E-Paper

ইউটিউবের শীর্ষপদে ভারতীয় বংশোদ্ভূত, নতুন সিইও নীল মোহন

নতুন সিইও নীল মোহন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার। ২০০৮ সালে তিনি গুগ্‌লে যোগ দেন। ২০১৫ সালে তিনি মুখ্য পণ্য কর্মকর্তা হন। গুগ্‌লের আগে নীল মাইক্রোসফ্‌টে কাজ করেছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:০৩
Susan Wojcicki and Neal mohan

ইউটিউবের শীর্ষপদ থেকে সরে দাঁড়ালেন সুজ়ান ওয়োজ়সিকি (বাঁ দিকে)। নতুন সিইও হচ্ছেন নীল মোহন (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বিশ্বের বৃহত্তম এবং বহুল ব্যবহৃত ভিডিও স্ট্রিমিং সংস্থা ইউটিউবের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (সিইও) পদ থেকে সরে দাঁড়ালেন সুজ়ান ওয়োজ়সিকি। তাঁর জায়গায় নতুন সিইও হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন। বৃহস্পতিবার সমাজমাধ্যমে পোস্ট করে এ কথা জানান সুজ়ান। ইউটিউব যখন টিকটক এবং নেটফ্লিক্সের সঙ্গে চূড়ান্ত প্রতিযোগিতায়, সেই রকম একটা সময়ে এই পরিবর্তন হল।

জন্মলগ্ন থেকেই ইউটিউবের সঙ্গে রয়েছেন সুজ়ান। ২৫ বছর আগে তাঁরই গ্যারাজ থেকে পথ চলা শুরু ইউটিউবের। ২০১৪ সালে থেকে তিনি সংস্থার সিইও পদে ছিলেন। তার আগে গুগ্‌লের বিজ্ঞাপন বিভাগের বরিষ্ঠ সহ-সভাপতি। গুগ্‌লের প্রথম দিকের কর্মীদের মধ্যে এক জন সুজ়ান। গুগলের আগে তিনি চিপ প্রস্তুতকারক সংস্থা ইনটেলে কাজ করতেন।

নতুন সিইও নীল মোহন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার। ২০০৮ সালে তিনি গুগ্‌লে যোগ দেন। ২০১৫ সালে তিনি মুখ্য পণ্য কর্মকর্তা হন। গুগ্‌লের আগে নীল মাইক্রোসফ্‌টে কাজ করেছেন। এ ছাড়া বহু নামী সংস্থায় বোর্ড সদস্যও ছিলেন তিনি। ইউটিউব মিউজ়িক, ইউটিউব শর্টস, ইউটিউব টিভি এবং ইউটিউব প্রিমিয়াম তাঁরই মস্তিষ্কপ্রসূত।

ভারতীয় বংশোদ্ভূত সিইওদের তালিকায় নতুন নাম নীল। মাইক্রোসফ্‌টে সত্য নাদেলা, অ্যাডোবিতে শান্তনু নারায়ণ এবং গুগ্‌ল অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই। পেপসিকোতে প্রায় ১২ বছর সিইও ছিলেন ইন্দ্রা নুয়ি। ২০১৮ সালে তিনি ওই পদ থেকে সরে দাঁড়ান। এই খবর প্রকাশ্যে আসার পর অ্যালফাবেটের শেয়ার দরে প্রায় ১ শতাংশ পতন হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Youtube Susan Wojcicki Neal Mohan

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy