রেলপথ ছেড়ে সড়কপথে এক্সপ্রেস ট্রেন চলতে শুরু করল নাকি! প্ল্যাটফর্মে ঢোকার আগে যেমন হর্নের আওয়াজ শোনা যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় অবিকল সেই হর্নের শব্দ শুনতে পেলেন প্রত্যক্ষদর্শীরা। এত জোর শব্দ শুনে সকলে চমকে উঠলেন। দেখলেন, এক তরুণ তাঁর বাইকে এমন বিচিত্র হর্ন লাগিয়েছেন। পুলিশের নজরে পড়তে তরুণের বাইকটি সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করা হয়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ভিজে’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বাইককে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন কয়েক জন পুলিশকর্মী। তাঁদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে বাইকচালককেও। বাইকের হর্ন দিতেই শোনা গেল, এক্সপ্রেস ট্রেন আসার শব্দ। পুলিশের দাবি, তরুণ তাঁর বাইকে ট্রেনের শব্দের হর্ন লাগিয়েছেন।
ট্রাফিক আইন অনুযায়ী, গাড়িতে এই ধরনের হর্ন লাগানো বেআইনি। ট্রেনের হর্ন অত্যন্ত উচ্চ ডেসিবেল শব্দ উৎপন্ন করে, যা দূরপাল্লার সতর্কীকরণ ব্যবস্থার জন্য তৈরি করা হয়েছে। শহরের রাস্তার জন্য এই হর্ন ব্যবহার করা উচিত নয়। বাইকে হর্ন লাগানোর সময় নির্ধারিত শব্দসীমার কথা খেয়াল রাখা হয়নি বলে বাইকচালককে পুলিশ শনাক্ত করে এবং পরে তাঁর বাইকটি বাজেয়াপ্ত করা হয়।