Advertisement
E-Paper

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! সঙ্গে ঝড়, কবে কমবে তাপমাত্রা?

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত টানা ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ২১:৫০
অস্বস্তিকর গরম কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।

অস্বস্তিকর গরম কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। — ফাইল চিত্র।

গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। পশ্চিমের জেলাগুলিতে অস্বস্তি আরও বেশি। কয়েকটি জেলায় গরমের জন্য সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, এখনই দিনের তাপমাত্রা কমছে না দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্ত বৃষ্টি চললেও তার প্রভাবে গরম কমবে না। তবে পাঁচ দিন পরে নামবে তাপমাত্রা। এমনিতে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি হলেও আর্দ্রতার কারণে অস্বস্তি খুব বেশি। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। পাহাড় এবং সংলগ্ন জেলায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

গত কয়েক দিন ধরেই অস্বস্তিকর গরম দক্ষিণবঙ্গে। মাঝেমধ্যে কোনও কোনও জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হচ্ছে, তার জেরে অস্বস্তি আরও বাড়ছে। আবহবিদেরা মনে করছেন, তাপমাত্রা খুব বেশি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাচ্ছে। হাঁসফাঁস গরম সবচেয়ে বেশি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়ায় সকাল ১০টার পর থেকে সুনসান রাস্তাঘাট। খুব প্রয়োজন না পড়লে কেউ বিকেলের আগে বেরোতে চাইছেন না। গত কয়েক দিন বৃষ্টি না-হওয়ায় দাবদাহ বেড়েছে। শুক্রবারের পর থেকে পুরুলিয়া জেলা আদালতে গরমের ছুটি পড়ছে। তাই গরম উপেক্ষা করেই আদালতে কাজ সেরে নিতে ভিড় করেন মানুষ জন। পুরুলিয়া মেডিক্যাল কলেজের সুপার তথা সহকারী অধ্যক্ষ সুকমল বিশোই বলেন, ‘‘সকাল ১০টার পর থেকে বিকেল ৪টে পর্যন্ত বাড়ি থেকে না বেরোনোই ভাল। রোদ থেকে বাঁচতে মাথায় আচ্ছাদন ব্যবহার করুন। সুতির হালকা পোশাক ব্যবহার করুন, পর্যাপ্ত পরিমাণে জল পান করুন।’’

পুরুলিয়ার পাশাপাশি গরমে নাজেহাল অবস্থা বাঁকুড়া ও বীরভূমের মানুষজনেরও। বীরভূমের দুবরাজপুর থানা এলাকার বাসিন্দা তোতন মিশ্র বলেন, ‘‘শুক্রবার বিকেলে সামান্য বৃষ্টি হলেও কিন্তু অস্বস্তি বিন্দুমাত্র কমেনি।’’ একই অবস্থা বাঁকুড়াতেও। সেখানেও গরমে নাজেহাল দশা মানুষজনের। বিকেলে সামান্য বৃষ্টি হলেও অধরা স্বস্তি।

কেন আর্দ্রতাজনিত অস্বস্তি এতটা বেশি? হাওয়া অফিস বলছে, ওড়িশার উপরে রয়েছে একটি উচ্চচাপযুক্ত ঘূর্ণাবর্ত। সাগর থেকে দেড় কিলোমিটার উচ্চতায়। উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে ওড়িশার এই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। তার প্রভাবে সাগর থেকে ছুটে আসছে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প। সে কারণে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিও বাড়ছে।

হাওয়া অফিস বলছে, আগামী পাঁচ দিন রাজ্যের তাপমাত্রার হেরফের হবে না। তার পরের দু’দিন ধীরে ধীরে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের জন্য হলুদ সতর্কতা রয়েছে। তবে একই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে গরমের জন্যও সতর্কতা রয়েছে। সেই সতর্কতা রয়েছে আগামী বৃহ্স্পতিবার পর্যন্ত। তার পরে দাবদাহ কিছুটা কমবে।

উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত টানা ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে রয়েছে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সতর্কতা। ওই জেলাগুলিতে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার সব জায়গায় তা হবে না।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy