বাড়তি ভাড়া
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
নির্বাচনের কাজে নেওয়া বাসের ভাড়া বাড়াল রাজ্য সরকার। পঞ্চায়েত ভোটে বাসের দৈনিক ভাড়া ছিল ১৪৪০ টাকা। তা বেড়ে হল ১৬৬০ টাকা। বাসকর্মীদের খোরাকির টাকা ১২৫ থেকে বেড়ে হচ্ছে ১৫০। আগের মতোই সাড়ে তিন কিলোমিটার-পিছু এক লিটার ডিজেলের দাম দেওয়া হবে। এই সিদ্ধান্তে বাস-মালিকেরা খুশি নন। তাঁরা সাধারণ বাস-পিছু তিন হাজার এবং নেহরু মিশনের বাস-পিছু সাড়ে তিন হাজার টাকা ভাড়া চান।
সাফল্যের কথা তুলে ধরার নির্দেশ বিমানের
বাম আমলের সাফল্যকে নিজেদের কৃতিত্ব হিসাবে মানুষের কাছে তৃণমূল তুলে ধরছে বলে সিপিএমের অভিযোগ। তৃণমূলের এহেন কাজের প্রতিবাদ করে ভোটের প্রচারে বাম আমলের সাফল্যের কথা তুলে ধরার নির্দেশ দিয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। মঙ্গলবার আলিমুদ্দিনে ভোটের প্রচার-পুস্তিকা প্রকাশ করেন বিমানবাবু। ওই অনুষ্ঠানে তিনি বলেন, “শুধু কংগ্রেস বা তৃণমূলের সমালোচনা করলেই হবে না। নির্বাচনী প্রচারে বামফ্রন্টের ৩৪ বছরের সাফল্যের কথাও তুলে ধরতে হবে।” তৃণমূলের নেতা-মন্ত্রীরা বলছেন, বাম আমলে কিছুই হয়নি, যা হওয়ার সব বর্তমান সরকারের আমলেই হয়েছে। এই প্রচারের প্রতিবাদ করে ভোটারদের কাছে আসল তথ্য তুলে ধরার নির্দেশ দিয়েছেন বিমানবাবু।
অভিযুক্ত এসপি
বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে পক্ষপাতের অভিযোগ জানাল সিপিএম। দলের জেলা সম্পাদক অমল হালদার কেন্দ্রীয় নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে অভিযোগ করেছেন, পুলিশের মদতে তৃণমূল নানা দুষ্কর্ম করছে। স্বয়ং পুলিশ সুপার তৃণমূলকে মদত দিচ্ছেন। এসপি বলেন, “কমিশনে এ রকম কোনও অভিযোগ হয়েছে বলে জানি না। কিন্তু পুলিশ যে কোনও পক্ষপাত করছে না, তার প্রমাণ রয়েছে।” পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছাড়াও কমিশনের কাছে ঘরছাড়াদের ফেরানোর দাবি, তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জানিয়েছে সিপিএম।
৩১শে পশ্চিম মেদিনীপুরে মমতা
ভোট-প্রচারে ফের পশ্চিম মেদিনীপুরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১ মার্চ, সোমবার বেলপাহাড়ি এবং কেশিয়াড়িতে সভা করবেন তিনি। বেলপাহাড়ির সভা হবে চিকিত্সক-প্রার্থী উমা সরেনের সমর্থনে। কেশিয়াড়িতে সভা হবে অভিনেত্রী-প্রার্থী সন্ধ্যা রায়ের সমর্থনে। দলনেত্রীর সভা ঘিরে মঙ্গলবার থেকেই জেলা তৃণমূলের অন্দরে তোড়জোড় শুরু হয়েছে। দু’টি সভায় বিপুল ভিড় হবে বলেও মনে করছেন নেতারা। তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায় বলেন, “সোমবার দলনেত্রী জেলায় আসবেন। ওই দিন তিনি দু’টি সভা করবেন।”
নালিশ
তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেবের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন বাম মহিলা সংগঠনগুলি। সংগঠনের নেত্রীদের দাবি, নির্বাচন কমিশনার এইচ এস ব্রহ্ম তাঁদের জানান যে দেবকে নোটিস পাঠাবে কমিশন। তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক হওয়ায় কালই দুঃখপ্রকাশ করেছেন দেব। কমিশনের দ্বারস্থ হওয়া বাম নেত্রীদের বক্তব্য, দেব নির্বাচনী বিধিভঙ্গ করেছেন। তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ভবিষ্যতে যাতে কেউ এমন মন্তব্য না করেন, তা-ও নিশ্চিত করা হোক।
কন্ট্রোল রুম
কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে শান্তি বজায় রাখতে কলেজ স্ট্রিটে কন্ট্রোল রুম খুলছে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) এবং যুব তৃণমূল। ওই লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় কোনও কোনও বিরোধী দল তাঁদের সমর্থকদের ভয় দেখাচ্ছে বা মারধরের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন টিএমসিপি-র রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডা। এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্যই ওই কন্ট্রোল রুম খোলার কথা ঘোষণা করেছেন ছাত্র-নেতা শঙ্কুদেব এবং উত্তর কলকাতার যুব তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়।