আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোজই বলে চলেছেন, চুক্তির জন্য ‘ভিক্ষা’ করছে ইরান। যদিও বাইরে থেকে দেখলে তেহরানকে তেমন মেজাজে দেখা যাচ্ছে না। শনিবার ইরান-আমেরিকা-ইজ়রায়েলের যুদ্ধ দু’মাসে পড়ল। আর এ দিনই তাতে ইরানের পক্ষে সরাসরি যোগ দিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হুথি। ইজ়রায়েলের দক্ষিণে ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে তারা।
তেল আভিভ অবশ্য জানিয়েছে, ওই ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করেছে। তবে এর ফলে যুদ্ধের পরিসর আরও বেড়ে গেল। আমেরিকার সংবাদমাধ্যমের খবর, তাদের যুদ্ধবিমানবাহী জাহাজ জর্জ এইচ ডব্লিউ বুশ সম্প্রতি মহড়া শেষ করেছে। সেটিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ানো হতে পারে। ফলে যুদ্ধ আদতে দীর্ঘমেয়াদি হওয়ার ইঙ্গিত স্পষ্ট। এ দিকে, ইরানের হামলায় আবু ধাবিতে পাঁচ ভারতীয় জখম হয়েছেন।
ট্রাম্প দাবি করেছেন, ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মোজতবা খামেনেই হয় মৃত, নয়তো খারাপ অবস্থায় রয়েছেন। ফলে ইরান রোজই যুদ্ধবিরতি চুক্তির জন্য ‘ভিক্ষা’ করছে। এর পরের নিশানা হতে পারে কিউবা। এর কিছু ক্ষণের মধ্যেই ইজ়রায়েল জানায়, তারা ফের ইরানের বুশেহর পরমাণু কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই নিয়ে ১০ দিনে তিন বার। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) সেই খবর নিশ্চিত করে। তবে এতে উল্লেখযোগ্য কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে আইএইএ-কে জানিয়েছে ইরান। এরই মধ্যে ইজ়রায়েলে হুথির আক্রমণ শুরু। কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, আমেরিকার যুদ্ধবিমানে জ্বালানি ভরার তিনটি বিমান ধ্বংস করেছে ইরান। যেগুলির মোট দাম ২২৪৭ কোটি টাকা। দুবাইয়ে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী পরিকাঠামো ধ্বংসেরও দাবি করেছে তেহরান। যদিও ইউক্রেন তা অস্বীকার করেছে। সব মিলিয়ে আক্রমণ-প্রতিআক্রমণ অব্যাহত। এরই মধ্যে পশ্চিম এশিয়ার দেশগুলিকে বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান। তাঁর বক্তব্য, প্রতিবেশী দেশগুলি যদি উন্নয়ন ও শান্তি চায় তা হলে যুদ্ধের জন্য আমেরিকাকে তাদের জমি ব্যবহার করতে দিলে চলবে না। তাঁর সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ফোনে কথা হয়েছে। তিনিও ইজ়রায়েলের হামলার নিন্দা করেছেন।
দুবাই ও আবু ধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ জন। এ দিনই আবু ধাবির খলিফা আর্থিক অঞ্চলের কাছে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে পাঁচ ভারতীয় জখম হয়েছেন। সেখানে দু’টি জায়গায় আগুন লেগে গিয়েছে। এই সপ্তাহের গোড়াতেই একই ভাবে এক ভারতীয়ের মৃত্যু হয়েছে সেখানে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ ড্রোন হামলা চালিয়েছে ইরান। তেহরান নতুন করে হুঁশিয়ারি দিয়েছে, প্রতিবেশী দেশগুলির যে সব হোটেল বা অসামরিক জায়গায় আমেরিকান সেনারা থাকবে, সেগুলিও এখন থেকে তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)