রানওয়ে ছেড়ে ওড়ার পরই আগুন ধরে গেল বিমানের ইঞ্জিনে। সেই অবস্থাতেই বিমানটি উড়তে শুরু করে। কিন্তু বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলের নজরে পড়তেই পাইলটকে সতর্ক করা হয়।
জানা গিয়েছে, বিমানটি ব্রাজ়িলের সাও পাওলো বিমানবন্দর থেকে উড়েছিল। ডেল্টা এয়ারলাইন্সের বিমান ছিল সেটি। বিমানের মধ্যে ক্রু সদস্য-সহ ২৭২ জন যাত্রী ছিলেন। আমেরিকার আটলান্টায় যাচ্ছিল বিমানটি। নির্ধারিত সময়ে রওনা দেয় সেটি। কিন্তু রানওয়ে ছেড়ে বেশ খানিকটা যাওয়ার পরই আচমকা ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুনের হলকা বার হতে দেখা যায় বিমান থেকে। কিন্তু এই ঘটনার কথা অবগত ছিলেন না পাইলট। তাঁকে সতর্ক করেন এটিসি-র কর্মীরা।
আরও পড়ুন:
সঙ্গে সঙ্গে পাইলটের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। বলা হয়, ‘‘ডেল্টা ১০৪, বিমানের ডানায় আগুন দেখা গিয়েছে।’’ পাইলটের তরফে উত্তর আসে, এখনই অবতরণের অনুমতি দেওয়া হোক। বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করে বিমানটিকে অবতরণ করানো হয়। আগে থেকেই বিমানবন্দরে দমকল, অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে রাখা হয়। বিমানটিকে নিরাপদে অবতরণ করানো হয়েছে বলে সূত্রের খবর। ফ্লাইট ট্র্যাকিং-এর তথ্য বলছে, রানওয়ে ছাড়ার পর বিমানটি ৯ মিনিট মতো আকাশে ছিল। বিমানসংস্থা জানিয়েছে, যান্ত্রিক গোলযোগের কারণে আগুন লেগেছিল বলে মনে করা হচ্ছে। তবে তদন্ত করে দেখা হচ্ছে, আসল কারণ কী। যাত্রীরা সকলেই সুরক্ষিত আছেন বলে জানিয়েছে বিমানসংস্থাটি।