Advertisement
E-Paper

পুষ্টিবিদ্যায় উচ্চ শিক্ষা! দ্বাদশের পর কোথায় পড়াশোনা? কোন ডিগ্রি দেবে কেমন কাজের সুযোগ?

দ্বাদশের পর কোন বিষয় বেছে নেবেন, তা আগে থেকেই স্থির করে ফেলেন বেশির ভাগ পড়ুয়া। মাধ্যমিকের পরই বেছে নেওয়া বিভাগ, তার পর এগিয়ে যাওয়া নির্দিষ্ট লক্ষ্যে। কী পড়বেন, কী ভাবে পড়বেন, রইল তার প্রাথমিক রূপরেখা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ০৮:৫৯
পুষ্টিবিদ্যা পড়ার খুঁটিনাটি।

পুষ্টিবিদ্যা পড়ার খুঁটিনাটি। — প্রতীকী চিত্র।

অসুস্থ হয়ে চিকিৎসকের কাছে যাওয়ার থেকে অনেকেই বেশি স্বচ্ছন্দ্য শরীর সুস্থ রাখতে পুষ্টিবিদের পরামর্শ মেনে চলতে। গত কয়েক বছরে এই বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বেড়ে অনেকখানি। কোন খাবারে কী উপকার, শরীরের ভর অনুযায়ী কাকে খেতে হবে কোন খাবার, পরিমাপ হবে কেমন— সে সবের পরামর্শই পাওয়া যায় একজন পুষ্টিবিদের থেকে।

শিক্ষাগত যোগ্যতা

উচ্চ স্তরে পুষ্টিবিদ্যা নিয়ে পড়াশোনা করতে হলে শিক্ষার্থীদের কোনও স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান শাখায় দ্বাদশ উত্তীর্ণ হতে হবে। সে ক্ষেত্রে জীববিদ্যা ও রসায়ন থাকা গুরুত্বপূর্ণ। অনেক কলেজই ভর্তির ক্ষেত্রে দেখে নেয় দ্বাদশে রসায়ন ছিল কি না। তবে ব্যতিক্রমও রয়েছে। বেশ কিছু কলেজে পুষ্টিবিদ্যা স্নাতকের জন্য দ্বাদশে বায়োসায়েন্স, বায়োলজি, পদার্থবিদ্যা এবং পুষ্টিবিদ্যাকে মান্য ধরা হয়।

কী ডিগ্রি রয়েছে?

নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স, ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন এবং হোম সায়েন্স (এ ক্ষেত্রে নিউট্রিশনে স্পেশালাইজ়েশন থাকা জরুরি) নিয়ে বিএসসি ডিগ্রি অর্জন করা যায়। এর পর সংশ্লিষ্ট বিষয়ে এমএসসি-র পর পিএইচডিও অর্জন করতে পারেন পড়ুয়ারা। এ ছাড়া, পুষ্টিবিদ্যায় এক বছরের পিজি ডিপ্লোমা কোর্সও করতে পারেন পড়ুয়ারা। স্নাতকোত্তর বা পিএইচডি-র ক্ষেত্রে পড়ুয়ারা পুষ্টিবিদ্যায় নিউট্রিশন ও ডায়েটেটিক্স, ক্লিনিক্যাল নিউট্রিশন, ফুড সায়েন্স এন্ড নিউট্রিশন, পাবলিক হেলথ নিউট্রিশন, স্পোর্টস নিউট্রিশন, পেডিয়াট্রিক্স নিউট্রিশন-এই সমস্ত বিষয়গুলিতে স্পেশ্যালাইজ়েশন করা যায়। যা পরবর্তীকালে এই ক্ষেত্রগুলিতে বিশেষজ্ঞ হয়ে উঠতে সাহায্য করবে।

পুষ্টিবিদের বিভাগ

১। পাবলিক হেলথ নিউট্রিশনিস্টরা সামগ্রিক ভাবে জনসাধারণের খাদ্যাভ্যাসের দিকে নজর দিয়ে কী করে তাদের জনস্বাস্থ্যের উন্নতি ঘটানো যায়, সে বিষয়ে কাজ করেন।

২। পেডিয়াট্রিক নিউট্রিশনিস্টরা শিশুদের রোগমুক্তি ও তাদের স্বাস্থ্য ফিরিয়ে আনার জন্য সুষম খাদ্যাভাসের দিকটিতে নজর দেন।

৩। স্পোর্টস নিউট্রিশনিস্টরা খেলোয়াড়দের শরীর সুস্থ রাখার উদ্দেশ্যে কাজ করেন।

৪। ক্লিনিক্যাল নিউট্রিশনিস্টরা সাধারণত চিকিৎসার সঙ্গে সম্পর্কিত ক্ষেত্রগুলিতে কাজ করে রোগীদের পুষ্টির বিষয়টির উপর নজর রাখেন, যাতে তাঁদের দ্রুত রোগমুক্তি ঘটে।

রাজ্যের কোন কোন প্রতিষ্ঠানে পড়ানো হয়?

কলকাতা বিশ্ববিদ্যালয়, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেল্‌থ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়-সহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানেই পড়ানো হয় এই বিষয় নিয়ে।

চাকরির সুযোগ

পুষ্টিবিদ্যা নিয়ে প়ড়াশোনা করার পর সরকারি ও বেসরকারি হাসপাতাল, বহুজাতিক সংস্থা, স্কুল, নিজস্ব ক্লিনিক, ফিটনেস সেন্টার, ডায়াবেটিক ক্লিনিক ইত্যাদি জায়গায় চাকরির সুযোগ মেলে। এ ছাড়াও স্বাধীন ভাবেও পুষ্টিবিদ হিসাবে কাজ শুরু করা যায়।

Nutrition Admission 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy