কটূক্তির বিরুদ্ধে মহিলা সংগঠন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
প্রচারে যে প্রার্থীরা মহিলাদের সম্পর্কে কটূক্তি করেছেন, তাঁদের শাস্তি দাবি করল এসইউসি প্রভাবিত সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠন। অশালীন মন্তব্য করছেন যে প্রার্থীরা, তাঁদের ভোট না দেওয়ার আর্জি জানিয়েছে ওই সংগঠন। কোনও প্রার্থীর বিরুদ্ধে ওই সংগঠন সরাসরি অভিযোগ করেনি। তবে সোমবার শিক্ষাবিদ মীরাতুন নাহার বলেন, “এমন মন্তব্য করে ক’জন তারকা প্রার্থী মহিলাদের প্রতি বৈষম্যকে প্রচারের অস্ত্র করছেন। এমন মন্তব্যে স্পষ্ট যে, তাঁরা সমাজ, মহিলাদের উন্নয়ন কতটা চান!” সংগঠনের নেত্রী রূপশ্রী কাহালির প্রশ্ন, “মুখ্যমন্ত্রী নিজেও এ ধরনের মন্তব্য শুনছেন। তাঁর নিজের দলের প্রার্থীরাই যখন এ ধরনের মন্তব্য করছেন, নেত্রী কোনও ব্যবস্থা নিচ্ছেন না কেন?”
ওয়েবকুপায় যোগ সুবোধের
—নিজস্ব চিত্র।
তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েবকুপায় যোগ দিলেন কবি সুবোধ সরকার। সোমবার সংগঠনের একটি অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা জানান তৃণমূল শিক্ষা সেলের চেয়ারম্যান, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচার করতে একটি পুস্তিকা তৈরি করেছে ওয়েবকুপা। সোমবার আনুষ্ঠানিক ভাবে সেই পুস্তিকাটিও প্রকাশ করেন ব্রাত্যবাবু। ওয়েবকুপার সভানেত্রী কৃষ্ণকলি বসু জানান, ১২ এপ্রিল তাঁদের প্রচার কর্মসূচি শুরু হবে।