কলকাতা থেকে অন্ডালে উড়ান চালাচ্ছে অ্যালায়েন্স এয়ার। এ বার অন্ডাল থেকে উড়ান শুরু করল বেঙ্গালুরুর সংস্থা স্পিরিট এয়ার। সোমবার কলকাতা থেকে অন্ডাল গিয়ে সেখান থেকে পটনা যায় তাদের বিমান। যাত্রী ছিলেন তিন জন। সোম ও শনিবার স্পিরিটের ১১ আসনের ছোট বিমান কলকাতা থেকে অন্ডাল যাবে। সেখান থেকে জ্বালানি নিয়ে যাবে বিহার বা ঝাড়খণ্ডে। সংস্থা সূত্রের খবর, কোনও রুট নির্দিষ্ট হয়নি। যখন যেমন যাত্রী মিলবে, সেই অনুযায়ী গন্তব্য ঠিক হবে। কলকাতা থেকে অন্ডাল গিয়ে সেখান থেকে পটনা, রাঁচি, দ্বারভাঙা, পূর্ণিয়ার মতো বিহার বা ঝাড়খণ্ডের যে-কোনও শহরে উড়ে যেতে পারে ওই বিমান।