তৃণমূল কর্মীকে খুন করে নদীর চরে পুঁতে দেওয়ার ঘটনায় ধৃত নিহতেরই দুই বন্ধু উত্তম মণ্ডল (রাজু) এবং ফাল্গুনি চট্টোপাধ্যায়কে (বাবু) ৯ দিন নিজেদের হেফাজতে পেল পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের হাজির করানো হলে সিউড়ির ভারপ্রাপ্ত সিজেএম অর্ণব রায়চৌধুরী এই নির্দেশ দেন। গত সোমবার সন্ধ্যায় বক্রেশ্বর নদের বালিতে পুঁতে রাখা অবস্থায় দয়ময় সাহা নামে ওই তৃণমূল কর্মীর দেহ উদ্ধার করেছিল পুলিশ। পুরন্দরপুর পঞ্চায়েত এলাকা নিজুরি গ্রামের বাসিন্দা ওই তৃণমূলকর্মী রবিবার দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সভায় যোগ দিতে গিয়ে আর বাড়ি ফেরেননি। নিহতের পরিবার দয়াময়ের ওই দুই ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধেই খুনের অভিযোগ দায়ের করেছিল। মঙ্গলবারই উত্তম মণ্ডলের বাড়ি থেকে রক্তের দাগযুক্ত সোয়েটার ও তোশক উদ্ধার হয়। বুধবার বিকালে দুই বন্ধুকে পড়ুই থানা এলাকা থেকে গ্রেফতার করে সিউড়ি থানার পুলিশ। পুলিশের দাবি, জেরায় খুনের কথা কবুল করলেও কী কারণে এই খুন, তা এখনও জানায়নি ধৃতেরা। সেই তথ্য পেতেই ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজতে চেয়েছিল পুলিশ। অবশ্য ন’দিন মঞ্জুর হয়েছে।