Advertisement
E-Paper

৭ ফেব্রুয়ারি থেকে শুরু গেট, পরীক্ষার দিন কোন বিধি মানতেই হবে? জানিয়ে দিল আইআইটি গুয়াহাটি

নানা বিষয়ের পরীক্ষা হবে ৭, ৮, ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি। প্রতিদিন দু’টি ভাগে পরীক্ষা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৭
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

পরীক্ষার আর তিন দিন বাকি। তার আগেই গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট)-এর পরীক্ষার্থীদের জন্য প্রকাশ করা হল নিয়মবিধি। বিজ্ঞপ্তি জারি করল চলতি বছরের পরীক্ষার আয়োজক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গুয়াহাটি।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু চলতি বছরের গেট। নানা বিষয়ের পরীক্ষা হবে ৭, ৮, ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি। প্রতিদিন দু’টি ভাগে পরীক্ষা হবে। প্রথম ভাগের পরীক্ষার সময় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা। দ্বিতীয়ার্ধের পরীক্ষা চলবে দুপুর আড়াইটে থেকে বিকেল ৫টা পর্যন্ত। দেশ জুড়ে সিবিটি মাধ্যমে পরীক্ষার আয়োজন করা হবে।

কোন কোন বিধি মানতে হবে?

১। পরীক্ষার ৬০ থেকে ৯০ মিনিট আগে পরীক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্রে প্রবেশ করতে হবে। গেট বন্ধ হওয়ার পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

২। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, স্মার্টওয়াচ, খাতা, বই, ব্যাগ, স্টাডি মেটিরিয়াল, ক্যাটকুলেটর বা অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে প্রবেশ করা যাবে না। সিবিটি মাধ্যমে পরীক্ষা হওয়ায় কম্পিউটারে ‘ভার্চুয়াল ক্যালকুলেটর’ ব্যবহারের সুযোগ মিলবে।

৩। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডের হার্ড কপি নিয়ে যেতে হবে পরীক্ষার দিন। অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট নিতে হবে এ৪ সাইজের কাগজে। অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীর সমস্ত তথ্য এবং ছবি যেন স্পষ্ট ভাবে দেখা যায়, তা দেখে নিতে হবে।

৪। আধার কার্ডের মতো যে সচিত্র প্রমাণপত্র দিয়ে পরীক্ষার্থীরা নাম নথিভুক্ত করেছিলেন, সেই প্রমাণপত্র-ই তাঁদের সে দিন কেন্দ্রে নিয়ে যেতে হবে। কোনও প্রতিলিপি নয়, থাকতে হবে আসল প্রমাণপত্রটিই।

৫। মূল খাতার সঙ্গে ‘রাফ খাতা’ও দেওয়া হবে পরীক্ষার সময়। সেই খাতাতেও পরীক্ষার্থীদের নাম এবং রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।

৬। পরীক্ষার্থীদের সাধারণ, আরামদায়ক পোশাক পরারও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, তাঁদের কেন্দ্রে পরিদর্শকের সমস্ত নির্দেশ মেনে চলার কথাও উল্লেখ করা হয়েছে প্রকাশিত বিধিতে।

উল্লেখ্য, ইঞ্জিনিয়ারিং-সহ নানা বিষয়ের স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য জাতীয় স্তরে গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং বা গেট-এর আয়োজন করা হয়। পরীক্ষার আয়োজনের দায়িত্বে থাকে দেশের বিভিন্ন আইআইটি।

IIT Guwahati Graduate Aptitude Test in Engineering 2026 GATE Exam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy