Advertisement
E-Paper

এক লিটার পেট্রলের দাম ১১৫.৭৩ টাকা! কলকাতা, দিল্লি, মুম্বই বা বেঙ্গালুরু নয়, সবচেয়ে বেশি দামে পেট্রল কেনে দেশের এই শহর

দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম ১০২.১২ টাকা। বেঙ্গালুরু এবং মুম্বইয়ে এর দাম যথাক্রমে ১১০.৮৯ টাকা এবং ১১১.২১ টাকা। কলকাতায় লিটারপ্রতি পেট্রলের দর ১১৩.৪৭ টাকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১৩:৫৩

ছবি: সংগৃহীত।

ফেব্রুয়ারির পর থেকে হরমুজ প্রণালীতে একটানা অবরোধের কারণে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। গত মাসে ভারতে পেট্রল ও ডিজ়েলের দাম চার বার বাড়ানো হয়েছে। পেট্রলের দাম প্রতি লিটার ১০০ টাকার উপরে এবং ডিজ়েলের দাম প্রতি লিটার ৯৫ টাকার উপরে বিক্রি হচ্ছে। তবে এই দাম দেশের প্রতিটি রাজ্যে সমান নয়। রাজ্যভেদে ওঠানামা করে জ্বালানির দর। অনেকেই হয়তো মনে করেন যে ভারতের সবচেয়ে দামি পেট্রল পাওয়া যায় রাজধানী দিল্লি কিংবা বেঙ্গালুরু বা বাণিজ্যনগরী মুম্বইয়ে। তবে এই ধারণা ভ্রান্ত। সারা দেশের মধ্যে জ্বালানি মহার্ঘতম দক্ষিণের একটি রাজ্যের রাজধানী শহরে।

দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম ১০২.১২ টাকা। বেঙ্গালুরু এবং মুম্বইয়ে এর দাম যথাক্রমে ১১০.৮৯ টাকা এবং ১১১.২১ টাকা। কলকাতায় লিটারপ্রতি পেট্রলের দর ১১৩.৪৭ টাকা। তবে ভারতে সবচেয়ে দামি পেট্রল বিক্রি হয় হায়দরাবাদে। যেখানে প্রতি লিটার পেট্রল কিনতে গেলে দিতে হয় ১১৫.৭৩ টাকা। হায়দরাবাদ তেলেঙ্গানার রাজধানী, যেখানে পেট্রলের উপর ৩৫.২০ শতাংশ ভ্যাট ধার্য করা হয়। এই কারণেই শহরটিতে পেট্রলের দাম সবচেয়ে বেশি।

পেট্রল ও ডিজ়েলের দাম একাধিক বিষয়ের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম, শুল্ক, ডিলারদের কমিশন এবং রাজ্য সরকারের আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) সংযুক্ত হওয়ার পর দাম স্থির করা হয়। ভ্যাটের প্রভাবের কারণে ভারতে রাজ্যভেদে পেট্রল ও ডিজ়েলের দামে ফারাক হয়। কিছু রাজ্য ভ্যাটের পরিমাণ কম। অন্য কিছু রাজ্য সরকার পেট্রল ও ডিজ়েলের উপর উচ্চ হারে ভ্যাট আরোপ করে। এই কারণেই দেশের প্রধান প্রধান শহরগুলিতে পেট্রলের দাম একরকম থাকে না।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy