প্রয়াত আনন্দদুলাল রায় স্মৃতি নকআউট আন্তঃ জেলা আদিবাসী ফুটবল টুর্নামেন্ট শুরু হল সাঁইথিয়ায়। শুক্রবার থেকে শুরু হওয়া দু’দিনের ওই প্রতিযোগিতার আয়োজক স্থানীয় আদিবাসী তরুণ সঙ্ঘ। এ দিন সকালে মুরাডিহি কলোনির সূর্যসেন পল্লি ফুটবল ময়দানে প্রতিযোগিতার উদ্বোধন করেন আনন্দবাবুর ছেলে তথা শহরের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু রায়। প্রতিযোগিতায় বীরভূম, মুর্শিদাবাদ ও বর্ধমানের মোট ২৪টি দল যোগ দিয়েছে। এ দিন সকাল ৯টা থেকে ১৫-৫-১৫ মিনিটের ফর্মাটে ১২টি ম্যাচ সম্পূর্ণ হয়েছে। এ দিন জয়ী হয়ে বর্ধমানের এসসিবিপি, গুসকরার নিত্যদাসপুর যুব মার্শাল ক্লাব, মুর্শিদাবাদের গোকর্ণর মুর্মু একাদশ, মহম্মদবাজারের জয় মা তারা জুনিয়র টিম, পাঁচামি অগ্রগামী যুব সঙ্ঘ, ময়ূরেশ্বরের নান্দুলিয়া আদিবাসী একাদশ, গণপুরের ম্যানেজার পাড়া, সাঁইথিয়ার হরিসড়া, বাগডোলা, মুনাই একাদশ, নেতুর আদিবাসী হরিহর গাঁওতা ও আমোদপুর দাদানতলা পরবর্তী রাউন্ডে উঠেছে। খেলা পরিচালনা করেছেন শ্যামসুন্দর দাস, পরিমল বসাক এবং বিশ্বজিৎ হাঁসদা। খেলা দেখতে প্রচুর মানুষ ভিড় করেছিলেন। আজ, শনিবার ১২টি দলের মধ্য নকআউট খেলা শেষে চারটি কোয়ার্টার ফাইনাল উঠবে। ওই দিনই সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার আয়োজক সংস্থার সম্পাদক অর্জুন মাণ্ডি জানিয়েছেন, প্রয়াত আনন্দবাবুর প্রতি শ্রদ্ধা জানাতেই স্থানীয় সবুজ সঙ্ঘ ক্লাবের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।