পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী লশকর-এ-ত্যায়বার কমান্ডার খুন। লাহোরে ইদের প্রার্থনার পর শনিবার তাঁকে গুলি করে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। এক সূত্রকে উদ্ধৃত করে এনডিটিভি জানিয়েছে, লশকরের সদর দফতর মুরিদকের কাছে কমান্ডার বিলাল আরিফ সরাফির উপর হামলা চালানো হয়। উল্লখ্য, লশকরের এই সদর দফতরেই সিঁদুর অভিযানে হামলা চালায় ভারত।
স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, লাহোরে একটি মসজিদে ইদের প্রার্থনা করতে গিয়েছিলেন বিলাল। সেই মসজিদটি লশকরের সদর দফতরের কাছেই। প্রার্থনা সেরে বেরোনোর সময় তাঁর উপর বন্দুক, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। সূত্রের খবর, এই হামলার নেপথ্যে রয়েছেন বিলালের পরিবারের সদস্যেরা। হামলাকারীদের সকলকেই গ্রেফতার করা হয়েছে বলে দাবি। তবে এই খুনে কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানায়নি লাহোর পুলিশ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পারিবারিক শত্রুতার জেরে এই হামলা।
২০০৫ সাল থেকে লশকর জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বিলাল। জঙ্গি সংগঠনের হয়ে তহবিল সংগ্রহ করা, অস্ত্রের জোগান এবং সন্ত্রাসবাদীদের সব রকম ভাবে সহযোগিতা করতেন তিনি। লশকরের শীর্ষ নেতাদের সঙ্গে তইবা কলোনিতে থাকতেন বিলাল। তাঁর মূল কাজ ছিল, যুব প্রজন্মকে মগজধোলাই করে জঙ্গিদলে নিয়োগ করা।