Advertisement
E-Paper

পর্যটনে পশ্চিমবঙ্গ এখনও অজানা গন্তব্য

আন্তর্জাতিক মানচিত্রে বা পর্যটন ওয়েবসাইটে পশ্চিমবঙ্গ এখনও যে-একটি অজানা গন্তব্যই, তা স্পষ্ট হল সিআইআই-এর ষষ্ঠ পর্যটন সম্মেলনে। বিদেশি পর্যটন সংস্থার প্রতিনিধিদের একাংশ জানালেন, এখনও পশ্চিমবঙ্গ তাঁদের কাছে অজ্ঞাতই। তাঁদের সেই যুক্তিতেই কার্যত সিলমোহর পড়ল যখন আধুনিকতার বদলে সোমবার সেই মান্ধাতার আমলের ‘প্রেজেন্টেশন’ দিল রাজ্য।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৪৬

আন্তর্জাতিক মানচিত্রে বা পর্যটন ওয়েবসাইটে পশ্চিমবঙ্গ এখনও যে-একটি অজানা গন্তব্যই, তা স্পষ্ট হল সিআইআই-এর ষষ্ঠ পর্যটন সম্মেলনে। বিদেশি পর্যটন সংস্থার প্রতিনিধিদের একাংশ জানালেন, এখনও পশ্চিমবঙ্গ তাঁদের কাছে অজ্ঞাতই। তাঁদের সেই যুক্তিতেই কার্যত সিলমোহর পড়ল যখন আধুনিকতার বদলে সোমবার সেই মান্ধাতার আমলের ‘প্রেজেন্টেশন’ দিল রাজ্য।

পাশাপাশি পর্যটন শিল্পে লগ্নিকারীদের আস্থা পেতে দেশে পর্যটন শিল্পের সংগঠনের কর্তা সুভাষ গয়াল সিঙ্গুরে টাটা বিতাড়নের ঘটনাকে কালো মেঘ হিসেবে ব্যাখ্যা করেও অবশ্য দাবি করলেন, পরিস্থিতির উন্নতি হচ্ছে।

সম্মেলনে ২৬টি দেশের প্রতিনিধিরা এসেছেন। তাঁরা রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখার আগে এ দিন সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু, পর্যটন সচিব অজিত বর্ধন প্রমুখ। তাঁরা অবশ্য ফলাও করে এ দিন শাহরুখ খানকে দিয়ে রাজ্যের প্রচার কর্মসূচির কথা জানিয়েছেন। কিন্তু বলিউডি ছোঁয়ার সেই ঢেউ কতটা দেশের সীমার বাইরে গিয়েছে, সেই প্রশ্ন তুলেছেন বিদেশিদের অনেকেই। যেমন হাঙ্গেরির পর্যটন সংস্থার কর্তা রোকোয়া পিটার কিংবা জার্মানির স্টিয়ার ও’ ম্যাগনাস। রোকোয়া বলছেন, হাঙ্গেরি গত ১৫ বছর ধরে ভারতে পর্যটক পাঠালেও এ রাজ্যের কথা তাঁর অজানাই ছিল।

আন্তর্জাতিক পর্যটন ওয়েবসাইট সংস্থা ‘ট্রিপ অ্যাডভাইজর-এর প্রতিনিধি সারা ম্যাথুজের প্রশ্ন, এ রাজ্য সম্পর্কে তথ্য (কনটেন্ট) অনলাইন-এ কোথায়? তাঁর অভিযোগ, রাজ্যে বহু ঐতিহ্যশালী স্থাপত্য থাকলেও সেগুলির সঙ্গে জড়িয়ে থাকা কাহিনির প্রচার নেই। তার সঙ্গেই এখানে সময় কাটানো পর্যটকদের নিজস্ব অভিজ্ঞতার প্রচারও তেমন নেই।

দ্বিতীয়বার কলকাতায় আসা মার্কিন পর্যটন সংস্থার উপদেষ্টা ক্রিস্টোফোর জে ডিসুজা কলকাতা বিমানবন্দর প্রসঙ্গে বলেন, আন্তর্জাতিক বিমানবন্দর থাকলেই হবে না। সেখান থেকে বিভিন্ন দেশের উড়ান সংযোগ বাড়াতে হবে।

সমস্যার কথা মেনেছেন পর্যটন সচিব ও সিআইআই-এর কর্তারাও। তবে বর্ধন বলেন, ‘‘রাজ্যের পর্যটন দফতরের ওয়েবসাইট নিয়মিত ‘আপডেট’ করা হবে। অনলাইন-এ ‘কনটেন্ট’ লেখার জন্য একটি বেসরকারি সংস্থাকে নিয়োগও করা হবে।’’

পর্যটনমন্ত্রী অবশ্য এ দিন পাল্টা দাবি করেন, বিদেশি পর্যটক আসার নিরিখে পশ্চিমবঙ্গ ভারতে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। যদিও ট্রিপ-অ্যাডভাইজরের সেরা দশ রাজ্যের তালিকায় নেই পশ্চিমবঙ্গ। সংস্থাটির প্রতিনিধি অবশ্য জানান, দ্বাদশ থেকে এ রাজ্য একাদশে উঠেছে। তবে পর্যটনমন্ত্রী ও সচিবের দাবি, সার্বিক ভাবেই রাজ্যের পর্যটন উন্নয়নে উদ্যোগী তাঁরা। আটটি পর্যটন কেন্দ্র নিয়ে ‘এক্সপিরিয়েন্স বেঙ্গল’ নামে একটি প্রকল্পের প্রচারের মুখ শাহরুখ খান। এ জন্য খরচ হচ্ছে সাড়ে চব্বিশ কোটি টাকা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy