুখপাত্র অজয় ঘটক-সহ অনেকে। অন্য দিকে, এ দিন বেকারদের চাকরি দেওয়ার দাবিতে বড়জোড়া বাজারে মিছিল করল ডিওয়াইএফ। উপস্থিত ছিলেন সিপিএমের জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরী, ডিওয়াইএফের জেলা সম্পাদক শুভাশিস বিশ্বাস, সভাপতি জয়ন্ত মুখোপাধ্যায়। এ দিনই বড়জোড়ার একটি লজে ডিওয়াইএফের এক দিনের বড়জোড়া জোনাল সম্মেলন অনুষ্ঠিত হয়।