Advertisement
E-Paper

এসআইআরে বিচার বিভাগীয় যাচাই শুরু। পাক-আফগান উত্তেজনা। সূর্যদের দলের খবর। আর কী কী নজরে

ভোটারদের নথি যাচাই করবেন কলকাতা হাই কোর্ট নিযুক্ত বিচারকেরা। বিধানসভাভিত্তিক দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে বিচারকদের। সোমবার থেকে তাঁরাই এসআইআরের নথি যাচাইয়ের কাজ করবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০২

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

সোমবার থেকে শুরু হবে থমকে থাকা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ। এ বার ভোটারদের নথি যাচাই করবেন কলকাতা হাই কোর্ট নিযুক্ত বিচারকেরা। সুপ্রিম কোর্টের নির্দেশে তথ্যগত অসঙ্গতির নথি যাচাই এবং তা নিষ্পত্তি করার দায়িত্ব দেওয়া হয়েছে বিচার বিভাগীয় আধিকারিকদের। কলকাতা হাই কোর্টই ঠিক করে দিয়েছে কারা এই দায়িত্ব পালন করবেন। বিধানসভাভিত্তিক দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে বিচারকদের। সোমবার থেকে তাঁরাই এসআইআরের নথি যাচাইয়ের কাজ করবেন। আজ এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

বৃহস্পতিবার আমেরিকার সঙ্গে ফের একদফা আলোচনায় বসবে ইরান। তবে উত্তেজনা কাটেনি পশ্চিম এশিয়ায়। এই অঞ্চলে সামরিক শক্তি ক্রমে বৃদ্ধি করে যাচ্ছে আমেরিকা। হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে ইরানও। এরই মধ্যে ইরানে‌ ফের সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই-বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। তেহরান-সহ ইরানের বিভিন্ন প্রান্তে ছড়াতে শুরু করেছে খামেনেই-বিরোধী ছাত্রবিক্ষোভ। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

আফগানিস্তানের পকতিকা, পক্তিয়া, নঙ্গরহার এবং খোস্ত প্রদেশে আকাশপথে হামলা চালিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ দাবি করেছে, এই হামলার মূল লক্ষ্য ছিল সীমান্ত সংলগ্ন জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া। আফগানিস্তানের যে অঞ্চল থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে টিটিপি, সেই ঠিকানাগুলিতেই হামলা চালানো হয়েছে বলে দাবি পাকিস্তানের। তবে তালিবান সরকারের দাবি, পাকিস্তান তাদের নিরীহ নাগরিকদের উপর হামলা চালিয়েছে। পাল্টা হামলার জন্য পাকিস্তানকে প্রস্তুত থাকার জন্যও হুঁশিয়ারি দিয়েছে তারা। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

বঙ্গোপসাগরে ফের মাথাচাড়া দিচ্ছে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না। সর্বত্রই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি শুরু হয়ে যাবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কলকাতায় বৃষ্টি হতে পারে মঙ্গলবার। এ ছাড়াও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়ায়।

বিশ্বকাপের সুপার এইটে হার দিয়ে শুরু করল ভারত। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেল সূর্যকুমার যাদবের দল। প্রথম বড় পরীক্ষা ছিল ভারতীয় দলের। তাতে পাস করতে পারল না দল। এই হারের ফলে সেমিফাইনালে যাওয়ার রাস্তা কঠিন হল ভারতের। পরের ম্যাচ বৃহস্পতিবার জ়িম্বাবোয়ের বিরুদ্ধে চেন্নাইয়ে। তার আগে ভারতীয় দলের সব খবর।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ সুপার এইটের চতুর্থ ম্যাচ। মুখোমুখি জ়িম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ়। এ বারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক জ়িম্বাবোয়ে। অস্ট্রেলিয়াকে ছিটকে দিয়ে তারা সুপার এইটে উঠেছে। একটি ম্যাচেও তারা হারেনি। শ্রীলঙ্কাকেও তাদের ঘরের মাঠে হারিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ়ও অপরাজিত থেকে সুপার এইটে উঠেছে। আজ দুই দলের লড়াই মুম্বইয়ে। খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আইএসএলে আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ২-০ গোলে হারিয়েছিল গত বারের চ্যাম্পিয়নেরা। আজ জেমি ম্যাকলারেন-টম অলড্রেডদের সামনে চেন্নাইয়িন এফসি। যুবভারতীতে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

News of the Day Special Intensive Revision ICC T20 World Cup 2026 Weather Today ISL 2026 Pakistan Afghanistan US-Iran Relation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy