Advertisement
E-Paper

ইউরেনিয়ামের হস্তান্তরে রাজি ইরান, দাবি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের! বললেন, ওদের কাছে কোনও পারমাণবিক অস্ত্র নেই

আমেরিকা-ইরান শান্তি সমঝোতার পথে অন্যতম ‘কাঁটা’ তেহরানের কাছে মজুত থাকা ইউরেনিয়াম। ট্রাম্প বার বার দাবি করে এসেছেন, শান্তি ফেরাতে হলে ইরানকে পারমাণবিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ০৭:৫২
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

ইরানের কাছে কোনও পারমাণবিক অস্ত্র নেই। এ বার নিজেই সে কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তাঁর দাবি, ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে, সেটাও তারা আমেরিকার কাছে হস্তান্তরে রাজি হয়েছে। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ বিষয়ে ইরানের কোনও প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি।

আমেরিকা-ইরান শান্তি সমঝোতার পথে অন্যতম ‘কাঁটা’ তেহরানের কাছে মজুত থাকা ইউরেনিয়াম। ট্রাম্প বার বার দাবি করে এসেছেন, শান্তি ফেরাতে হলে ইরানকে পারমাণবিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। গত সপ্তাহে ইসালমাবাদে বৈঠক ভেস্তে যাওয়ার নেপথ্যেও অন্যতম কারণ তেহরানের এই পারমাণবিক কর্মকাণ্ড। এ অবস্থায় ট্রাম্পের এই দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ঘটনাচক্রে, এমন এক সময়ে ট্রাম্প এই দাবি করলেন যখন পাকিস্তান (আমেরিকা-ইরান সংঘর্ষে মধ্যস্থতাকারী দেশ)-এর সেনা সর্বাধিনায়ক আসিম মুনির ইরান সফরে গিয়েছেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে ইরান প্রসঙ্গে মার্কিন প্রেসিডন্ট বলেন, “ওরা আমাদের কাছে ‘পারমাণবিক ধুলো’ (উচ্চমানের সমৃদ্ধ ইউরেনিয়াম বোঝাতে এই শব্দবন্ধটিই ব্যবহার করেন ট্রাম্প) ফেরত দিতে রাজি হয়েছে।” গত বছরে ইরানের তিনটি পরমাণুকেন্দ্র— ইস্পাহান, নাতান্জ় এবং ফোরডোয় হামলায় চালিয়েছিল আমেরিকা। ট্রাম্পের দাবি, ওই হামলার ফলে ইরানের মজুত সমৃদ্ধ ইউরেনিয়াম মাটির তলার চাপা পড়ে গিয়েছে। সেই সমৃদ্ধ ইউরেনিয়ামই এ বার আমেরিকার কাছে হস্তান্তরের জন্য ইরান রাজি হয়েছে বলে দাবি ট্রাম্পের। আমেরিকা এবং ইরানের মধ্যে সমঝোতা হয়ে যাওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি।

Advertisement

ট্রাম্প জানান, ইরানের সঙ্গে তাঁদের সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। শীঘ্রই দু’পক্ষের মধ্যে চুক্তি হয়ে যেতে পারে বলে মনে করেন তিনি। সে ক্ষেত্রে যুদ্ধবিরতির মেয়াদ আরও বৃদ্ধির প্রয়োজন হবে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন আমেরিকার প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের সাউথ লন থেকে মেরিন ওয়ানের দিকে হাঁটতে হাঁটতে ট্রাম্প বলেন, “ইরানের কাছে কোনও পরমাণু অস্ত্র নেই। ওরাও জোর দিয়েই এ কথা জানিয়েছেন। বি-২ বোমারু বিমান দিয়ে আমরা যে হামলা চালিয়েছিলাম, তাতে মাটির অনেক নীচে চাপা পড়ে গিয়েছে পারমাণবিক ধুলো। সেটাও আমাদের কাছে ফিরিয়ে দিতে রাজি হয়েছে ওরা। ইরানের সঙ্গে আমাদের অনেক বিষয়েই সমঝোতা হয়েছে। আমার বিশ্বাস, অত্যন্ত ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ কিছু ঘটতে চলেছে।”

পারমাণবিক কর্মকাণ্ডের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান হল ইউরেনিয়াম। পারমাণবিক বিদ্যুৎ থেকে শুরু করে পারমাণবিক বোমা তৈরি সব ক্ষেত্রেই প্রয়োজন সমৃদ্ধ ইউরেনিয়াম। ইরানের দাবি, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যেই নিজেদের পারমাণবিক কর্মকাণ্ড চালাচ্ছে। কিন্তু ট্রাম্পের সন্দেহ, ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। এই সন্দেহ থেকেই গত বছরে ইরানের তিন পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছিল আমেরিকা।

সংক্ষেপে
  • ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
  • আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
  • শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
Donald Trump Iran
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy