E-Paper

চালু হল নতুন আয়কর আইন, কী কী নিয়ম পাল্টাচ্ছে? দেখে নিন এক ঝলকে

নতুন আইনে সাধারণ ভাবে আয়করের হারে কোনও পরবর্তন করা হয়নি। যে সব করের হার পরিবর্তন করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল— শেয়ারের আগাম লেনদেনের (ফিউচার অ্যান্ড অপশন) উপর করের হার বৃদ্ধি (এসটিটি)।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ০৭:৪৯

—প্রতীকী চিত্র।

আজ থেকে চালু হয়ে গেল নতুন আয়কর আইন, ২০২৫। তা প্রযোজ্য হবে আজ শুরু হওয়া আর্থিক বছর (২০২৬-২৭) থেকেই। অর্থাৎ সাধারণ করদাতারা ২০২৭ সালে যে আয়কর রিটার্ন জমা দেবেন, তাতে নতুন আইন অনুযায়ী কর হিসাব করতে হবে। তবে চলতি বছরে আয়করের রিটার্ন জমা দিতে হবে পুরনো আইন আনুসারেই। কারণ, ওই রিটার্নে করদাতা ২০২৫-২৬ সালে যে আয় করেছেন, তার উপর প্রযোজ্য করের হিসাব থাকবে। যদিও যাঁরা আগাম কর দেন, তাঁদের চলতি বছরের জুনে নতুন আয়কর আইন অনুযায়ী চালু হওয়া ফর্মে রিটার্ন জমা দিতে হবে।

নতুন আইনে সাধারণ ভাবে আয়করের হারে কোনও পরবর্তন করা হয়নি। যে সব করের হার পরিবর্তন করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল— শেয়ারের আগাম লেনদেনের (ফিউচার অ্যান্ড অপশন) উপর করের হার বৃদ্ধি (এসটিটি)। কমেছে বিদেশে ভ্রমণ এবং চিকিৎসা ছাড়াও বিদেশে শিক্ষার খরচ বাবদ পাঠানোর জন্য অর্থের উপর সূত্রে আদায় করা করের (টিসিএস) হার। এ ছাড়া, বিদেশি সংস্থা ভারতে ডেটা সেন্টার স্থাপন করলে বা তার জন্য দেশীয় সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধলে, ২০৪৭ পর্যন্ত তাদের পুরো কর ছাড়ের (ট্যাক্স হলিডে) ব্যবস্থাও নতুন আয়কর আইনে করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, নতুন আয়কর আইনে শেয়ারের আগাম লেনদেনের উপরে করের হার বাড়িয়ে বাজারে ফাটকা লেনদেনে রাশ টানার চেষ্টা করেছে কেন্দ্র। বাজারে চালু থাকা দুই ধরনের আগাম লেনদেনে করের হার আগে ছিল ০.০২% থেকে ০.১%। নতুন আইনে তা বাড়িয়ে করা হয়েছে ০.০৫% থেকে ০.১৫%। শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি বেশ কিছু দিন ধরেই ওই ফাটকা লেনদেনে যুক্ত হয়ে হাত পোড়ানো নিয়ে লগ্নিকারীদের সতর্ক করছে। সেবির সমীক্ষায় জানা গিয়েছে, ওই ধরনের ফাটকা লেনদেনের সঙ্গে ২০২৪-২৫ সালে যুক্ত ছিলেন ১.০৬ কোটি লগ্নিকারী। সে সময়ে ওই ধরনের ফাটকায় তাঁরা লোকসান করেছেন ১.০৫ লক্ষ কোটি টাকা। তবে লগ্নিকারীর সংখ্যা ২০২৫ সালের ৩০ ডিসেম্বরে কমে দাঁড়িয়েছে প্রায় ৭৫.৪৩ লক্ষে।

নয়া আয়কর আইনে বিদেশে ভ্রমণের জন্য খরচ করা টাকার উপরে টিসিএসের হার ২০% থেকে কমিয়ে করা হয়েছে ২%। পাশাপাশি অন্য দেশে চিকিৎসা এবং শিক্ষার জন্য খরচ করা টাকার উপরে করের হারও ৫% থেকে কমিয়ে করা হয়েছে ২%।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Income Tax Central Government New Income Tax Policy New Income Tax Structure

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy