প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা সুজিত বসুর ‘ঘনিষ্ঠ’ আরও এক কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, দমদম পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টিঙ্কু বর্মার বিরুদ্ধে দিন কয়েক আগেই লেকটাউন থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার টিঙ্কুকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ।
সরকারে পালাবদলের পর নানা অভিযোগে একের পর এক গ্রেফতারির খবর মিলছে। তাঁদের মধ্যে বেশির ভাগই রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূলের নেতানেত্রী। ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে তোলাবাজি, দুর্নীতি— নানা অভিযোগ উঠছে। ধৃতের মধ্যে অনেকেই কোনও না কোনও প্রভাবশালী তৃণমূল নেতার ‘ঘনিষ্ঠ’ বলেই পরিচিত। এ বার সেই তালিকায় জুড়ল দমদম পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নাম। স্থানীয় সূত্রে খবর, টিঙ্কু এলাকায় সুজিতে অনুগামী বলেই পরিচিত ছিলেন। নানা অনুষ্ঠানে নানা সময়ে তাঁকে সুজিতের সঙ্গে দেখা গিয়েছে। এই কাউন্সিলের বিরুদ্ধে ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ উঠেছিল।
আরও পড়ুন:
দিন দুয়েক আগেই গ্রেফতার হন সুজিত-ঘনিষ্ঠ বিধাননগরের ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দার। ধৃত রঞ্জন কাউন্সিলর ছাড়াও ৫ নম্বর বরোর চেয়ারম্যানও। তাঁর বিরুদ্ধেই টাকা তোলার অভিযোগ করেছিলেন সল্টলেক-করুণাময়ী রুটের কয়েক জন বাসমালিক এবং কর্মী। এর আগে তোলাবাজির অভিযোগেই বিধাননগরের ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশোভন মণ্ডল ওরফে মাইকেলকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে এলাকার দোকানদারেরা থানায় অভিযোগ করেছিলেন।