E-Paper

ভাষ্য সৌভাষ্য প্রতিভাষ্য

ঋত্বিককুমার ঘটককে নিয়ে বিপুলায়তন এই পত্রিকা-সংখ্যাটির শুরুর অনেকটা অংশ পুনর্মুদ্রণ বটে, তবে তাঁর স্বজন-বান্ধব-সহকর্মী ও উত্তরসূরিদের নানা সময়ে লেখা, নানা মেজাজে বলা মন্তব্য ও মূল্যায়ন শতবর্ষী শিল্পীর মনটি পড়তে কাজে দেবে, সেখানেই তার গুরুত্ব।

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩৯

ঋত্বিককুমার ঘটককে নিয়ে বিপুলায়তন এই পত্রিকা-সংখ্যাটির শুরুর অনেকটা অংশ পুনর্মুদ্রণ বটে, তবে তাঁর স্বজন-বান্ধব-সহকর্মী ও উত্তরসূরিদের নানা সময়ে লেখা, নানা মেজাজে বলা মন্তব্য ও মূল্যায়ন শতবর্ষী শিল্পীর মনটি পড়তে কাজে দেবে, সেখানেই তার গুরুত্ব। গৌতম ঘোষের লেখায় মেলে নতুন সূত্র: আইজ়েনস্টাইনের ‘অ্যাসিনক্রোনাস সাউন্ড’, বা ডি ডি কোসাম্বির মিথ অ্যান্ড রিয়ালিটি বইটি প্রিয় ছিল ঋত্বিকের। ভবেশ দাশ লিখেছেন তাঁর নাট্যভুবন নিয়ে; আধুনিক বাংলা সাহিত্য নিয়ে সম্যক জ্ঞান না থাকলে ঋত্বিকের চলচ্চিত্র-আলোচনা প্রায় অসম্ভব, সে কথা বলে ঋত্বিকের চলচ্চিত্র-ভাবনা গঠনে সাহিত্যত্ব বা ‘লিটারারিনেস’-এর ইঙ্গিত করেছেন সঞ্জয় মুখোপাধ্যায়। বিশেষ প্রাপ্তি ‘বাংলাদেশের হৃদয় হতে’ একগুচ্ছ আন্তরিক লেখা, এ ছাড়াও না-হওয়া ছোট ছবি দ্য কোয়েশ্চন-এর চিত্রনাট্য; দুই অতিথি-সম্পাদকের জরুরি কাজ: ঋত্বিকের ছবির সঙ্গীতপঞ্জি ও সময়ের মানচিত্রে তাঁর জীবনপঞ্জি।

অনুষ্টুপ, ঋত্বিককুমার ঘটক জন্মশতবর্ষ বিশেষ সংখ্যা

অতিথি সম্পা: তরুণ সেন, সৌমিক বন্দ্যোপাধ্যায়

৭০০.০০

গর্ভাশয়ে টিউমার হয়ে যখন দিদিমার জীবন সংশয় হয়, তখন তিনি যে হাসপাতালে ভর্তি, তা নেহাতই খারাপ। অনিতা অগ্নিহোত্রী লিখছেন, তাঁর দাদামশাইকে যখন হাসপাতাল বদলের কথা বলা হল, তিনি অনুদ্বিগ্ন ভঙ্গিতে বললেন, “চিন্তা করিস না, পণ্ডিতমশাই বলেছেন, আমার হাতে স্ত্রী বিয়োগ নেই।” এই একটি উদ্ধৃতিতে অনিতা ধরে দিয়েছেন শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের পরিসরে মহিলাদের অবস্থান। স্বপ্না দেবের লেখায় বইমেলায় আগুন লাগার ভয়াবহ স্মৃতি। সোমাইয়া আখতারের স্মৃতিকথার দ্বিতীয় পর্ব প্রথম পর্বের রেশ বহন করে। সামসুন নিহারের লেখায় শবেবরাত-এর স্মৃতি সুখপাঠ্য।

রাবণ, জানুয়ারি ২০২৬

সম্পা: সোমাইয়া আখতার

২৫০.০০

গুরুত্বপূর্ণ পুনর্মুদ্রণ আশুতোষ মুখোপাধ্যায়ের উপাচার্য-ভাষণ, ১৯০৭-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের বক্তৃতা, তাতে তৎকালীন শিক্ষাপ্রতিষ্ঠান ও শৃঙ্খলা নির্মাণের রাজনীতি: সেই ইতিহাস ও অনুষঙ্গ বোধিসত্ত্ব করের উত্তর-কথনে। দুই দৃষ্টিকোণ থেকে জাতি-বর্ণভেদের আলোচনায় রণবীর চক্রবর্তী ও গৌতম ভদ্রের প্রবন্ধ দু’টিতে যে ভারতচর্চা-দিশা, সৌরভ চট্টোপাধ্যায়ের ন্যায়দর্শন ও সংস্কৃত পঠন-পাঠনজনিত প্রবন্ধেও তা উপস্থিত। অনুবাদ নিয়ে নতুন ভাবনার প্ররোচনা প্রবাল দাশগুপ্তের প্রবন্ধে, সুদীপ্ত কবিরাজের প্রবন্ধে সমাজদর্শনের ইতিহাস। ভাবনাকে ঋদ্ধ করা এ-পত্র তর্ক তোলার সঙ্গে তর্কের ইতিহাসও পেশ করে। স্বাতী ভট্টাচার্য ও সৌরভ মণির রচনায় তাঁদের গবেষণার হেঁশেলের অভিজ্ঞতা।

কলকাতা ২১, ডিসেম্বর ২০২৫

সম্পা: মৈনাক বিশ্বাস সুমন্ত মুখোপাধ্যায় বোধিসত্ত্ব কর

৪০০.০০

সেই সময় বাড়ির ডাক্তার ছিলেন মহিলারাই। কার শরীর খারাপ হল, কার কী পথ্য লাগবে, সব দিকে থাকত তাঁদের নজর— বিশ শতকের প্রথম ভাগে মহিলারা যাতে সুচিকিৎসা পান, তার জন্য মহিলা আয়ুর্বেদ চিকিৎসক উত্তরপ্রদেশের যশোদা দেবী ‘স্ত্রী ঔষধালয়’ খুলেছিলেন। যশোদা, তাঁর লেখা বই এবং সে আমলের মেয়েদের ঘরোয়া টোটকার অব্যর্থ গুণ নিয়ে প্রবন্ধ লিখেছেন চারু গুপ্ত। ইতিহাস নির্মাণবিদ্যা নিয়ে লিখেছেন অশোক মুখোপাধ্যায়; কাকে বলে ইতিহাস, উত্তর সন্ধান অনিরুদ্ধ রাহার কলমে। পুরুলিয়ার আদিবাসী ও প্রান্তিক সমাজ, বদলে যাওয়া সমাজমন ও বাংলাদেশ, লাদাখের জনগণের লড়াই নিয়ে আলোচনা।

নিষ্পলক, পরিবেশ বিজ্ঞান ও ইতিহাস

সম্পা: জগদীশচন্দ্র সরদার

৪০০.০০

মানুষের সাজসজ্জা, প্রসাধনের কারণ কী? শুধুই নিজেকে সাজিয়ে তুলে ধরার ইচ্ছা? সামাজিক, সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক কারণ সন্ধান করেছে এই পত্রিকা, দশটি পর্বে ৪৫টি রচনায়। নারী-পুরুষের স্নান গামছা আয়না-চিরুনি, পাগড়ি-টুপি-জুতো, চুলদাড়িগোঁফ থেকে নখসজ্জা ও ট্যাটু, দেবদেবী থেকে শুরু করে আদি মানব ও না-মানুষদের প্রসাধন নিয়ে ভাবনার আশ্চর্য রসদ পাবেন পাঠক। জনজাতি মানুষ থেকে নাগরিক বিউটি পার্লার, এয়োতি ও বিধবা, প্রত্নশিল্প থেকে থিয়েটা-সিনেমা ও বিজ্ঞাপনে প্রসাধনের পরিবর্তন বিবর্তনের যাত্রা।

শুভশ্রী, প্রসাধন

সম্পা: শান্তনু সরকার

৭০০.০০

ছোট পত্রিকার সম্পদ নিঃসন্দেহে তার প্রবন্ধ। এই সংখ্যাটি তেমন কিছু লেখায় নজর কাড়ে: বিষ্ণু দে-কে নিয়ে প্রত্যুষপ্রসূন ঘোষ ও অরুণ মিত্রকে নিয়ে ঊর্মিলা চক্রবর্তী ও পবন সাহার লেখাগুলি ফিরিয়ে দিল এই দুই কবিকে নিয়ে বাঙালির একদা মননোচ্ছ্বাসের স্মৃতি। প্রমথ চৌধুরী ও সতীনাথ ভাদুড়িকে নিয়ে সৈয়দ কওসর জামাল ও রামচন্দ্র প্রামাণিকের দীর্ঘ নিবন্ধের পাশাপাশি, অলোকরঞ্জনের হাইনে-অনুবাদ নিয়ে শুভরঞ্জন দাশগুপ্তের পর্যালোচনা, অনুবাদে আন্তোনিয়ো মাচাদোর কবিতা, ডিলান টমাস ও লুটস্‌ ৎজাইলারের ছোটগল্প, গ্রন্থ-আলোচনা ও সর্বোপরি চিঠিপত্রে লেখক-পাঠকের সংলাপ।

প্রাতিস্বিক, বইমেলা ২০২৬

সম্পা: অলোক বন্দ্যোপাধ্যায়

২৫০.০০

‘গল্প নিয়ে কত কী যে’, প্রচ্ছদে ছাপা এই শব্দগুচ্ছই সংখ্যাটির মূল সুর। সবটাই বাংলা ছোটগল্প ঘিরে— আর কী-ই বা বলা ও পড়া বাকি আছে, এই ধারণা বদলে দেবে কমলকুমার মজুমদারের অগ্রন্থিত গল্প ‘অজানা’, মতি নন্দী রমানাথ রায়ের পুনর্মুদ্রিত ছোটগল্প, দীপেন বন্দ্যোপাধ্যায়ের ‘শোক মিছিল’। ‘অভিনেতার লেখা গল্প’ অংশে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের গল্প পড়তে পারবেন পাঠক, ‘কবির প্রিয় গল্প’ অংশে পাবেন শঙ্খ ঘোষ ভাস্কর চক্রবর্তী সুব্রত চক্রবর্তীর পছন্দের গল্প ও গল্পকারের খোঁজ। অনুবাদ গল্প, গল্প নিয়ে প্রবন্ধ, ‘কেমন গল্প পড়তে চাই’ বিষয়ে এখনকার গল্পকারদের ভাবনা— অনেক কিছু!

প্রতিবিম্ব, জানুয়ারি ২০২৬

সম্পা: প্রশান্ত মাজী

২৫০.০০

সঙ্গীতেও নারীর বয়ান আর পুরুষের বয়ান যে আলাদা, সে বিষয়ে সংশয় থাকতে পারে না। কিন্তু, যখন পুরুষের কলমে রচিত হয় নারীর বয়ান, অথবা উল্টোটা (যদিও তেমন উদাহরণ তুলনায় কম), তখন কি তাতে ভিন্নতর কোনও মাত্রা যোগ হয়? লীনা চাকীর লেখাটি প্রণিধানযোগ্য। এই সংখ্যার লেখাগুলিকে ভাবগত ভাবে দু’ভাগে ভাগ করে নেওয়া যায়— এক, সঙ্গীতের বয়ানে নারী-কল্পনা; এবং দুই, প্রখ্যাত কিছু মহিলা শিল্পীর কথা। ইন্দিরা দেবী চৌধুরানী, সাবিত্রী কৃষ্ণন, অন্নপূর্ণা দেবী, কিশোরী আমনকর থেকে বাঙালির প্রাণের কণিকা-সুচিত্রা, অনেক শিল্পীর কথা রয়েছে। ‘বাইজি’ থেকে ‘শিল্পী’-র ঔপনিবেশিক নির্মাণ নিয়ে ঋতপ্রভ বন্দ্যোপাধ্যায় ও মালিনী সিদ্ধান্তের প্রবন্ধ গুরুত্বপূর্ণ।

সঙ্গীত মনন, ‘সংগীতে নারী নারীর সংগীত’

সম্পা: ইমতিয়াজ আহমেদ

৪৫০.০০

রক্ষণশীল সমালোচকের চোখে তিনি ‘চরিত্রহীন’, অস্বস্তি-জাগানিয়া লেখক, প্রগতিশীলদের চোখে রক্ষণশীল। বাংলায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য-সমালোচনায় এই মেরুকরণে হারিয়ে যেতে বসে এই সত্য: তিনি আসলে খাঁটি সমাজবাস্তবতার সাহিত্যিক। সমাজ পাল্টেছে, শরৎচন্দ্রের জীবনদর্শন ও সাহিত্যভাবনার জোর এখন কতটা, সেই ভাবনা থেকেই এই সংখ্যা। অত্যন্ত জরুরি কয়েকটি বিষয়ের অবতারণা করেছেন সৌরীন ভট্টাচার্য রুশতী সেন গোপা দত্তভৌমিক অভ্র ঘোষ ঝড়েশ্বর চট্টোপাধ্যায় অনিতা অগ্নিহোত্রী প্রমুখ: সাহিত্য সমাজ রাজনীতি নারী মানবিক সম্পর্কের চুম্বকে। সজনীকান্ত দাস সুবোধ ঘোষ রবীন্দ্রকুমার দাশগুপ্ত থেকে নবনীতা দেব সেনের লেখাগুলি সত্যিই ‘জরুরি পাঠ’।

কোরক, বিচার ও বিচারক

সম্পা: তাপস ভৌমিক

৩০০.০০

‘বিচার’ শব্দটির সঙ্গে জড়িয়ে সমসাময়িক রাজ্য-রাজনীতির নানা ঘটনা-দুর্ঘটনা, জীবন, নৈতিকতা। এ সব মনে রেখে তিন পর্বে প্রায় ৪৪১ পাতার প্রবন্ধসংগ্রহ। সাহিত্য-সংস্কৃতিতে আদালত, রামমোহন-বিদ্যাসাগরের জীবনে মামলার ইতিবৃত্ত, বিবেকানন্দের জীবনে আইন-আদালত আলোচনার পাশাপাশি উৎপল দত্তের নাটক, হাংরি জেনারেশনের বিরুদ্ধে মামলার ইতিহাসের সন্ধান। দ্বিতীয়াংশে বিখ্যাত বিচারক, আইনজ্ঞদের কাহিনি: চিত্তরঞ্জন দাশ গুরুদাস বন্দ্যোপাধ্যায় আশুতোষ মুখোপাধ্যায়ের পেশাজীবনের আয়নায় ফেলে আসা সময়। শেষ পর্বে ইতিহাসখ্যাত বিচার ও মামলা নিয়ে প্রবন্ধ: মহারাজা নন্দকুমারের ফাঁসি থেকে পাকুড় হত্যা মামলা, শাহ বানো মামলার মতো অধ্যায় ফিরে দেখা।

সংবর্তক, শরৎচন্দ্র বিশেষ সংখ্যা

সম্পা: সৌরভ রঞ্জন ঘোষ

৪০০.০০

বাংলায় বিজ্ঞান নিয়ে লেখালিখিই তুলনায় কম, ছোট পত্রিকায় তো আরও কম। এই সংখ্যাটি তাই গুরুত্ব দাবি করে: বাঙালি ও বিজ্ঞানচর্চাকে সে গেঁথেছে সুভাবিত ক’টি লেখায়। বিজ্ঞান আছে, ইতিহাস, সাহিত্যও। রবীন্দ্রভাবনায় কৃষি, উনিশ শতকের বঙ্গে পরিবেশ ও বিজ্ঞান-ভাবনা, মধ্যযুগে অসুখ-কুসংস্কার, বিস্মৃতপ্রায় ও স্বল্পালোচিত বিজ্ঞানী, বিশেষত চার নারী বিজ্ঞানীর কৃতি: নিবন্ধগুলি ভাবায়। বিশেষ প্রাপ্তি ‘পক্ষিতত্ত্ব ও পক্ষিবিজ্ঞান’ ক্রোড়পত্র: বঙ্গদেশে পাখি-চর্চা ও পাখি সংরক্ষণ, বাঙালি পক্ষিতত্ত্ববিদ, বাংলার পাখিরালয় নিয়ে তথ্যঋদ্ধ লেখা, বনফুল-জীবনানন্দের কলমে পাখি-কথা।

দশদিশি, বঙ্গ-আঙিনায় বাঙালিয়ানায় বিজ্ঞান-স্পর্শ

সম্পা: অতনুশাসন মুখোপাধ্যায়

২৯৫.০০

ভারতীয় উপমহাদেশের নৈতিক চেতনা, সামাজিক মূল্যবোধ ও রাষ্ট্রদর্শনকে প্রভাবিত করে এসেছে রাম, রামায়ণ, রামকথা। এই সংখ্যায় খুঁজে দেখা হয়েছে রামের বহুমাত্রিক সত্তা: মানব, দেব, রাজা, পুত্র, স্বামী, ন্যায়রক্ষক/ভক্ষক(?)ও। লেখক-তালিকায় অমিয় দেব পবিত্র সরকার সাধন চট্টোপাধ্যায় তপোধীর ভট্টাচার্য নৃসিংহপ্রসাদ ভাদুড়ি লোকনাথ চক্রবর্তী আশিস খাস্তগীর কমল সাহা জয়া মিত্র যশোধরা রায়চৌধুরী এবং এই প্রজন্মের আরও অনেকে: দশটি পর্বে বিন্যস্ত প্রায় ষাটেরও বেশি নিবন্ধাদি। স্থানিক রামায়ণ-চর্চা থেকে আটপৌরে জীবনে, সাহিত্যে থিয়েটারে লোকসংস্কৃতিতে রামচন্দ্র ও রামায়ণের বিশ্লেষণ যেমন আছে, তেমনই উঠে এসেছে সমসাময়িক আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষিতে তুলনামূলক আলোচনা। প্রচ্ছদটিও সুন্দর।

গহন, অথ রাম কথা

সম্পা: মোস্তাক আহমেদ

৮০০.০০

প্রায় আড়াই বছর অতিক্রান্ত, আক্রমণ এখনও শেষ হয়নি, ধ্বংসলীলাও নয়। সম্পূর্ণ ভেঙেচুরে শেষ হয়ে গিয়েছে গাজ়া। তবুও কবিতা লেখা হয়। তবুও প্যালেস্টাইনের কবিরা তাঁদের তীব্র যন্ত্রণা, তীক্ষ্ণ অভিযোগকে কবিতায় ধ্বনিত করে চলেন, কবিতায় লাগে রক্তের দাগ, বর্বর হত্যার ছাপ। প্যালেস্টাইন নিয়ে এই সংখ্যায় প্রবন্ধ আছে, বেশ কয়েকটি গল্পও, কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি ফিলিস্তিনি কবিদের সাম্প্রতিক সৃষ্টির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। মাহমুদ দারবিশ, নাজ়ওয়ান দারবিশ, খালেদ জুমা, মোসাব আবু তোহা, এই কবিদের সঙ্গে অমরেন্দ্র চক্রবর্তীর দু’টি কবিতাও সুপাঠ্য। বিপন্ন উদ্বাস্তু শৈশব নিয়ে ক্রোড়পত্রটিও। এর সঙ্গে শঙ্খ ঘোষের উদ্বাস্তু-বিষয়ক কবিতার পুনঃপ্রকাশ— প্রশংসনীয়।

কারুকথা এই সময়, বইমেলা ২০২৬

সম্পা: সুদর্শন সেনশর্মা

৩৬০.০০

নির্বাচনে জয়ী হওয়াই উপলক্ষ, কিন্তু লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প প্রাপকদের মনে রাষ্ট্রের থেকে এই নগদ হস্তান্তর পাওয়া বিষয়ে যে অধিকারবোধ তৈরি করে, জনবাদী উন্নয়নের পরিসরে তার গুরুত্ব অনেক, সাক্ষাৎকারে মনে করিয়ে দিয়েছেন রণবীর সমাদ্দার। শিবাজীপ্রতিম বসুর লেখাতেও এসেছে জনবাদী শাসনের সঙ্গে উন্নয়নের সম্পর্কের কথা। নন্দিতা ধাওয়ানের আলোচনায় হিন্দি, হিন্দু হিন্দুস্থানের রাজনীতির বিপদকে দেখা হয়েছে বিশেষ ভাবে নারীবাদী চিন্তার কাঠামোয়। বাঙালির বিজ্ঞানচর্চা বিষয়ক ক্রোড়পত্রটিও ভাবনার খোরাক জোগায়।

শিক্ষাদর্পণ, ‘উন্নয়ন, আঞ্চলিকতা ও নির্বাচন’

প্রধান সম্পা: ব্রাত্য বসু

৪০০.০০

এই পত্রিকার যে কোনও সংখ্যাতেই থাকে নতুন লেখার পাশাপাশি বেশ কিছু অতি গুরুত্বপূর্ণ পুরনো লেখার পুনর্মুদ্রণ। এই সহাবস্থান কোনও বিষয়কে পাঠকের কাছে তুলে ধরতে পারে সময়ের দু’টি মাত্রায়, ভিন্ন দৃষ্টিকোণ থেকে। নজরুল বিষয়ক সংখ্যাটিতেও রয়েছে ভূপেন্দ্রনাথ দত্ত, কাজী আবদুল ওদুদ, বুদ্ধদেব বসুর মতো নজরুলের সমকালীন মানুষের তাঁর বিষয়ে আলোচনা, আবার তার পাশাপাশিই রয়েছে ‘একালের দৃষ্টি’ শীর্ষক বিভাগে আজকের যুগের বিচারে নজরুল-পাঠ। তাঁর রচনাসম্ভার থেকে যে প্রবন্ধগুলি মুদ্রিত হয়েছে এই সংখ্যায়, সেগুলি বাছাইয়ের পিছনে সম্পাদকীয় যুক্তিটিও স্পষ্ট ফুটে ওঠে।

পূর্ব, কাজী নজরুল ইসলাম ১২৫

সম্পা: রণজিৎ অধিকারী

৮০০.০০

রামায়ণের নামে ভারতের শাসকেরা ‘বাল্মীকীয় সৃজনের এক বিকৃতিবিশেষ’কে উপস্থিত করছে সামনে, ‘কল্পকাব্য’ও সেখানে হয়ে উঠছে ‘ইতিহাস’। তাই দরকার এক ‘প্রতিভাষ্য’, ভিন্নতর রামায়ণী অভিজ্ঞতার দর্শন। সেই সূত্র ধরেই, জরুরি বেশ কয়েকটি লেখা এই সংখ্যায়। রামায়ণ ও ফ্যাসিবাদ নিয়ে সম্পাদকের লেখাটি এই সময়ের সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতিকে হাট করে দেয়; কুমার রাণা বিশ্বজিৎ রায় বাসু আচার্য কণাদ সিংহ প্রমুখ লিখেছেন ভারতে রামকথার পরম্পরা, রামায়ণের ‘আদিবাসী’ যোগ ও বৈচিত্র, স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথের রামায়ণ-বিচার ইত্যাদি প্রসঙ্গে।

পরিচয়, প্রতিভাষ্য

সম্পা: অভ্র ঘোষ

২৫০.০০

ইংরেজি শিক্ষায় শিক্ষিতা, অন্তরে ভারতীয়ত্ব, গদ্যকলমে ফরাসির ঋজুতা। ভারত তথা বিশ্ব তরু দত্তকে বেশি দিন পেল না এ এক দুর্ভাগ্য, মাত্র একুশ বছরের জীবনকালেই যে লেখালিখি করে ও রেখে গেছেন এই লেখিকা, তার ভাব-ভাষার লাবণ্য বিস্মিত করে। ক্রোড়পত্রে তরুর দু’টি উপন্যাস, কিছু কবিতা ও চিঠির বঙ্গানুবাদ, তরু দত্তের জীবনপঞ্জি পাঠককে কাছে টানবে। সুলিখিত বেশ ক’টি প্রবন্ধের উপজীব্য তরুর জীবনবোধ, ঔপন্যাসিক ও কবিসত্তা। নিয়মিত বিভাগে ছোটগল্প কবিতা স্মৃতিকথা অনুবাদ ও প্রবন্ধ— বহুবর্ণ এক ক্যালেইডোস্কোপ যেন।

এবং মুশায়েরা, ক্রোড়পত্র: তরু দত্ত

সম্পা: সুবল সামন্ত

৬০০.০০

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

book review bengali books Bengali Author

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy