Advertisement
E-Paper

বছর পার, ঘরে ফিরছে বাংলাদেশের কিশোরী

এক বছর পর ফের বাংলাদেশে বাবা-মায়ের কাছে ফিরছে পাচার হয়ে যাওয়া ১৪ বছরের মেয়েটি। সব কিছু শেষ পর্যন্ত ঠিকঠাক থাকলে আগামীকাল, বৃহস্পতিবার পেট্রাপোল সীমান্তে ভারত-বাংলাদেশ দুই দেশের কর্তাদের উপস্থিতিতে তাকে তার বাবা-মায়ের হাতে তুলে দেবে রৌরকেলা পুলিশ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মে ২০১৬ ০৩:৫৪

এক বছর পর ফের বাংলাদেশে বাবা-মায়ের কাছে ফিরছে পাচার হয়ে যাওয়া ১৪ বছরের মেয়েটি। সব কিছু শেষ পর্যন্ত ঠিকঠাক থাকলে আগামীকাল, বৃহস্পতিবার পেট্রাপোল সীমান্তে ভারত-বাংলাদেশ দুই দেশের কর্তাদের উপস্থিতিতে তাকে তার বাবা-মায়ের হাতে তুলে দেবে রৌরকেলা পুলিশ।

আন্তর্জাতিক নারী পাচার চক্রের শিকার মেয়েটিকে গত বছর রৌরকেলা স্টেশন থেকে উদ্ধার করে জিআরপি। পরে তাকে জেরা করে পুলিশ বুঝতে পারে বাংলাদেশ থেকে তাকে পাচার করে গুজরাতে নিয়ে যাওয়া হচ্ছিল। মেয়েটিকে তারা চাইল্ডলাইনের হাতে তুলে দেয়। গত এক বছর তাদেরই একটি হোমে রয়েছে মেয়েটি।

তার নিজের কথা থেকেই জানা যায়: তাদের বাড়ি বাংলাদেশের মাগুরা জেলায়। খুবই গরিব ঘরের মেয়ে সে। এক দম্পতি তাকে গুজরাতের কাপড় কলে দশ হাজার টাকা মাইনের চাকরি করে দেবে বলে তার মা-বাবাকে জানায়। ওই দম্পতি তাকে নদীপথে এ পার বাংলায় নিয়ে আসে। তারপর কলকাতা। সেখান থেকে তাকে নিয়ে ওই দম্পতি পোরবন্দরগামী কবিগুরু এক্সপ্রেসে চড়ে বসে। ট্রেনে ওই দম্পতির কথাবার্তা শুনে কিশোরী বুঝতে পারে তাকে যৌনপল্লিতে বিক্রি করে দেওয়া হবে। রৌরকেলায় ট্রেনটি ছাড়ার ঠিক আগের মুহূর্তে সে নেমে পড়ে। লুকিয়ে পড়ে প্ল্যাটফর্মেরই এক কোণে। শেষ পর্যন্ত টহলদার জিআরপির দলটি তাকে উদ্ধার করে স্বেচ্ছাসেবী সংস্থাটির হাতে তুলে দেয়।

গত এক বছর ধরে দুই দেশের মধ্যে আলোচনা, মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ ইত্যাদির পর বৃহস্পতিবার পেট্রাপোলে তাকে হস্তান্তর করা হবে বলে ঠিক হয়েছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy