Advertisement
E-Paper

আমিই সব সিদ্ধান্ত নিই, মেনে নেওয়া ছাড়া কোনও উপায় নেই নেতানিয়াহুর: ট্রাম্প, নতুন সংঘাতে কি চাপে আমেরিকা?

রবিবার রাত থেকে ইজ়রায়েল এবং ইরান নতুন করে সংঘাতে জড়িয়ে পড়েছে। লেবাননে ইজ়রায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইরান রবিবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে নেতানিয়াহুর দেশে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১০:০৫
(বাঁ দিকে) ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)।

(বাঁ দিকে) ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

ইরানের সঙ্গে সমঝোতা এবং চুক্তির বিষয়ে আমেরিকা যা সিদ্ধান্ত নেবে, তা-ই মেনে নিতে হবে ইজ়রায়েলকে। তা ছাড়া ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে আর কোনও উপায় নেই। এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে সংঘাতের বিষয়ে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তিনিই এই সংঘাতের চালিকাশক্তি। সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে নেতানিয়াহুর তেমন ভূমিকা নেই!

রবিবার রাত থেকে ইজ়রায়েল এবং ইরান নতুন করে সংঘাতে জড়িয়ে পড়েছে। লেবাননে ইজ়রায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইরান রবিবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে নেতানিয়াহুর দেশে। গত এপ্রিলে সংঘর্ষবিরতির পর এই প্রথম ইরান সেখানে প্রত্যাঘাত করল। তার পর সোমবার সকালে ইরানে পাল্টা হামলা চালায় ইজ়রায়েলি বাহিনী। তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায় রাজধানী তেহরানে। এই পরিস্থিতিতে দুই দেশের সংঘাত অবিলম্বে থামাতে চান ট্রাম্প। নেতানিয়াহুর সঙ্গে সে বিষয়ে কথাও বলেছেন তিনি।

ইরানের সঙ্গে যৌথ সংঘাতে ইজ়রায়েলের ভূমিকা প্রসঙ্গে ট্রাম্প ফাইনানশিয়াল টাইম্‌সকে ফোনে বলেছেন, ‘‘ওঁর (নেতানিয়াহুর) কোনও উপায় নেই। আমি সব সিদ্ধান্ত নিই। উনি নেন না।’’ ফক্স নিউজ়কে দেওয়া পৃথক একটি সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, ইরানে যাতে পাল্টা হামলা না-চালানো হয়, নেতানিয়াহুকে সেই নির্দেশ দিয়েছেন তিনি। কারণ, ইরানের সঙ্গে আমেরিকার সমঝোতার চুক্তি একেবারে শেষ পর্যায়ে রয়েছে। নতুন সংঘাতের কারণে তা ভেস্তে যাক, চান না ট্রাম্প। যদিও তাঁর নির্দেশে কতটা কাজ হয়েছে, সন্দেহ আছে। কারণ, সোমবার সকালেই ইজ়রায়েলি বাহিনী ইরানে প্রত্যাঘাত করার কথা জানিয়েছে। এর আগে ট্রাম্পের সঙ্গে প্রায় আধঘণ্টা ফোনে কথা হয়েছিল নেতানিয়াহুর।

নতুন সংঘাতের কোনও প্রভাব আমেরিকা-ইরানের সমঝোতার চুক্তির উপর পড়বে না বলে মনে করেন ট্রাম্প। তাঁর কথায়, ‘‘কী ভাবে এই সংঘাত শেষ হয়, দেখা যাক। তবে চুক্তিতে এটা কোনও প্রভাব ফেলবে না। ইজ়রায়েলে ইরান যে হামলা চালিয়েছে, তা একেবারেই জোরদার নয়। তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বছরের পর বছর ধরেই এমন হামলা চলে আসছে।’’ ইরানের সঙ্গে খুব ভাল একটা চুক্তি হতে চলেছে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

Donald Trump US Israel vs Iran Iran Israel Conflict Benjamin Netanyahu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy