Advertisement
E-Paper

এসআইআরের প্রতিবাদে ধর্নায় মমতা। রাজ্যপালের ইস্তফা ঘিরে বিতর্ক। অশান্ত পশ্চিম এশিয়া। আর কী কী নজরে

দুপুর ২টোয় ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ০৭:৫৪

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর বিরুদ্ধে প্রতিবাদে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে ২টোয় ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন তিনি। থাকতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ইতিমধ্যে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন ভোটারের নাম বাদ পড়েছে। আরও প্রায় ৬০ লক্ষ ভোটার রয়েছেন বিবেচনাধীন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কর্মসূচি নিয়েছেন মমতা।

পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন সিভি আনন্দ বোস। দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি ভবনে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। কেন আচমকা তাঁর এই সিদ্ধান্ত, তা স্পষ্ট নয়। তাঁর ইস্তফার পর পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আচমকা রাজ্যপালের এই ইস্তফায় তিনি স্তম্ভিত। তৃণমূল প্রশ্ন তুলেছে, রাজ্যে ভোট পিছিয়ে দিয়ে রাষ্ট্রপতি শাসনে সায় দেননি বলেই কি সরাতে হল বোসকে? এই সংক্রান্ত বিতর্কের দিকে নজর থাকবে।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ক্রমে ছড়িয়ে পড়েছ একের পর এক দেশে। গত ৪৮ ঘণ্টায় সংঘর্ষ ছড়িয়েছে তুরস্কে, আজ়ারবাইজানে, এমনকি, ভারত মহাসাগরীয় অঞ্চলে শ্রীলঙ্কার উপকূলেও। আমেরিকা-ইজ়রায়েল বনাম ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন‌ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শুধু সামরিক সংঘাতের মাধ্যমে যে সমস্যার সমাধান হয় না, তা-ও স্মরণ করিয়ে দেন তিনি। বৃহস্পতিবার নয়াদিল্লির ইরানি দূতাবাসে গিয়ে সে দেশের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন তিনি। পশ্চিম এশিয়ার এই যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে দিকে নজর থাকবে আজ।

বিশ্বকাপের ফাইনালে চলে গেল ভারত। বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়ে গিয়েছেন সূর্যকুমার যাদবেরা। রবিবার অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের ট্রফি জয়ের লড়াই নিউ জ়িল্যান্ডের সঙ্গে। এ বার চ্যাম্পিয়ন হলে পর পর দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে ভারত। বুধবার ইডেনে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে কিউয়িরা। পরশুর ম্যাচের আগে দুই শিবিরের সব খবর।

রাজ্যসভার জন্য মনোনয়ন জমা দেওয়ার পর হবে স্ক্রুটিনি পর্ব। বিধানসভায় যে পাঁচ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন, আজ তাঁদের মনোনয়নপত্র যাচাই করবেন রিটার্নিং অফিসার তথা বিধানসভার সচিব সৌমেন্দ্রনাথ দাস। তৃণমূলের তরফে প্রার্থীদের স্ক্রুটিনি পর্বের দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মুখ্য সচেতক নির্মল ঘোষকে। বিজেপির তরফে তাঁদের একমাত্র প্রার্থীর স্ক্রুটিনি পর্বে নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি পরিষদীয় দলের মুখ‍্য সচেতক শংকর ঘোষকে।

আইএসএলে আজ চতুর্থ ম্যাচে নামছে মোহনবাগান। জয়ের হ্যাটট্রিক করে টগবগ করে ফুটছে সবুজ-মেরুন। পয়েন্ট তালিকায় শীর্ষে তারা। আজ দিমিত্রি পেত্রাতোস-জেমি ম্যাকলারেনদের সামনে ওড়িশা। যুবভারতীতে খেলা শুরু বিকেল ৫টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

আজ থেকে ভারত ও অস্ট্রেলিয়ার মেয়েদের টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। হরমনপ্রীত কৌরদের সঙ্গে অ্যালিসা হিলিদের চার দিনের টেস্ট শুরু সকাল ১০:৫০ থেকে। এটি দিন-রাতের ম্যাচ। পার‌্থে খেলা। সিরিজ়ের এটিই একমাত্র টেস্ট। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

News of the Day SIR Mamata Banerjee Governor CV Ananda Bose Iran Israel war america India Iran Relations ICC T20 World Cup 2026 Rajya Sabha ISL 2026 India vs Australia Women Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy