Advertisement
E-Paper

আকাশসীমা লঙ্ঘন করতেই এফ ১৬ লক্ষ্য করে হামলা! আরও একটি মার্কিন যুদ্ধবিমান গুলি করে নামানোর দাবি ইরানের

সংঘাতের এই আবহে ইরান বার বার দাবি করে আসছে, মার্কিন বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধবিমান তারা ধ্বংস করেছে। তার মধ্যে যেমন রয়েছে, এফ-১৬, এফ-৩৫ এবং কেসি ১৩৫ রিফুয়েলিং বিমান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১২:৫০
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

আকাশসীমা লঙ্ঘন করতেই আমেরিকার আরও একটি যুদ্ধবিমানকে গুলি করে নামানোর দাবি করল ইরান। এ বার মার্কিন বাহিনীর এফ ১৬ যুদ্ধবিমানকে গুলি করে নামানো হয়েছে বলে দাবি করেছে রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। কিন্তু কোথায় গুলি করে বিমানটিকে নামানো হয়েছে সেটি উল্লেখ করেনি আইআরজিসি। প্রসঙ্গত, দিন কয়েক আগেও মার্কিন বাহিনী একটি এফ-৩৫ এবং একটি এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে নামানোর দাবি করেছিল ইরান। যদিও দু’টি ক্ষেত্রেই তাদের দাবিকে খণ্ডন করেছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

গত ২২ মার্চ আইআরজিসি বিবৃতি জারি করে জানিয়েছিল, হরমুজ় প্রণালীর কাছে দক্ষিণ উপকূলে আমেরিকার একটি এফ-১৫ বিমানকে তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে। ইরানের ফার্স নিউজ়-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন বিমানটি হামলা করার চেষ্টা করেছিল, তখনই ক্ষেপণাস্ত্র ছুড়ে সেই বিমানটিকে গুলি করে নামানো হয়। একটি ভিডিয়োও প্রকাশ করে আইআরজিসি।

তার আগেও আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক ঘাতক এফ-৩৫ বিমানকেও গুলি করে নামানো হয় বলে দাবি করে ইরান। সে দেশের সরকারি সংবাদমাধ্যমে দাবি করা হয়, একটি ক্ষেপণাস্ত্র মার্কিন সেনার যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে। প্রথম দিকে আমেরিকার সেন্টকম বিষয়টি অস্বীকার করে। তবে সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বৃহস্পতিবার জানিয়েছেন, তাঁদের একটি স্টেল্‌থ বিমান এফ-৩৫ জরুরি ভিত্তিতে অবতরণ করেছে। পাইলট সুরক্ষিত আছেন। তবে কী কারণে জরুরি ভিত্তিতে অবতরণ করল বিমানটি, সেটা জানাননি সেন্টকমের মুখপাত্র। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে আমেরিকা এবং ইজ়রায়েল। সংঘাতের এই আবহে ইরান বার বার দাবি করে আসছে, মার্কিন বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধবিমান তারা ধ্বংস করেছে। তার মধ্যে যেমন রয়েছে, এফ-১৬, এফ-৩৫ এবং কেসি ১৩৫ রিফুয়েলিং বিমান। ইরানের দাবি, মার্কিন বাহিনীর ১৭টি বিমান তারা ধ্বংস করেছে। কিন্তু সবক’টি ঘটনাকেই আমেরিকা খণ্ডন করেছে।

Iran US
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy