Advertisement
E-Paper

ইরানে ফের হামলা আমেরিকার! ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে সামরিক অভিযান! মার্কিন বাহিনীর দাবি, উদ্দেশ্য আত্মরক্ষা

দক্ষিণ ইরানের বন্দর আব্বাস শহরে সোমবার রাতে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে মার্কিন বাহিনী জানায়, তারা আত্মরক্ষার জন্য দক্ষিণ ইরানে হামলা চালিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ০৭:৫১
ক্ষেপণাস্ত্রের হামলা।

ক্ষেপণাস্ত্রের হামলা। — ফাইল চিত্র।

সমঝোতা নিয়ে‌ অনিশ্চয়তার মাঝে ইরানে ফের হামলা চালাল মার্কিন বাহিনী। সোমবার রাতে দক্ষিণ ইরানে হরমুজ় প্রণালী সংলগ্ন এলাকায় হামলা করে আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। মার্কিন বাহিনীর দাবি, আত্মরক্ষার জন্য এই হামলা চালিয়েছে তারা। যদিও দক্ষিণ ইরানের কোন এলাকায় হামলা হয়েছে, তা মার্কিন সেনার বিবৃতিতে স্পষ্ট নয়। তবে এই বিবৃতির কিছু আগেই দক্ষিণ ইরানে বন্দর আব্বাস শহরে বিস্ফোরণ হয়েছে।

আমেরিকা এবং ইরানের মধ্যে বর্তমানে সংঘর্ষবিরতি চলছে। কূটনৈতিক পথে সংঘাতের সমাধানের চেষ্টা চলছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, অন্য কোনও পদক্ষেপ করার আগে কূটনৈতিক ভাবে সমস্যার সমাধান করার সবরকম পথ নেড়েচেড়ে দেখতে চান তিনি। তবে এরই মধ্যে সোমবার রাতে দক্ষিণ ইরানে বন্দর আব্বাস শহরে পর পর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে মার্কিন বাহিনীর কাছে জানতে চাওয়া হলে তারা জানায়, আত্মরক্ষার উদ্দেশ্যে দক্ষিণ ইরানে হামলা চালিয়েছে তারা।

উল্লেখ্য, দক্ষিণ ইরানে হরমুজ়ের ধারে বন্দর আব্বাস শহরটি তেহরানের কাছে কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের নৌসেনা এবং বায়ুসেনার অন্যতম প্রধান ঘাঁটি রয়েছে এই শহরে। হরমুজ় সংলগ্ন এলাকায় বিস্ফোরণ প্রসঙ্গে সিএনএন-কে দেওয়া এক বিবৃতিতে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিমোথি হকিন্স বলেন, “ইরানি বাহিনীর থেকে আমাদের সেনাকে রক্ষা করার জন্য দক্ষিণ ইরানে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে আমেরিকার বাহিনী। আমাদের নিশানা ছিল (ইরানের) ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং (হরমুজ় প্রণালীতে) মাইন পাতার চেষ্টা করা কিছু ইরানি নৌকা।” সেন্ট্রাল কমান্ডের দাবি, বর্তমানে সংঘর্ষবিরতি চলছে এবং সেই মতো ‘সংযম’ বজায় রেখে নিজেদের বাহিনীকে রক্ষা করছে আমেরিকা।

উল্লেখ্য, সংঘর্ষবিরতি চলাকালীন এর আগেও আমেরিকা এবং ইরানি বাহিনীর মধ্যে গোলাগুলি চলেছে। চলতি মাসের শুরুতে আমেরিকা অভিযোগ করেছিল, তাদের যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ‘উস্কানিমূলক’ ভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। তার জবাবে ইরানের বিভিন্ন সামরিক এলাকায় ‘প্রত্যাঘাত’ করেছিল আমেরিকা। হরমুজ়ের আশপাশে ইরানের ‘উস্কানিমূলক’ পদক্ষেপের জবাব দেওয়ার জন্য অতীতে মার্কিন বাহিনীকে সবুজসঙ্কেত দিয়েছিলেন ট্রাম্পও।

মঙ্গলবার ভোরে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, বন্দর আব্বাস শহরে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে তাতে কিছু উল্লেখ ছিল না। পরে আরও একটি বিবৃতি দেয় আইআরসিজি। সেখানে তারা জানায়, বন্দর আব্বাস শহরের বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরণ হয়ছে। সঙ্গে এ-ও বলা হয়, শত্রুপক্ষের আক্রমণ ঠেকানোর জন্য বন্দর আব্বাসে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে দেওয়া হয়েছে।

US Iran Strait of Hormuz Tehran US Army
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy