কানাডার স্কুলে গুলি চলল। আততায়ীর এলোপাথাড়ি গুলিতে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। আহত অনেকে। তবে কী কারণে হামলা, তা এখনও স্পষ্ট নয়। পাল্টা হামলায় নিহত সন্দেহভাজন হামলাকারীও।
বুধবার দুপুরে (স্থানীয় সময়) কানাডার ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এই গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলে তারা। যত দ্রুত সম্ভব স্কুলের মধ্যে থেকে পড়ুয়া এবং অন্যদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আততায়ী-সহ ১০ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ২৫ জন। সকলকে হাসপাতালে দ্রুত স্থানান্তরিত করা হয়েছে। তবে তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন:
কানাডার পুলিশ বিবৃতি জারি করে জানিয়েছে, বুধবার দুপুর ১টা ২০ মিনিট নাগাদ (স্থানীয় সময়) ওই স্কুলে ঢুকে এক আততায়ী গুলি চালায়। পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় হামলাকারীর। এই ঘটনার পর পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। টহলদারি চালানো হচ্ছে। স্থানীয়দের আতঙ্কিত না-হওয়ার বার্তা দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘স্কুলের ভিতর আততায়ী-সহ সাত জনের দেহ উদ্ধার হয়। তিন জনকে গুরুতর জখম অবস্থায় তিন জনকে তৎক্ষণাৎ বিমানে চাপিয়ে হাসপাতালে পাঠানো হয়। তবে পরে তিন জনেরই মৃত্যু ঘটে।’’ স্থানীয়দের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে পুলিশের তরফে। তবে সন্দেহভাজন আততায়ীর পরিচয় এখনও প্রকাশ্যে আনেনি পুলিশ। কী উদ্দেশ্যে হামলা, তা জানার চেষ্টা চলছে।