Advertisement
E-Paper

‘চোখের সামনে ইজ়রায়েলি সেনার ছোড়া গুলি বিঁধল ছেলের গায়ে’! ওয়েস্ট ব্যাঙ্কে সাত মাসের সন্তান হারানো বাবার হাহাকার

ইজ়রায়েলি সেনার গুলিতে আহত হয়েছেন শিশুটির বাবা প্রভাষক ফাহদ আবু হাইকারও। তিনি বেথলেহেম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ২১:১৭
A seven month old baby shot dead by Israeli troops in West Bank

মৃত সন্তান কোলে বাবা। সঙ্গে আরএক পুত্র। ছবি: সংগৃহীত।

পশ্চিম এশিয়ার প্যালেস্টাইনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কে ইজ়রায়েলি সেনার হামলায় প্রাণ হারাল এক শিশু। তার বয়স মাত্র সাত মাস। আহত আরও এক জন। কেন এই হামলা? সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার হেবরনের তেল রুমিদা এলাকায় বাবা-মায়ের সঙ্গে গাড়িতে করে যাচ্ছিল ওই শিশু। ইজ়রায়েলি সেনারা সেই গাড়ি থামাতে বলেছিলেন। কিন্তু গাড়ি না-থামানোয় গুলি চালান তাঁরা। আর সেই গুলি লাগে গাড়িতে থাকা শিশুর শরীরে।

ইজ়রায়েলি সেনার গুলিতে আহত হয়েছেন শিশুটির বাবা প্রভাষক ফাহদ আবু হাইকারও। তিনি বেথলেহেম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ইজ়রায়েলি সংবাদমাধ্যম ‘হারেৎজ়’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘গাড়ির পিছনের আসনে আমার স্ত্রীর কোলে ছিল পুত্র। সেনাবাহিনীর গুলি আমার হাত ছুঁয়ে গিয়ে বিঁধে যায় পুত্র স্যামের গায়ে।’’ ওই গাড়িতে ছিল ওই দম্পতির আর এক সন্তানও।

সেনাবাহিনীর নির্দেশে গাড়ি না-থামানোর অভিযোগ অস্বীকার করেন প্রভাষক। তিনি জানান, নির্দেশমতো গাড়ি থামিয়েছিলেন। কিন্তু তাঁর হাত ছিল স্টিয়ারিংয়ে। কিছু বলার সুযোগ না-দিয়েই গুলি চালানো হয়। আহত ওই ব্যক্তির দাবি, ‘‘তখন দিনের আলো ছিল। সেনারা দেখতে পাচ্ছিলেন গাড়ির মধ্যে কারা ছিলেন। পরিবার দেখেও গুলি চালিয়েছিলেন।’’

এই ঘটনা প্রসঙ্গে ইজ়রায়েলি সেনা আইডিএফ জানিয়েছে, বিষয়টি পর্যালোচনা চলছে। মৃত শিশুর বাবা জানিয়েছেন, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক। দোষী সৈনিককে অবশ্যই তদন্তের আওতায় আনা উচিত। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজ়ায় হামাস বিরোধী অভিযান শুরু করেছিল ইজ়রায়েলি সেনা। শেষপর্যন্ত গত বছরের অক্টোবরে সেখানে যুদ্ধবিরতি হয়।

Israeli army West Bank
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy