একটা জপের মালা, পোকার খেলার একটা ঘুঁটি, একটা ছোট বুদ্ধ মূর্তি, একটা কপটিক ক্রস আর একটা ছোট্ট হনুমান মূর্তি। প্যান্টের ডান পকেট থেকে একে একে বেরোল সব ক’টা জিনিসই।
ইউ টিউবে চলছে সাক্ষাৎকার পর্ব। যিনি সাক্ষাৎকারটি নিচ্ছেন তিনি সেলিব্রিটি অতিথিকে এক রকম জোরই করেছিলেন পকেট থেকে জিনিসগুলো বার করার জন্য। অতিথি ‘অনুরোধ’ রাখলেন হাসি মুখেই। জিনিসগুলো বার করে তার গর্বিত মালিক অকপটে স্বীকার করেন, তাঁর পকেটে সব ক’টা জিনিসই সব সময় থাকে। ক্লান্ত বোধ করলেই, পকেট থেকে বার করেন। জীবন-যুদ্ধে ফিরতে ওগুলোই তাঁকে সাহায্য করে।
গত মঙ্গলবার শেষ ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ বক্তৃতা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্টের সেই বক্তৃতাই বিভিন্ন শ্রেণির দর্শকের কাছে পৌঁছে দিতে চাইছে হোয়াইট হাউস। সেই উপলক্ষেই ইউ টিউবে সাক্ষাৎকার বারাক ওবামার। ইউ টিউবের তিন পরিচিত মুখ পরপর প্রশ্নে বিদ্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্টকে। সপ্রতিভ ভঙ্গিতে সব প্রশ্নের জবাবও দিয়েছেন। মিটিয়েছেন নানা আবদারও।
ইউ টিউবে ‘মিসগ্ল্যামোরাজ্জি’ নামে পরিচিত লস অ্যাঞ্জেলেসের ইনগ্রিড নিলসেন। তিনিই ওবামাকে প্রশ্ন করেন, ‘‘নিজের সঙ্গে সব সময় কী কী রাখেন?’’ প্রেসিডেন্ট একে একে নিয়েছিলেন ওই পাঁচটি বিশেষ জিনিসের নাম। ‘‘ওগুলো এখনও সঙ্গে আছে? দেখা যায়?’’ এর উত্তরে পকেট থেকে বার করা জিনিসগুলি দেখান ওবামা। যার মধ্যে ছিল হিন্দু দেবতা সঙ্কটমোচনের সেই মূর্তিও। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জানিয়েছেন, জপ মালা তাঁকে দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। ২০০৭ সালে আইওয়ায় এক বাইক আরোহীর কাছ থেকে পেয়েছিলেন ধাতুর পোকার ঘুঁটিটা। এক বৌদ্ধ সন্ন্যাসী দিয়েছিলেন বুদ্ধ মূর্তিটি। ইথিওপিয়া থেকে এনেছিলেন ক্রস। তবে হিন্দু দেবতা হনুমানের মূর্তিটি তাঁকে কে দিয়েছিলেন, সে নিয়ে স্পষ্ট করে বলেননি ওবামা।
তবে কি তিনি কুসংস্কারাচ্ছন্ন? ওবামা বলেন, ‘‘একদমই না। এতগুলো বছর ধরে অনেকের সঙ্গে মিশেছি। অনেকে অনেক কিছু ভালবেসে দিয়েছেন। যদিও সব জিনিস নিয়ে আমি মোটেও ঘুরি না। এই পাঁচটা আমার খুব কাছের। যখনই একটা খারাপ দিন শুরু হয়, আমি ওগুলো বার করি। ওগুলোই মনে করিয়ে দেয়, আমায় একটা সুযোগ দেওয়া হয়েছে, তাঁদের জীবন শোধরাতে। আর সেই কাজটা আমায় করতে হবে।’’