Advertisement
E-Paper

৩ মে চিকিৎসাবিদ্যায় স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা, পরীক্ষা চলাকালীন ছুটি মিলবে না মেডিক্যাল পড়ুয়াদের

মেডিক্যাল পড়ুয়াদের ২ ও ৩ মে ছুটি না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বিশেষ প্রয়োজনে ছুটি মঞ্জুর করা হবে। এনএমসি জানিয়েছে, নিট ইউজি যাতে সুষ্ঠু ভাবে পরিচালনা করা যায়, তাই এই সিদ্ধান্ত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৫:২৭
নিট ইউজি চলাকালীন ছুটি নেই মেডিক্যাল পড়ুয়াদের।

নিট ইউজি চলাকালীন ছুটি নেই মেডিক্যাল পড়ুয়াদের। — প্রতীকী চিত্র।

ভোটের আবহেই দেশজুড়ে আয়োজিত হতে চলেছে স্নাতক স্তরের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট ইউজি)। পরীক্ষার সপ্তাহখানেক আগে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (এনএমসি) তরফে দেশের মেডিক্যাল কলেজগুলিকে দেওয়া হল কড়া নির্দেশ।

মেডিক্যাল পড়ুয়াদের ২ ও ৩ মে ছুটি না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বিশেষ প্রয়োজনে ছুটি মঞ্জুর করা হবে। এনএমসি জানিয়েছে, নিট ইউজি যাতে সুষ্ঠু ভাবে পরিচালনা করা যায়, তাই এই সিদ্ধান্ত। ২০ এপ্রিল শিক্ষা মন্ত্রকের তরফে মেডিক্যাল প্রতিষ্ঠানগুলির উপর পরীক্ষার সময় কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। এর পরই এনএমসি শিক্ষার্থীদের ছুটি না দেওয়ার নির্দেশ দেয়। পাশাপাশি, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে শিক্ষার্থীদের সচেতন থাকার পরামর্শও দেওয়া হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ভাবে পরিচালনায় বিঘ্ন ঘটাতে পারে এমন কোনও কর্মকাণ্ডে জড়িত না থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতি বছর কিছু ক্ষেত্রে প্রশ্নফাঁস, নকল করা এবং পরীক্ষা সংক্রান্ত মেডিক্যাল পড়ুয়াদের নানা অনৈতিক কার্যকলাপের অভিযোগ ওঠে। পরীক্ষার সময় ছুটি থাকলে পড়ুয়াদের উপর নজর দেওয়া সম্ভব নয়। তাই সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনএমসি।

Advertisement

রাজ্যে বিধানসভা ভোটের ফলপ্রকাশ ৪ মে। তার আগের দিনই সারা দেশের পরীক্ষা হবে, অর্থাৎ ৩ মে। রাজ্যেরও বেশ কয়েকটি পরীক্ষাকেন্দ্রে নেওয়া হবে নিট ইউজি। সেই পরীক্ষায় বসার অ্যাডমিট কার্ড প্রকাশ হওয়ার কথা ২৪ এপ্রিল। তবে, চলতি বছরের মেডিক্যাল স্নাতকে ভর্তির প্রবেশিকার আগেই পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়। অভিযোগ উঠেছিল সমাজমাধ্যমে বিলি হচ্ছে প্রশ্নপত্র। যদিও নিয়ামক সংস্থার তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছিল, পরীক্ষার্থীরা যেন কোনও ভাবেই কোনও অসাধু চক্রের জালে না পড়েন বা বিভ্রান্ত না হন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও আশ্বাস দেওয়া হয়েছিল।

NEET UG NEET Medical Student medical college
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy