Advertisement
E-Paper

আরজি কর: ‘দাদাগিরিতে’ নাম জড়ানো সেই চিকিৎসক অভীক ফের বিপাকে! এ বার বিভাগীয় তদন্তের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন

সরকারি হাসপাতালে ‘দাদাগিরি’র অভিযোগে নাম জড়িয়েছিল অভীকের। আরজি কর-কাণ্ডের পর ঘটনাস্থলে এসএসকেএমের চিকিৎসক-পড়ুয়া অভীকের উপস্থিতি নিয়েও উঠেছিল একাধিক অভিযোগ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৮:০০
চিকিৎসক অভীক দে। আরজি কর-কাণ্ডের পরবর্তী সময়ে সরকারি হাসপাতালে ‘দাদাগিরিতে’ নাম জড়ায় তাঁর।

চিকিৎসক অভীক দে। আরজি কর-কাণ্ডের পরবর্তী সময়ে সরকারি হাসপাতালে ‘দাদাগিরিতে’ নাম জড়ায় তাঁর। —ফাইল চিত্র।

আরজি কর কাণ্ডের পর তাঁর নাম উঠে এসেছিল। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে ‘দাদাগিরি’র অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এ বার সেই চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন। তিনি কী ভাবে স্নাতকোত্তর স্তরে ভর্তির সুযোগ পেয়েছিলেন, তা-ও খতিয়ে দেখতে পৃথক অনুসন্ধান শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্ধমান মেডিক্যাল কলেজের রেডিয়োডায়াগনসিস বিভাগের প্রাক্তন আরএমও অভীক। পরে এসএসকেএম হাসপাতালে জেনারেল সার্জারি বিভাগে প্রথম বর্ষের স্নাতকোত্তর ট্রেনি হন। আরজি কর কাণ্ডের পর তাঁকে নিলম্বিত করা হয়েছিল। এখনও নিলম্বিতই রয়েছেন তিনি। এ বার তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। শনিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য ভবন। একই সঙ্গে অভীক কী ভাবে ‘সার্ভিস কোটা’ ব্যবহার করে স্নাতকোত্তরে ভর্তি হলেন, তা খতিয়ে দেখতেও পৃথক অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর হাসপাতালে চিকিৎসক-পড়ুয়ার দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে। সেই পরিস্থিতিতে সরকারি হাসপাতালে ‘দাদাগিরি’র অভিযোগও উঠে আসে এবং তাতে নাম জড়ায় অভীকের। আরজি কর কাণ্ডের পর ঘটনাস্থলে এসএসকেএমের চিকিৎসক-পড়ুয়া অভীকের উপস্থিতি নিয়েও উঠেছিল একাধিক অভিযোগ। ওই হাসপাতালের সঙ্গে যুক্ত না-হয়েও তিনি সেখানে কী করছিলেন, সেই প্রশ্ন ওঠে। তাঁর এসএসকেএম হাসপাতালে পিজিটি পাওয়া নিয়ে ওই সময়েও প্রশ্ন তুলেছিল কিছু চিকিৎসক সংগঠন।

আরজি কর-কাণ্ডের পরে ওই বছরেরই ৫ সেপ্টেম্বরে অভীককে নিলম্বিত করার নির্দেশ দেওয়া হয়েছিল। তার কয়েক দিন পরে এ-ও জানিয়ে দেওয়া হয়েছিল এসএসকেএম হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ, অপারেশন থিয়েটার (ওটি) বা বহির্বিভাগ (ওপিডি)— কোনও জায়গাতেই যেতে পারবেন না অভীক। এমনকি এসএসকেএম-এর হস্টেল রুমেও তিনি যেতে পারবেন না বলে জানানো হয়েছিল।

রাজ্য মেডিক্যাল কাউন্সিলও পদক্ষেপ করেছিল অভীকের বিরুদ্ধে। সরকারি হাসপাতালে ‘দাদাগিরি’তে নাম জড়ানোর পরে ২০২৪ সালের সেপ্টেম্বরে কাউন্সিল জানিয়েছিল, তাদের বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না অভীক। কড়াকড়ির চার মাসের মধ্যে, ওই বছরের ডিসেম্বরেই সেই আদেশ আবার প্রত্যাহারও করা হয়েছিল। এ বার রাজ্যে সরকার বদল হতেই আরজি কর কাণ্ডের পর হাসপাতালে ‘দাদাগিরি’তে নাম জড়ানো সেই অভীকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য দফতর।

আরজি কর-কাণ্ড পরবর্তী সময়ে ‘দাদাগিরিতে’ নাম জড়ানো অভীকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশকে স্বাগত জানিয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টর্‌স ফোরাম’। এক বিবৃতিতে তারা দাবি করেছে, ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে সমান এবং নিরপেক্ষ পদক্ষেপ করতে হবে। প্রকৃত অভিযুক্তদের চিহ্নিত করারও দাবি তুলেছে তারা।

Swasthya Bhavan Health Department Hospitals Threat Culture
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy