Advertisement
E-Paper

চিরুনি ছোঁয়ালেই উঠে আসছে চুল? সমস্যার সঙ্গে যুঝতে পারে বিশেষ টক ফল, কী ভাবে ব্যবহার করবেন

মানসিক চাপ, দূষণ, অনিয়মিত জীবনযাপন, হরমোনের ওঠানামা থেকে শুরু করে অতিরিক্ত প্রসাধনী— সব কিছুর প্রভাবই পড়ছে চুলের উপর। সে ক্ষেত্রে তেঁতুল কী ভাবে সমস্যা সমাধান করতে পারে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৮:৪১
কোন টক ফল মাখবেন মাথায়?

কোন টক ফল মাখবেন মাথায়? ছবি: সংগৃহীত।

মাথায় চিরুনি ছোঁয়ালেই গোছা গোছা চুল উঠে আসছে। বালিশে পড়ে থাকছে রাশি রাশি চুল। চুলের গোছ পাতলা হয়ে আসার কারণেই নতুন প্রজন্মের মধ্যে কেশস্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা জাঁকিয়ে বসেছে। চুল পড়া এখন শুধু বয়স বা ঋতু পরিবর্তনের সমস্যা নয়। মানসিক চাপ, দূষণ, অনিয়মিত জীবনযাপন, হরমোনের ওঠানামা থেকে শুরু করে অতিরিক্ত প্রসাধনী— সব কিছুর প্রভাবই পড়ছে চুলের উপর। আর সেই কারণেই অনেকেই এখন ফিরছেন পুরনো দেশজ উপায়ের দিকে। উপরন্তু সমাজমাধ্যমের দৌলতে নিত্যনতুন টোটকার আবির্ভাব হচ্ছে। সম্প্রতি চুল পড়া কমাতে তেঁতুল ব্যবহারের কথা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তেঁতুলের উপকারিতা কী?

তেঁতুলের উপকারিতা কী? ছবি: সংগৃহীত

কিন্তু তেঁতুলকেই কেন বেছে নেওয়া হয়েছে?

এতে রয়েছে ভিটামিন সি, অ্যান্টি-অক্সিড্যান্ট এবং কিছু গুরুত্বপূর্ণ খনিজ, যা মাথার ত্বক পরিষ্কার রাখতে এবং চুলের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। বিশেষ করে, মাথার ত্বকে অতিরিক্ত তেল, ময়লা বা জমে থাকা স্তর পরিষ্কার করতে তেঁতুলের টক উপাদান সাহায্য করতে পারে বলে মনে করা হয়। তেঁতুলে থাকা টারটারিক অ্যাসিডের মতো উপাদান প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করতে পারে। গরমের সময়ে ঘাম ও ধুলোময়লা জমে নয়তো চুলের দফারফা করে দিতে পারে। সেই জায়গায় তেঁতুল ব্যবহার করে দেখা যেতে পারে। তা ছাড়া সূর্যের অতিবেগনি রশ্মির সংস্পর্শে এসে মাথার ত্বক ক্ষতিগ্রস্ত হলে তেঁতুলের অ্যান্টি-অক্সিড্যান্ট সহায় হয়ে উঠতে পারে। তাই সামগ্রিক ভাবে কেশস্বাস্থ্য ভাল করতে পারে তেঁতুল।

চুল পড়ার সমস্যা কমায় কী ভাবে?

চুল ঝরে পড়ার সমস্যার নেপথ্যে এক নয়, একাধিক কারণ থাকতে পারে। তা সে মানসিক চাপ বা অবসাদ হোক, পুষ্টির অভাব বা পরিবেশ দূষণ হোক, হরমোনের হেরফের বা কম অপর্যাপ্ত ঘুমই হোক, এই সমস্ত সমস্যার সঙ্গে একা যুঝে ওঠার ক্ষমতা কোনও একটি উপাদানের নেই। তাই তেঁতুলের পক্ষে একা চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যার উপশম করা সম্ভব নয়। কিন্তু মাথার ত্বক পরিষ্কার রাখা, অতিরিক্ত তেল দূর করা, গরমের সময়ে মাথার ত্বকের অস্বস্তি দূর করা, খুশকি থেকে রক্ষা করার ক্ষেত্রে সহায় হতে পারে তেঁতুল। আর মাথার ত্বক পরিষ্কার থাকলে, খুশকি কম হলে স্বাভাবিক ভাবেই চুল পড়ার সমস্যা খানিক কমতে পারে। তাই তেঁতুল ব্যবহার করে সামগ্রিক ভাবে চুলের স্বাস্থ্য ভাল রাখতে পারেন।

কী ভাবে ব্যবহার করবেন তেঁতুল?

· তেঁতুল কিছু ক্ষণ জলে ভিজিয়ে রেখে তার নির্যাস বার করে মাথার ত্বকে লাগিয়ে কয়েক মিনিট পর ধুয়ে ফেলা যেতে পারে। কেউ কেউ এর সঙ্গে দই, মেথি বা অ্যালো ভেরাও মেশান।

· তেঁতুল এবং নারকেল তেল মিশিয়ে মাথায় মাসাজ করলেও আরাম পাওয়া যেতে পারে। ঘণ্টাখানেক রেখে তার পর মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে মাথা।

Tamarind benefits Hair Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy