Advertisement
E-Paper

প্যালেস্টাইনি ভূখণ্ডে গড়ে ওঠা ইজ়রায়েলি বসতিতেও পরিষেবা দেবে মার্কিন দূতাবাস! বন্ধুরাষ্ট্রের ‘দখলদারি’তে ঘুরিয়ে সমর্থন?

প্যালেস্টাইনি এই ভূখণ্ডের দিকে দীর্ঘ দিন ধরেই নজর রয়েছে ইজ়রায়েলের। ওয়েস্ট ব্যাঙ্কের বিভিন্ন এলাকা ‘দখল’ করে সেখানে ইজ়রায়েলি বসতি গড়ে তোলা হয়েছে। তা নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচিতও হচ্ছে ইজ়রায়েল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৭
ওয়েস্ট ব্যাঙ্কে ইজ়রায়েলি সেনার প্রহরা।

ওয়েস্ট ব্যাঙ্কে ইজ়রায়েলি সেনার প্রহরা। —ফাইল চিত্র।

এ বার ওয়েস্ট ব্যাঙ্কের বিভিন্ন ইজ়রায়েলি বসতিতে পাসপোর্ট সেবা কেন্দ্র খুলছে আমেরিকা। বেশ কয়েকটি এমন ইজ়রায়েলি বসতিকে ইতিমধ্যে চিহ্নিতও করেছে জেরুসালেমের মার্কিন দূতাবাস। বিশ্বের বিভিন্ন দেশ প্যালেস্টাইনি ভূখণ্ডে ইজ়রায়েলি পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছে। এমন একতরফা পদক্ষপ ‘বেআইনি’ বলেও অভিযোগ উঠছে। এমন এক সময়ে আমেরিকার এই পাসপোর্ট সেবা কেন্দ্রগুলি খোলার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অনেকেই মনে করছেন, এর মাধ্যমে বকলমে ‘বন্ধুরাষ্ট্র’ ইজ়রায়েলের পদক্ষেপকে সমর্থন জানাচ্ছে আমেরিকা।

প্যালেস্টাইনি ভূখণ্ডে গজিয়ে ওঠা ইজ়রায়েলি বসতিতে পাসপোর্ট সেবা কেন্দ্র চালু করার বিষয়ে ইতিমধ্যে একটি বিবৃতি দিয়েছে জেরুসালেমের মার্কিন দূতাবাস। তারা জানিয়েছে, ওয়েস্ট ব্যাঙ্কের এফরাতে এমন একটি পরিষেবা কেন্দ্র চালু করা হবে। বস্তুত, এফরাত হল ওয়েস্ট ব্যাঙ্কে অন্যতম ক্রমবর্ধমান ইজ়রায়েলি বসতি। আমেরিকার দূতাবাসের বক্তব্য, সেখানে মার্কিন নাগরিকদের পাসপোর্ট সংক্রান্ত সহায়তা করা হবে। তবে সেখান থেকে কী কী পরিষেবা দেওয়া হবে, ওই কূটনৈতিক দফতরগুলি উপদূতাবাসের মতো কাজ করবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

প্যালেস্টাইনি এই ভূখণ্ডের দিকে দীর্ঘ দিন ধরেই নজর রয়েছে ইজ়রায়েলের। ওয়েস্ট ব্যাঙ্কের বিভিন্ন এলাকা ‘দখল’ করে সেখানে ইজ়রায়েলি বসতি গড়ে তোলা হয়েছে। গত অক্টোবরেই অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্ককে ইজ়রায়েলের সঙ্গে যুক্ত করার জন্য প্রস্তাব পাশ হয়েছে ইজ়রায়েলি পার্লামেন্টে। ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ডে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুদের এই একতরফা পদক্ষেপে আপত্তি রয়েছে বহু দেশের। কয়েক দিন আগেই নিজেদের আপত্তির কথা জানিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে শতাধিক দেশ।

এরই মধ্যে গত শুক্রবার জেরুসালেমের মার্কিন দূতাবাস ঘোষণা করল, এফরাতে তারা মার্কিন নাগরিকদের জন্য পরিষেবা কেন্দ্র চালু করবে। রয়টার্স জানাচ্ছে, আগামী দিনে ওয়েস্ট ব্যাঙ্কের অন্য কিছু শহর, যেমন বেইতার ইলিত, রামাল্লায় এই ধরনের পরিষেবা কেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে তাদের। ‘নিউ ইয়র্ক টাইম্স’ অবশ্য জানাচ্ছে, অতীতেও রামাল্লা এবং তায়েব শহরে এক দিনের জন্য এই ধরনের কনস্যুলার পরিষেবা দেওয়া হয়েছিল। যদিও আধিকারিকদের দাবি, এই প্রথম ওয়েস্ট ব্যাঙ্কের ইজ়রায়েলি বসতিতে এমন পরিষেবা দেওয়া হবে। ‘নিউ ইয়র্ক টাইম্স’ আরও জানাচ্ছে, আগামী দিনে ইজ়রায়েলের মূল ভূখণ্ডের কিছু শহর হাইফা, বেইত শেমেশ এবং নেতন্যাতেও এই ধরনের পরিষেবাকেন্দ্র খোলা হবে।

বর্তমানে জেরুসালেমের মার্কিন দূতাবাস ইজ়রায়েলের দু’টি শহর থেকে পাসপোর্ট এবং কনস্যুলার পরিষেবা দেয়। তার মধ্যে একটি জেরুসালেমের দফতর থেকে। অন্যটি তেল আভিভের শাখা দফতর থেকে। তবে এখনও ওয়েস্ট ব্যাঙ্কে বহু ইজ়রায়েলি বাস করেন, যাঁদের দ্বৈত নাগরিকত্ব (আমেরিকা এবং ইজ়রায়েল উভয় দেশেরই নাগরিকত্ব) রয়েছে। মার্কিন দূতাবাসের এক মুখপাত্রের দাবি, ওই নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্যই এই পরিষেবা কেন্দ্রগুলি চালু করা হচ্ছে। একই ভাবে যাঁদের আমেরিকান-প্যালেস্টাইনি দ্বৈত নাগরিকত্ব, তাঁদেরও ওয়েস্ট ব্যাঙ্কে একই পরিষেবা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এর সঙ্গে আমেরিকার নীতি পরিবর্তনের কোনও ব্যাপার নেই বলেই দাবি দূতাবাসের আধিকারিকদের।

israel palestine
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy