Advertisement
E-Paper

ফলপ্রকাশের পর মানসিক চাপ কমাতে সিবিএসই-র হেল্পলাইন! কী ভাবে মিলবে পরিষেবা?

সিবিএসই দ্বাদশের পাশের হার কমার পর থেকেই বেড়েছে উদ্বেগ। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের জন্যও বিশেষ পরিষেবা চালু করেছে বোর্ড।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৩:০৯

ছবি: সংগৃহীত।

বোর্ডের পরীক্ষার ফলপ্রকাশের পর তার রেশ চলতে থাকে দীর্ঘ দিন। বিশেষ করে তাঁদের ক্ষেত্রে, যাঁরা সেই পরীক্ষায় খারাপ ফল করেছেন। পরীক্ষার্থীরা তো বটেই তাঁদের অভিভাবকেদের মনেও দেখা দিতে থাকে নানা রকম প্রশ্ন। এত দিন সেই প্রশ্ন বা মানসিক সমস্যায় সরাসরি কোনও ভূমিকা থাকত না বোর্ডের। এ বার তা থাকতে চলেছে। দ্বাদশের পরীক্ষার ফল প্রকাশের পরে পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য বিশেষ কাউন্সেলিং পরিষেবা চালু রাখছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। ওই পরিষেবা চলবে আগামী ১ জুন পর্যন্ত।

সিবিএসই-র এ বারের দ্বাদশের পরীক্ষার ফল খারাপ হয়েছে কিছুটা। পাশের হার খানিকটা কমে দাঁড়িয়েছে ৮৫.২০ শতাংশে। তার পর থেকেই সিবিএসই দ্বাদশের পরীক্ষার্থী এবং অভিভাবকেরা নম্বর এবং খাতা দেখা নিয়ে প্রশ্ন তুলেছেন। দাবি তুলেছেন নম্বর দেওয়ার স্বচ্ছতা নিয়েও। পরিস্থিতি সামলাতে ইতিমধ্যেই পরীক্ষার্থীদের ১০০ টাকার বিনিময়ে পরীক্ষার খাতার প্রতিলিপি দেখানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্কুল শিক্ষা বিভাগের সচিব। এ বার তারা ঘোষণা করল মনোসামাজিক কাউন্সেলিং এবং টেলি সাপোর্ট পরিষেবা দেওয়া হবে।

বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থী এবং অভিভাবকেরা ওই কাউন্সেলিং পরিষেবার মাধ্যমে ফলাফল সংক্রান্ত সাহায্য, ভবিষ্যৎ পদক্ষেপ, পরবর্তী উদ্বেগের সমাধান পেতে পারেন। সিবিএসই জানিয়েছে, দ্বাদশের ফলপ্রকাশের পরে ফলাফল সংক্রান্ত উদ্বেগ এবং পরবর্তী পদক্ষেপ বিষয়ক জিজ্ঞাসাবাদ এতটাই বেড়েছে, যে সমাধানের চেষ্টাতেই ওই পরিষেবা চালু রাখছে তারা। যা প্রথম শুরু হয়েছিল চলতি বছরের জানুয়ারি মাস থেকে বোর্ডের পরীক্ষা শুরু হওয়ার আগে। এই পরিষেবার মাধ্যমে মূলত দ্বাদশ এবং দশমের বোর্ডের পরীক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত চাপ কাটানোর চেষ্টা করেছিল তারা। এ বার ওই পরিষেবা সিবিএসই দ্বাদশের ফল পরবর্তী সমস্যা দূর করতেও ব্যবহার করা হবে।

কী ভাবে মিলবে পরিষেবা?

১. সপ্তাহে সাত দিন এবং দিনে ২৪ ঘণ্টা চালু থাকবে টোল ফ্রি হেল্পলাইন ১৮০০-১১-৮০০৪।

২. হিন্দি এবং ইংরেজি ভাষায় সাহায্য মিলবে।

৩. মানসিক চাপ কাটানোর ব্যবস্থা, পরবর্তী বছরের জন্য কী ভাবে নিজেকে প্রস্তুত করবেন পরীক্ষার্থীরা সেই সংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার মতো সাহায্য করবে।

৪. পরীক্ষার্থীদের ফলপ্রকাশের পর উদ্বেগ এবং ভয় কাটাতেও সাহায্য করা হবে।

৫. টেলি কাউন্সেলিং পরিষেবা অবশ্য চালু থাকবে শুধু কর্মদিবসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।

৬. পরীক্ষার্থী এবং অভিভাবকেরা সেখানে সরাসরি কথা বলতে পারবেন প্রশিক্ষিত পেশাদার কাউন্সিলরদের সঙ্গে।

৭. মোট ৭৩ জন পেশাদার কাউন্সিলর কাজ করবেন ওই পরিষেবা দেওয়ার জন্য। এর মধ্যে প্রিন্সিপাল, স্কুল কাউন্সিলর এবং মনোবিদেরাও থাকবেন। থাকবেন সিবিএসই অনুমোদিত স্কুলের বিশেষ প্রশিক্ষকেরা।

৮. ৭৩ জন কাউন্সিলরদের ৬১ জন ভারতীয় বাকি ১২ জন নেপাল, জাপান, কাতার, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহী থেকে সাহায্য করবেন।

CBSE 2026 CBSE Board CBSE Exam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy