Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

‘আমেরিকার সামনে দুই বিকল্প, বলও ওদের কোর্টে’! যুদ্ধ নিয়ে প্রস্তাব ফেরাতেই ট্রাম্পকে বার্তা ইরানের, কোন দিকে ইঙ্গিত

ট্রাম্পকে দেওয়া প্রস্তাবে হরমুজ় প্রণালী খুলে দেওয়ার কথা বলা হয়েছিল। ওই জলপথে আমেরিকা যে অবরোধ চালাচ্ছে, তা অবিলম্বে তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছিল ইরান। ট্রাম্প তা মানেননি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ০৯:১৫
ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। —ফাইল চিত্র।

আমেরিকার সামনে দু’টি বিকল্প রয়েছে। বলও তাদেরই কোর্টে, জানিয়ে দিল ইরান। সম্প্রতি তাদের প্রস্তাব নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পর শনিবার ইরানের উপবিদেশমন্ত্রী কাজ়েম ঘারিবাবাদি জানিয়েছেন, তেহরান যে কোনও পরিস্থিতির জন্যই প্রস্তুত। আমেরিকাকে বেছে নিতে হবে, তারা কী চায়।

কোন দুই বিকল্প?

আমেরিকার সামনে কূটনৈতিক প্রক্রিয়ায় আলোচনা চালিয়ে নিয়ে যাওয়া এবং সংঘাতের অবসান ঘটানোর সুযোগ রয়েছে বলে দাবি করেছেন কাজ়েম। সেই সঙ্গে তাদের দ্বিতীয় বিকল্প হল, যুদ্ধ করা। এই দুইয়ের মধ্যে থেকে যে কোনও একটি আমেরিকাকে বেছে নিতে হবে, দাবি তেহরানের। কাজ়েম বলেছেন, ‘‘এখন বল আমেরিকার কোর্টে। ওরা কূটনীতির পথ বেছে নেবে না সংঘাত চালিয়ে যাবে, তা ওদের ঠিক করতে হবে। জাতীয় স্বার্থ এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে ইরান দু’টি পরিণতির জন্যই প্রস্তুত রয়েছে।’’ ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি কাজ়েমের এই বক্তব্য সম্প্রচার করেছে।

সংবাদসংস্থা রয়টার্স ইরানের এক বরিষ্ঠ আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, ট্রাম্পকে দেওয়া প্রস্তাবে হরমুজ় প্রণালী খুলে দেওয়ার কথা বলা হয়েছিল। ওই জলপথে আমেরিকা যে অবরোধ চালাচ্ছে, তা অবিলম্বে তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছিল ইরান। এ ছাড়া, ইরানের যে পারমাণবিক প্রকল্পে আমেরিকার আপত্তি, তা নিয়ে পরে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করে তেহরান। প্রাথমিক ভাবে এই প্রস্তাব ট্রাম্প ফিরিয়ে দিয়েছেন বলে দাবি ইরানের। ট্রাম্প শুক্রবার ইরানের প্রস্তাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। যদিও শনিবার তিনি দাবি করেছেন, ইরানের প্রস্তাবের একটি ‘ধারণা’ তিনি পেয়েছেন। এখনও লিখিত আকারে কোনও প্রস্তাব পাননি। পেলে তার শব্দচয়ন অনুযায়ী প্রস্তাবটি বিবেচনা করা হবে। ট্রাম্পের আরও দাবি, গ্রহণযোগ্য কোনও প্রস্তাব ইরান দিতে পারে বলে তিনি কল্পনাই করতে পারেন না।

ইরানে ফের হামলার ইঙ্গিত দিয়ে রেখেছেন ট্রাম্প। জানিয়েছেন, তেহরান যদি দুর্ব্যবহার করে, তবে ফের সংঘাতের সম্ভাবনা থেকেই যায়।

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করেছিল। দীর্ঘ দিন সংঘাত চলেছে। আমেরিকার আইন অনুসারে, মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনও সামরিক অভিযান ছ’মাসের বেশি চালাতে পারেন না প্রেসিডেন্ট। ট্রাম্প কংগ্রেসকে জানিয়ে দিয়েছেন, সংঘর্ষবিরতির ফলে সময়সীমার আগেই ইরানের সঙ্গে সংঘাত থেমেছে। ফলে তিনি চাইলে নতুন করে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারেন। ‘মানবিক কারণে’ তা করছেন না। ট্রাম্পের আরও দাবি, ইরানের সঙ্গে এমন কোনও সমঝোতায় তিনি যেতে রাজি নন, যাতে আগামী তিন বছরের মধ্যে ফের হামলা চালানোর প্রয়োজন পড়ে।

সংক্ষেপে
  • ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
  • আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
  • শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
সর্বশেষ
৩ ঘণ্টা আগে
Tehran US Israel vs Iran Donald Trump Abbas Araghchi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy