একটি ভুল নয়, ২০০৫ সাল থেকে একের পর এক ভুলের জেরেই ফোক্সভাগেনের গাড়ি দূষণ কেলেঙ্কারিতে জড়িয়েছে বলে স্বীকারোক্তি এল খোদ জার্মান বহুজাতিকটির তরফে। বৃহস্পতিবার সংস্থার সুপারভাইজরি বোর্ডের প্রধান হান্স ডিটার পোয়েৎস বলেন, ২০০৫ সালে ফোক্সভাগেন যখন আমেরিকায় ডিজেল গাড়ির বিক্রি নিয়ে প্রচার শুরু করেছিল, তখন থেকেই একাধিক ভুলের শুরু। তবে তথ্যপ্রমাণ বলছে, গোটা ঘটনা হাতে গোনা কয়েকজন ব্যক্তির সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল। সুপারভাইজরি বোর্ড বা পরিচালন পর্ষদের সদস্যরা তার সঙ্গে যুক্ত ছিলেন না বলেই দাবি হান্সের।