নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে আমেরিকায় গ্রেফতার হলেন এক ভারতীয়। ওই যুবকের বিরুদ্ধে নাবালিকার যৌন হেনস্থার পাশাপাশি দোকান থেকে জিনিসপত্র চুরি, লুটপাট এবং এলাকায় অশান্তি পাকানোর অভিযোগও রয়েছে। আমেরিকার অভিবাসন এবং শুল্ক অধিদফতর (আইসিই) ওই যুবককে ‘শিশু ধর্ষণকারী’ বলে মন্তব্য করেছে। তবে কবে তাঁকে গ্রেফতার করা হয়েছে, তা প্রকাশ করেনি আইসিই।
ওই ভারতীয় যুবকের গ্রেফতারি নিয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে আইসিই। সেখানে আমেরিকার কর্তৃপক্ষের বক্তব্য, “ভারত থেকে আসা অবৈধ অভিবাসীর বিরুদ্ধে যৌন নির্যাতন এবং চুরির অভিযোগ উঠেছে। মামলা শেষ না হওয়া পর্যন্ত তাঁকে আমরা নিজেদের হেফাজতে রাখব।”
জানা যাচ্ছে, ১৩ বছর বয়সি এক কিশোরীকে হেনস্থার অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে। তবে কী ধরনের অভিযোগ রয়েছে, তা বিস্তারিত উল্লেখ করেননি আমেরিকার কর্তৃপক্ষ। কবে, কোথা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে, তা-ও জানানো হয়নি সংক্ষিপ্ত বিবৃতিতে।
আরও পড়ুন:
বস্তুত, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় জমানায় শুরু থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু হয়েছে আমেরিকায়। অবৈধ অভিবাসীদের ধরে ধরে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন। অবৈধ অভিবাসীদের প্রায়শই ‘এলিয়ন ক্রিমিনাল’ বা ‘অন্য জায়গা থেকে আসা অপরাধী’ বলে মন্তব্য করেন ট্রাম্প। গত বছরের ডিসেম্বরেই এক ভারতীয় ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছিল আমেরিকায়। তাঁর ট্রাকের ধাক্কায় দুই মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছিল।
কেন্দ্রীয় সরকারের হিসাব অনুযায়ী, ট্রাম্পের জমানায় ২০২৫ সালে আমেরিকা থেকে ৩,৮০০ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছিল। শুধু ভারতীয়দেরই নয়, অন্য বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদেরও আমেরিকা থেকে বিতাড়িত করেছিল ট্রাম্পের প্রশাসন। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি দফতরও বিভিন্ন দেশের প্রায় ২৫,০০০ জন ‘অবৈধ অভিবাসী অপরাধী’র তালিকা প্রকাশ করেছিল। এর মধ্যে খুন, মাদক পাচার থেকে শুরু করে যৌন নিগ্রহ-সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্তেরা রয়েছেন।