স্নাতকের পর অনেকই বিদেশে পাড়ি দিতে চান কাজের সূত্রে। সে ক্ষেত্রে বিদেশি ভাষা শিক্ষার প্রয়োজন হয়। আগেই বিদেশি ভাষার শিক্ষা থাকলে সুবিধা হয় অনেকখানি। এমনকি অনেকে দেশীয় সংস্থায় কাজে অগ্রাধিকার পাওয়া যেতে পারে।
সে ক্ষেত্রে দ্বাদশের পর অনেকেই বিদেশি ভাষা নিতে পড়তে আগ্রহী হন। রাজ্যের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে নানা দেশের ভাষা শেখানো হয়। রয়েছে আলাদা ভাবে স্নাতক স্তরের পাঠ্যক্রমও। কোন কোন প্রতিষ্ঠানে কোন কোন ভাষা শেখানো হয় তার সুলুকসন্ধান।
১) যাদবপুর বিশ্ববিদ্যালয়
এই প্রতিষ্ঠানে প্রায় ১১টি বিষয়ে সার্টিফিকেট কোর্স করানো হয়। এর মধ্যে ফরাসি ও জাপানি ভাষায় অ্যাডভান্সড ডিপ্লোমা এবং ডিপ্লোমা করা যায়। রাশিয়ান, স্প্যানিশ ও কোরিয়ান ভাষায় ডিপ্লোমা পড়া যায়।
২) কলকাতা বিশ্ববিদ্যালয়
এই প্রতিষ্ঠানে বেশ কয়েকটি বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি ডিগ্রি পড়া যায়। আরবি, চাইনিজ, ফরাসি, জার্মান, কোরিয়ান, রাশিয়ান, স্প্যানিশ, ফারসি-সহ মোট ৯টি বিদেশি ভাষা এবং পাঁচটি ভারতীয় ভাষায় এই ডিগ্রি কোর্সগুলি করা যায়। পাশাপাশি ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স করানো হয়।
৩) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
আরবি, চাইনিজ়, ফরাসি, জার্মান, ইটালিয়ান, জাপানি, রাশিয়ান, স্প্যানিশ, তিব্বতি ইত্যাদি-তে ডিগ্রি কোর্সের পাশাপাশি সার্টিফিকেট কোর্সও করানো হয়।
৪) বর্ধমান বিশ্ববিদ্যালয়
ফরাসি এবং রাশিয়ান ভাষায় ডিপ্লোমা, অ্যাডভান্সড ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স করানো হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে।
৫) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
ফরাসি, জার্মান, ইটালিয়ান, জাপানি, রাশিয়ান, স্প্যানিশ অথবা তিব্বতি ভাষা শিখতে হলে খোঁজ নেওয়া যায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচারে।
এ ছাড়াও রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে নানা ধরনের বিদেশি ভাষার পাঠ দেওয়া হয়। কমিউনিকেটিও জার্মান, ফরাসি, জাপানি, স্প্যানিশে সার্টিফিকেট কোর্স করার সুযোগ রয়েছে অনলাইনে। বিদেশি ভাষাশিক্ষার ক্ষেত্রে মহিলা-পুরুষ উভয়ই আবেদন করতে পারেন। কোর্সের শেষে সার্টিফিকেটও দেওয়া হয়।
রাজ্যের বাইরেও বেশ কয়েকটি প্রতিষ্ঠানে বিদেশি ভাষা শেখানো হয়। তার মধ্যে অন্যতম দিল্লি বিশ্ববিদ্যালয় এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন:
এ ছাড়া আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ে স্প্যানিশ থেকে বাংলায় ও বাংলা থেকে স্প্যানিশ ভাষায় অনুবাদের কোর্স, ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চে ফরাসি, জার্মান, স্প্যানিশ, কলকাতায় ম্যাক্সমুলার ভবনে জার্মান ভাষার সার্টিফিকেট কোর্স, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে আরবি, চাইনিজ, ফরাসি, জার্মান, ইটালিয়ান, জাপানিজ, রাশিয়ান, স্প্যানিশ, তিব্বতি, পর্তুগিজ, ফারসি, লাতিন ও গ্রিক ভাষার কোর্স করানো হয়। দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওপেন লার্নিংয়ে কোরিয়ান, জাপানি, চিনা, ফরাসি, ডিপ্লোমার ক্লাস করানো হয়। জার্মান, পর্তুগিজ, ইটালিয়ান ভাষায় অনলাইনে ডিপ্লোমা করা যায়। প্রতি বছর মে মাসের মধ্যে শুরু হয়ে যায় আবেদনের প্রক্রিয়া। অগস্টে ডিপ্লোমার জন্য ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয় দিল্লি বিশ্ববিদ্যালয়ে। বাকি প্রতিষ্ঠানগুলিও নিজস্ব ওয়েবসাইটে ভর্তির আবেদন প্রক্রিয়ার বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী ভর্তি হওয়া যায়।