অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রীদের জন্য বাম আমল থেকেই বিশেষ বৃত্তির ব্যবস্থা করা হয়েছিল ‘স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ’-এর অধীনে। তৃণমূল সরকারও এই বৃত্তি চালু রেখেছিল। ২০২৬-এ নবনির্বাচিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ‘স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ’ নিয়ে আশাব্যাঞ্জক ঘোষণা করেছেন।
মেধাবী এবং অর্থনীতিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়ারা যাতে পড়াশোনা থেকে দূরে সরে না যান, সে উদ্দেশ্যেই রাজ্যে এই স্কলারশিপের ব্যবস্থা করা হয়। অন্য অনেক প্রকল্পের মতো এই প্রকল্পের টাকাও পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে, জানা গিয়েছে এমনই।
কারা আবেদন করতে পারবেন?
যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা আবেদন করতে পারবেন। পাশাপাশি গবেষণা করছেন বা করবেন এমন শিক্ষার্থীরা এই বৃত্তি পেতে পারেন।
যোগ্যতা
যে স্তরের পড়ার জন্য আবেদন করবেন তার আগের স্তরে ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। তবে, পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হওয়া বাধ্যতামূলক।
কোন স্তরে কতটা বৃত্তির পরিমাণ
কোন বিভাগে পড়ছেন তার উপর নির্ভর করেই আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। প্রতি মাসে ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে।
উচ্চ মাধ্যমিক বা ডিএলএড পড়ুয়ারাও মাসে ১ হাজার টাকা করে পাবেন। পলিটেকনিক পড়ুয়ারা প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন।
বিজ্ঞান বিভাগের স্নাতক ও পেশাদারি কোর্সের পড়ুয়ারা মাসে ১৫০০ টাকা বা বার্ষিক ১৮ হাজার টাকা পাবেন। কলা ও বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীরা মাসে ১০০০ টাকা বা বার্ষিক ১২ হাজার টাকা সহায়তা পাবেন।
স্নাতকোত্তরে কলা এবং বাণিজ্য বিভাগের পড়ুয়ারা প্রতি মাসে ২০০০ টাকা করে পাবেন। বিজ্ঞানে স্নাতকোত্তর পাঠরতেরা পাবেন মাসিক ২৫০০ টাকা।
এ ছাড়াও আইআইটি-র ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, নার্সিং, ফার্মেসি, বিএড এবং পিএইচডি পড়ুয়ারাও এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন। মেডিক্যাল পড়ুয়াদের মাসিক ৫০০০ টাকা করেও পাওয়ার সুযোগ রয়েছে।
আরও পড়ুন:
প্রয়োজনীয় নথি
মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট, কোন প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন তার রসিদ, পারিবারিক আয়ের প্রমাণপত্র, বসবাসের প্রমাণপত্র, আধার কার্ড অথবা ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবুকের সর্বশেষ নথি, আবেদনকারীর পাসপোর্ট মাপের ছবি, নিজস্ব স্বাক্ষর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য, সক্রিয় মোবাইল নম্বর ও ই-মেল আইডিও জমা দিতে হয়।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে https://svmcm.wb.gov.in/ এই ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই রেজিস্টার করার সুযোগ থাকবে। প্রথমে রেজিস্টার করে লগ-ইন করতে হবে। তার পর প্রয়োজনীয় তথ্য পূরণ করে নথি জমা দিতে হবে। আবেদনের জন্য কোনও টাকা জমা দিতে হয় না। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি ওয়েবসাইট থেকেই জানতে পারবেন আগ্রহী পড়ুয়ারা।