E-Paper

আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন থেকে ওমান, একাধিক বাণিজ্যচুক্তিতে নজর ভারতের

ওমানের সঙ্গে চুক্তি কার্যকর হলে ২০১৪ সালের পর থেকে মোদী সরকারের জমানায় সেটি হবে ভারতের পঞ্চম মুক্ত বাণিজ্য চুক্তি। ২০২১-এর এপ্রিলে কার্যকর হয়েছিল মরিশাসের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি। ২০২২ সালের ডিসেম্বরে হয় অস্ট্রেলিয়ার সঙ্গে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ০৯:১৪

— প্রতীকী চিত্র।

পয়লা জুন, সোমবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে ভারত-আমেরিকার চার দিনের বাণিজ্য আলোচনা। যেখানে দু’দেশের মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত হওয়ার কথা। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির এই প্রথম দফাটির কাঠামো সংক্রান্ত বিষয়ে দু’পক্ষ একমত হয়েছিল গত ফেব্রুয়ারিতেই।

নয়াদিল্লিতে তা চূড়ান্ত করার জন্য আমেরিকার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ব্রেন্ডান লিঞ্চ আর ভারতের ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব দর্পণ জৈন। সূত্রের দাবি, অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত হলে তবেই বাজারের নাগাল, শুল্ক বাদে বাণিজ্যের পথে বাদবাকি প্রাচীর, আমদানি, বাণিজ্যে সুবিধা, লগ্নি এবং আর্থিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বৃহত্তর দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার পথ খুলবে এবং তা এগিয়ে নিয়ে যাওয়া হবে। এ দিকে, এই দিনই কার্যকর হতে চলেছে ভারত এবং ওমানের মুক্ত বাণিজ্য চুক্তি। দু’দেশের মধ্যে এই আর্থিক সহযোগিতার চুক্তি বা সিইপিএ (কম্প্রিহেনসিভ ইকনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট)-র আনুষ্ঠানিক ঘোষণা হবে এ দিন।

ওমানের সঙ্গে চুক্তি কার্যকর হলে ২০১৪ সালের পর থেকে মোদী সরকারের জমানায় সেটি হবে ভারতের পঞ্চম মুক্ত বাণিজ্য চুক্তি। ২০২১-এর এপ্রিলে কার্যকর হয়েছিল মরিশাসের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি। ২০২২ সালের ডিসেম্বরে হয় অস্ট্রেলিয়ার সঙ্গে। ওই বছরই মে মাসে তা রূপ পায় ভারত আর সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে। চতুর্থটি হয় গত বছরেরঅক্টোবরে, ইএফটিএ-র সঙ্গে। অর্থাৎ এই গোষ্ঠীভুক্ত সুইৎজ়ারল্যান্ড, আইসল্যান্ড,লিফটেনস্টাইন, নরওয়ের সঙ্গে ভারতের। গত বছর জুলাইয়ে ব্রিটেনের সঙ্গে এবং গত মাসে নিউ জ়িল্যান্ডের সঙ্গেও একই রকম বাণিজ্য চুক্তি করেছে ভারত। অন্য দিকে, ২৭টি দেশ নিয়ে তৈরি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই সংক্রান্ত আলাপ-আলোচনা সম্পূর্ণ হওয়ার ঘোষণা হয়েছে গত ২৭ জানুয়ারি।

সূত্রের খবর, কানাডার সঙ্গেও খুব তাড়াতাড়ি বাণিজ্য চুক্তি সম্পন্ন হতে পারে বলে আশা। কানাডা এবং ভারত, দু’দেশের সরকারি আধিকারিকেরা এখন মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কথাবার্তা চালাচ্ছেন। টরোন্টোতে আয়োজিত বাণিজ্যিক সম্মেলনে আলোচনা সফল হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছে দু’পক্ষই। ২০২৩ সালে ভারত-কানাডার বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা স্থগিত হয়ে গিয়েছিল। এখন তা আবার পুরোদমে চলছে বলেই খবর।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

India-US Trade Deal India-US Relationship

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy