মহাকাশ থেকে ফিরে ৪ বছরে বিস্ময় বৃক্ষ
সংবাদ সংস্থা • টোকিও
চার বছরের খুদে হাবেভাবে একেবারে প্রাপ্তবয়স্ক। ডালপালা মেলে প্রকাণ্ড আকার ধারণ করেছে। ফুলও ধরেছে। সব দেখেশুনে হতবাক স্থানীয়রা। প্রকৃতির খেলা দেখে সাধুসন্তরা বলছেন, “আমরা মুগ্ধ।” বিজ্ঞানীদের দাবি, জন্মের আগে বীজ অবস্থায় ৮ মাস মহাকাশে ছিল সে। তারই জেরে এই কাণ্ড। যা নিয়ে এত হইচই জাপানে, সেটি একটি চেরি গাছ। সকলকে প্রায় ‘এপ্রিল ফুল’ করেই ১ এপ্রিল ফুল ধরেছে তার শাখায়। সময়ের প্রায় ৬ বছর আগে। নিয়ম অনুযায়ী, ১০ বছর বয়স হলে চেরি গাছে ফুল ধরে। কিন্তু সবে তো তার চার! গাছটির কাছেই একটি মন্দির। স্বভাবতই তার দৈবিক মাহাত্ম্য নিয়েও কথা উঠেছে। এক সাধু যেমন বললেন, “কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। অবাক ব্যাপার।” লোকমুখে অবশ্য ঘুরেফিরে আসছে মহাকাশের কথা। আরও বেশ কিছু বীজের সঙ্গে ২০০৮ সালে বিস্ময় বৃক্ষের বীজটি পরীক্ষানিরীক্ষার জন্য পাঠানো হয়েছিল আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে। আট মাস মহাকাশে রাখার পর, পৃথিবীকে ৪১০০ বার পাক খাওয়ার পর ২০০৯-এর জুলাই মাসে জাপানের মহাকাশচারী কোইচি ওকাতা ফিরিয়ে আনেন বীজগুলিকে। অধিকাংশই গবেষণাগারে পাঠিয়ে দিয়ে একটি বীজ পুঁতে দেওয়া হয়। চার বছরের মাথায় যে সব গাছ ছাড়িয়ে মাথা তুলে দাঁড়িয়েছে।
দাবানলে মৃত ১১, গৃহহীন বহু
সংবাদ সংস্থা • সান্তিয়াগো
দাবানলে ভস্মীভূত হয়ে গেল চিলির বন্দর শহর ভালপারাইসো। ৫০০ বাড়ি পুড়ে ছাই। হাজার হাজার মানুষ ঘরছাড়া। এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করছে দমকল। তাদের বক্তব্য, শহরটির ভৌগোলিক অবস্থানের জন্য আগুন নেভানো কষ্টকর। ডজনখানেক ছোট ছোট পাহাড়ে ঘেরা ভালপারাইসো। আড়াই লক্ষ মানুষের শহরটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মিশেল বাশেলেট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেমেছে সেনা। ধোঁয়ায় ঢেকে যায় ভালপরাইসোয় মহিলা জেল। সেখানে কয়েক জন বন্দি অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁদের উদ্ধার করে সরিয়ে নিয়ে যাওয়া হয় ২০০ বন্দিকে। প্রাদেশিক গভর্নর রিকার্ডো ব্রাভো বললেন, “এ হেন ভয়ানক অবস্থা আগে দেখিনি।”
দ্বিতীয় সন্তান: খবর ভিত্তিহীন
ছবি: এএফপি।
দ্বিতীয় সন্তান নিয়ে সব জল্পনা ওড়ালেন ডাচেস অব কেমব্রিজ। নিউজিল্যান্ড ওয়াইনে চুমুক দিতে দিতে কেট বললেন, ওই সব খবর ভিত্তিহীন। উইলিয়ামের সঙ্গে কুইন্সটাউনের স্থানীয় আঙুর ক্ষেতে গিয়ে সেখানকার কর্মীদের বলেন, জর্জের জন্মের এত দিন পরে ওয়াইন খেয়ে দারুণ লাগছে। সেখানকার কর্মী হানা আর্মস্ট্রংয়ের দাবি, অন্তঃসত্ত্বা থাকাকালীন কেট মদ ছোঁননি, এমনটাই তাঁকে জানান কেট। বেশ কয়েক গ্লাস ওয়াইন শেষ করে কেট বলেন, রাজপরিবারে দুই ভাই, উইলিয়াম এবং হ্যারিকেই ওয়াইন-বিশেষজ্ঞ বলা হয়।