দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
মঙ্গলবার তারকেশ্বরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সেখানে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। প্রথমে তারকেশ্বর মন্দিরে পুজো দেবেন তিনি। তার পরে নটরাজ অতিথিশালায় প্রশাসনিক বৈঠক করার কথা তাঁর। সূত্রের খবর, চলতি মাসে সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সেই সভাস্থল পরিদর্শনে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও রাজপথে কর্মসূচি নিয়ে নামছেন। আজ ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্নায় বসার কথা তাঁর। প্রথমে ঠিক ছিল রানি রাসমণি অ্যাভিনিউতে এই কর্মসূচি হবে। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। লালবাজারের তরফে বলা হয়, বিকল্প জায়গা হিসাবে তৃণমূল ওয়াই চ্যানেলে কর্মসূচি করতে পারে। তার পরে সোমবার দফায় দফায় তৃণমূল নেতৃত্ব কথা বলেন। মৌখিক ভাবে ঠিক হয়, আজ দুপুরে ২ ঘণ্টার জন্য ওয়াই চ্যানেলে ধর্নার অনুমতি দেওয়া হবে। বেলা ২টো থেকে ৪টে পর্যন্ত এই কর্মসূচি হবে। এই কর্মসূচিতে কারা আসেন, বিশেষত সই-বিতর্কের আবহে কোন কোন বিধায়ক হাজির হন, সেই খবরে নজর থাকবে আজ।
তৃণমূল বিধায়কদের সই বিতর্ক অব্যাহত। আর তা নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতরও। সোমবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দেন, সই বিতর্কে বিজেপি বা সরকারের কোনও হাত নেই। তিনি জানান, তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতে বিধানসভার তরফে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়। আর তার পরেই তদন্ত করছে পুলিশ এবং সিআইডি। পর পরই তৃণমূল ওই দুই বিধায়ককে দলীয় পদ থেকে বহিষ্কার করে। আজ এই সই-বিতর্ক কোন দিকে গড়ায়, নজর থাকবে সে দিকে।
দক্ষিণবঙ্গে আর বৃষ্টি নয়। এ বার গরম বৃদ্ধির পালা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণের কোনও জেলাতেই আর তেমন ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েক দিনে চার ডিগ্রি পর্যন্ত পারদ চড়তে পারে। তবে উত্তরবঙ্গে পরিস্থিতি বিপরীত। সেখানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।