নাইজেরিয়ায় মাঝ-আকাশে বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ হল। ওই অবস্থাতেই বিমানটি উড়ে চলে। তার পর পাইলটের তৎপরতায় বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। জানা গিয়েছে, এয়ার আরিকের একটি বিমানে এই ঘটনাটি ঘটে।
বুধবার বিমানটি নাইজেরিয়া লাগোস থেকে পোর্ট হারকোর্টে যাচ্ছিল। স্থানীয় সময় বুধবার সকাল ৭টা ২৪ মিনিটে ডব্লিউ৩ ৭৪০ বিমানটি মুরতালা মহম্মদ বিমানবন্দর থেকে ওড়ে। বিমানটি যখন ২৭ হাজার ফুট উচ্চতায়, সেই সময় বিমানকর্মীরা জোরালো একটা শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে পাইলটকে সতর্ক করেন তাঁরা। তখন জানা যায়, বিমানের একটি ইঞ্জিনে বিস্ফোরণ হয়েছে। ওই অবস্থাতেই উড়ে চলে বিমানটি। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। যদিও পাইলটের তৎপরতায় বিমানটিকে কাছাকাছি বেনিন বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়ে।
আরও পড়ুন:
স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, বিমানের এক দিকের ইঞ্জিন পুরো জ্বলে গিয়েছে। তবে কী ভাবে এই ঘটনা ঘটল তা স্পষ্ট নয় বলে জানিয়েছে বিমান সংস্থাটি। এই ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিমান সংস্থাটি জানিয়েছে, সকল যাত্রী সুরক্ষিত আছেন। কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।