নিত্যনতুন বিষয় নিয়ে প্রথাগত মাধ্যমে পড়াশোনার সুযোগ সকলে পান না। অনলাইনে বিশেষ পোর্টালের মাধ্যমে এমন বেশ কিছু বিষয় নিয়ে উচ্চশিক্ষা অর্জন করতে পারেন পড়ুয়ারা। এ ক্ষেত্রে স্নাতক, স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন পড়ুয়াদের পাশাপাশি, চাকরিজীবীরাও বিভিন্ন বিষয় নিয়ে জ্ঞান অর্জন করতে পারবেন।
কী কী বিষয় নিয়ে পড়া যায়?
দেশের বিভিন্ন আইআইটি প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে বেশ কিছু বিষয় নিয়ে অনলাইনে ডিগ্রি লাভ করার সুযোগ রয়েছে। সেখানে বাংলা, ইংরেজি, গণিত, রসায়ন-এর মতো গতানুগতিক বিষয়ের পাশাপাশি, কৃত্রিম মেধা, সাইবার সুরক্ষা, ডেটা সায়েন্স, ম্যানেজমেন্ট, পাবলিক পলিসি, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজ়নেস অ্যানালিটিক্স-এর মতো বিষয় নিয়ে অনলাইনে ডিগ্রি কোর্স করানো হয়ে থাকে।
কারা ভর্তি হতে পারেন?
বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং শাখার বিষয়গুলিতে স্নাতক স্তরে ভর্তি হতে আগ্রহীদের জয়েন্ট এন্ট্রান্স মেন এবং অ্যাডভান্সড পাশ করা আবশ্যক। স্নাতকোত্তর স্তরে গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট), ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (জ্যাম), কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট (সিম্যাট), ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট-এর (ম্যাট) মতো পরীক্ষায় উত্তীর্ণেরা ভর্তি হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকেন।
আরও পড়ুন:
তবে, যাঁরা উল্লিখিত পরীক্ষায় পাশ করেননি, তাঁদের আলাদা করে বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশিকায় বসতে হয়। এই নিয়ম কলা শাখার বিষয়গুলির ক্ষেত্রেও প্রযোজ্য।
বিজ়নেস অ্যানালিটিক্স, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন-এর মতো বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তির ক্ষেত্রে কোনও সংস্থায় এগ্জ়িকিউটিভ, সুপারভাইজ়ার পদে অন্তত এক বছরের চাকরির পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তবেই, তাঁরা অনলাইনে ডিগ্রি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
কোথায় কোন বিষয় পড়ানো হয়?
- ব্যাচেলর অফ সায়েন্স (বিএস) ডিগ্রি কোর্সের অধীনে কৃত্রিম মেধা পড়ানো হয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-র (আইআইটি) দিল্লি, মাদ্রাজ, খড়্গপুর, পটনা, গুয়াহাটি-তে।
- সাইবার সুরক্ষা নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে অনলাইনে ডিগ্রি কোর্স করার সুযোগ দেয় আইআইটি, দিল্লি এবং আইআইটি, কানপুর।
- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড এবং আইআইটি, ধানবাদ থেকে অনলাইনে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) করার সুযোগ পাওয়া যায়।
- বিজ়নেস অ্যানালিটিক্স এবং পাবলিক পলিসি নিয়ে আইআইটি, কানপুর থেকে অনলাইনে স্নাতকোত্তর স্তরের ডিগ্রি কোর্স করানো হয়ে থাকে।
- আইআইটি, পটনা থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স, মিজ়োরাম বিশ্ববিদ্যালয় থেকে বিগ ডেটা অ্যানালিটিক্স নিয়ে অনলাইনে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।
এ ছাড়াও গুজরাত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি, গণিত এবং মিজ়োরাম বিশ্ববিদ্যালয় থেকে এডুকেশন, লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, ফিন্যানশিয়াল ম্যানেজমেন্ট এবং অন্ত্রেপ্রেনিয়রশিপ নিয়ে স্নাতকোত্তর স্তরে অনলাইনে ডিগ্রি অর্জনের সুযোগ দেওয়া হয়।